সেন্ট্রাল ইটিপি না হলে কারখানাগুলো এর আওতায় আনা যাবে না (ভিডিও)
লতিফ রানা
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২০, ০৮:২০ পিএম
সেন্ট্রাল ইটিপি প্ল্যান্ট না হলে সব শিল্প প্রতিষ্ঠানকে ইটিপির আওতায় আনা সম্ভব হবে না বলে মনে করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নারায়ণগঞ্জ জেলার সভাপতি ও নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এডভোকেট এ.বি. সিদ্দিকী ও বিশিষ্ট ডায়িং ব্যবসায়ী সৈয়দ মো. আমজাদ হোসেন খসরু।
বুধবার (৭ অক্টোবর) যুগের চিন্তা’র আয়োজনে ও ইউসুফ আলী এটমের সঞ্চালনায় অনুষ্ঠিত সাপ্তাহিক আয়োজন হ্যালো নারায়ণগঞ্জে এ ধরণের মতামত ব্যক্ত করেন এই দুই অতিথি। এ বিষয়ে সরকার উদ্যোগী হলে তা দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হবে বলে মনে করেন তারা।
১৯৭০ সাল থেকে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয়ের কথা উল্লেখ করে আমজাদ হোসেন খসরু বলেন, ১৯৯০ সাল থেকে বাংলাদেশে সরকারের কোন উদ্যোগ ছাড়াই গার্মেন্টস সেক্টরের উন্নয়নের পদচারণা শুরু হয়।
তিনি বলেন, প্রত্যেক দেশের উন্নয়নের পেছনে শিল্প উন্নয়নের যথেষ্ট ভূমিকা আছে। তেমনি বাংলাদেশের উন্নয়নে গার্মেন্টসের ভূমিকা অস্বীকার করার উপায় নেই। ২০১৮-২০১৯ সালের বাংলাদেশের এক্সপোর্ট ছিল ৪০ বিলিয়ন ইউএস ডলার যার মধ্যে শুধু গার্মেন্টেসেই ৩৪ বিলিয়ন ডলার।
তারমানে ৮০% পার্সেন্টেরও বেশী আসে গার্মেন্টস থেকে। কিন্তু দেশের শতকরা ৫ভাগ অঞ্চলেও গার্মেন্টস নেই। অথচ দেশের উন্নয়নের জন্য গার্মেণ্টস টোটাল বাজেটের ৬০ পার্সেন্ট এনে দিচ্ছে।
গতবছর শুধু নীট গার্মেন্টস থেকে ১৬.৮৮ বিলিয়ন এবং ওভেন ১৭.২৪ বিলিয়ন। নীটের আয়ের ৯০% পার্সেন্টই বাংলাদেশের কিন্তু ওভেন এর ৫০% ই ফ্রেবিক্স ইম্পোর্টে চলে যায়। সেক্ষেত্রে নীটের অবদান ওভেনের দ্বিগুন। কিন্তু এই সেক্টরের উন্নয়নের জন্য কি পরিমান টাকা পাচ্ছে।
নারায়ণগঞ্জের জন্য সেন্ট্রালার দুইটি ইটিপি হলেই কাজ হতো। এর একটা কাঁচপুর আর একটা ভোলাইল হলে এই দুইটা চ্যানেলের ড্রেনেজ সিস্টেমে পুরো নারায়ণগঞ্জটাই নিয়ন্ত্রন করা যেতো। তিনি বলেন, একটা ডায়িং কারখানার প্রায় অর্ধেক খরচ চলে যায় ইটিপি করতে।
আমার ইটিপি প্ল্যান্ট করতে প্রায় ৪কোটি টাকা খরচ হয়েছে। কিন্তু সেন্ট্রাল ইটিপি করলে এই খরচ অনেক কম পড়তো। এতে সরকার ও দেশের উন্নয়নের জন্যও সুবিধা হতো। তবে তিনি স্বীকার করেন, কিছু কিছু কারখানা আছে তারা ইটিপি রান করে আবার অনেকে তা করেনা।
অনেক অসৎ ব্যবসায় মনে করে একদিন বন্ধ রাখলে যেমন প্রায় ১০,০০০টাকা বেঁচে যায়। তাই প্রডাকশনের খরচ কমানোর জন্য তারা রাতের আধারে হয়তো ড্রেনে সরাসরি ছেড়ে দেয়। এসময় তিনি অভিযোগ করেন, টোটাল এক্সপোর্টের ৮০% আসা সত্বেও সরকার টেনারী শিল্পের জন্য সেন্ট্রাল ইটিপি করে দিয়েছে।
অথচ এখনো তারা তাদের কাজ ঠিকমতো করতে পারছেনা। গার্মেন্টস সেকশনের জন্য যদি সরকার একটু উদ্যোগী হতো তাহলে সরকার তা করতে পারতো। তিনি আক্ষেপ করে বলেন, পরিবেশ বিভিন্ন কারনেই দূষিত হয়। মোবাইল রেডিয়েশন থেকেও পরিবেশ দূষিত হয়।
সেখানে শুধু গার্মেন্টসকেই কেন দায়ী করা হয়। তিনি বলেন, বিকেএমইএ এখন পর্যন্ত তাদের নির্দিষ্ট একটি অফিস করার জন্য তাদের জায়গায়ই যেতে পারেনি। সরকারের লাল ফিতার দৌরাত্মে তারা বাঁধায় পড়ে যায়। যেখানে তার এখনো অফিসের জন্যই একটা জায়গা করে নিতে পারেনি।
তিনি মনে করেন, সেন্ট্রাল ইটিপি খুবই প্রয়োজন। সরকার উদ্যোগী না হলে ব্যবসায়ীদের উদ্যোগী হয়েই এটা করতে হবে। তিনি বলেন, বিজেএমইএ এর জন্য সরকার সবকিছু দিতে ব্যস্ত কিন্তু বিকেএমইএ এর জন্য সরকার উদাসীন। এবিষয় সরকারের বিমুখের কারণ কি তা জানিনা।
এসময় এবি সিদ্দিকী বলেন, আমাদের নারায়ণগঞ্জের চারদিকেই নদী। শহরের যত বর্জ্য ও ময়লা পানি এ নদীতে গিয়ে পড়ে। ১৫/২০ বছর যাবত নারায়ণগঞ্জের গার্মেন্টসকে কেন্দ করে ডায়িং কারখানাগুলোর প্রসার ঘটেছে।
এই ডায়িং কারখানাগুলোর দূষিত পানি বিশুদ্ধ করার জন্য ইটিপি প্ল্যান্ট এর ব্যবস্থা গ্রহন করা হয়। এই ইটিপি’র কাজ হলো কেমিক্যালের মাধ্যমে পানিকে শোধন করে বর্জ্য আলাদা করে শোধন পানিটা নদীতে ফেলে দিবে।
আমরা যখন দেখলাম শীতলক্ষ্যা, বুড়িগঙ্গা, ধলেশ্বরী ও বালু নদী শুকনো মৌসুমে এই নদীগুলোর পানি এমন অবস্থায় পৌছে যে এসব নদীর পাশ দিয়ে চলাচল করাও মুশকিল হয়ে যায়।
২০১০ সালে পরিবেশ আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা শাখা গঠন হওয়ার পর থেকে সরকারের কাছে বিভিন্নভাবে ইটিপি প্ল্যান্ট চালু করণে বিষয়ে ম্যাসেজ পাঠিয়েছি। আমাদের পাওয়া তথ্য অনুযায়ী নারায়ণগঞ্জে ৪১১টি ইটিপি হওয়া প্রয়োজন।
এরমধ্যে পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী ৩০৬টি চালু আছে, ১৯টি প্রক্রিয়াধীন ও এখনো ৮৬টি বাকী। ইটিপি’র এতগুলো প্ল্যান্ট চালু থাকার পরও কেন নারায়ণগঞ্জের নদীগুলো এমনাবস্থা।
এর কারণ আমাদের দেশের কিছু ব্যবসায়ী অতি মুনাফা লাভের আশায় তারা ইটিপি ব্যবহার না করে রাতের অন্ধকারে বর্জ্যসহ পানি নদীতে ছেড়ে দেয়।
এর ফলে আমাদের পরিবেশের ভারসাম্য ও বৈচিত্র নষ্ট হচ্ছে। নদীগুলোর মিঠা পানির মাছ ধ্বংস হচ্ছে, ফসলাদী ধ্বংস হচ্ছে।
শুধু বর্ষাকালে মাস দুই একের জন্য পানির রং ঠিক থাকে। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক অফিসাররা ইটিপি’র বিষয়ে যথাযথ তদারকি করছেনা। তারা তদারকি করলে নদীগুলো আরো একটু ভাল থাকতো।
ইটিপি সঠিকভাবে কার্যক্রম না করলে নারায়নগঞ্জ একদিন আ¯তাকুড়ে পরিণত হবে। শীতলক্ষ্যা এখন নদী না একটি বড় ড্রেনে পরিণত হয়েছে। তিনি ব্যবসায়ীদের কাছে ইটিপি প্ল্যান্ট কার্যকরী করার অনুরোধ জানান।
এসময় তিনি পরিদর্শকদের বিরুদ্ধে দুই নম্বরী করার অভিযোগ আনেন। তিনি বলেন, সারা নারায়ণগঞ্জ জুড়ে ডায়িং কারখানাগুলো ছড়িয়ে আছে। এই শিল্পগুলি যদি নির্দিষ্ট একটা জায়গা বেধে দিলে এবং সেন্ট্রাল ইটিপি’র ব্যবস্থা করলে তা সুবিধা হবে।
তিনি বলেন, আমরা শুধু গার্মেন্টসকে টার্গেট করে আন্দোলন করি এটা ভুল ধারনা। আমরা শীতলক্ষ্যা নদীর রক্ষার জন্য আন্দোলন করেছি। আমরা শহরের ড্রেনেজের ব্যবস্থার ব্যাপারেও কর্তৃপক্ষকে সজাগ করার চেষ্টা করছি।
তিনি মনে করেন, শীতলক্ষ্যা নদীর পানিকে দূষণমুক্ত করতে হবে। একেবারে আগের অবস্থানে আনতে না পারলেও পরিশোধনের মাধ্যমে বিষাক্তমুক্ত করার চেষ্টা করতে হবে।


