নোয়াখালীর বেগমগঞ্জের এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারসহ সারা বাংলাদেশে সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষন, নারী নির্যাতন, খুন ও হত্যা’র প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে নারায়ণগঞ্জ শহর।
এ বিষয়ে গত কয়েকদিন যাবতই নারায়ণগঞ্জে প্রতিবাদ চলমান থাকলেও ৯ অক্টোবর শুক্রবার বিভিন্ন সংগঠনের প্রতিবাদে সকাল থেকে রাত্র পর্যন্ত উত্তপ্ত থাকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদমিনার, রাসেল পার্কসহ শহরের প্রধান সড়কগুলো।
এসময় বিভিন্ন শ্লোগানে মুখরিত হয়ে উঠে শহর। শুক্রবার সকাল থেকে সারাদিনই ব্যানারসহ বিভিন্ন সংগঠনের প্রতিবাদ মিছিল ও সমাবেশের এমন চিত্র দেখা যায়।
হত্যা ধর্ষন ও নির্র্যাতনের প্রতিবাদে সকালে চাষাঢ়ায় এক সাইকেল র্যালী বের করে টিম নারায়ণগঞ্জ সাইক্লিস্ট গ্রুপ নামক সংগঠনের একঝাক তরুন।
র্যালী শেষে তারা চাষাঢ়া বিজয় স্তম্ভের সামনে অবস্থান এবং পরে শহীদ মিনারে মুনাদের সাথে বেশ কিছু সময় সঙ্গ দেন তারা।
ধারাবাহিকভাবে গত চার দিনের মতো শুক্রবারও সকাল থেকে শহীদ মিনারে অবস্থান নেন সরকারী তোলারাম কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারহানা মানিক মুনা।
এসময় গান ও কবিতা নিয়ে মুনার সাথে সংহতি প্রকাশ করে বিভিন্ন শ্রেণির মানুষ। তারা বিকাল পর্যন্ত কার্যক্রম চালায়।
এসময় আগে থেকে অনুমতি নেয়া জেলা ওয়ার্কাস পার্টিও প্রতিবাদ কর্মসূচীর জন্য শহীদ মিনারে অবস্থান নিতে আসলে মুনা ও তার অনুসারীরা সরে যেতে না চাওয়ায় পুলিশের সাথে বাক-বিতন্ডে জড়িয়ে পড়েন।
পুলিশের হস্তক্ষেপে সরতে বাধ্য হন তারা। এরপর ওয়ার্কাস পার্টি নারায়ণগঞ্জ এর উদ্যোগে প্রতিবাদ সমাবেশ করা হয়।
হত্যা ধর্ষন ও নারী নির্যাতনের প্রতিবাদে সকাল ১১টায় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে উদীচী শিল্পগোষ্ঠী নারায়ণগঞ্জ।
মানববন্ধনে উদীচী’র নেতৃবৃন্দের সাথে অংশগ্রহন করেন জেলা বাসদ, জেলা সিপিবিসহ অন্যান্য সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
ড্রীম বয়েজ ক্লাবের পক্ষ থেকে বের করা হয় বিক্ষোভ মিছিল। জালকুঁড়ি ব্লাড ডোনার্স এর উদ্যোগে জালকুঁড়ি বাসস্ট্যান্ড এলাকায় প্রতিবাদ সমাবেম অনুষ্ঠিত হয়। এ
সময় কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ ও প্রীতি লতা বিগ্রেড এর পক্ষ থেকেও প্রতিবাদ কর্মসূচী পালন করা হয়।
জুম্মাবাদ পাঠানটুলী এলাকায় তাহরিকে খতমে নবুয়্যাত বাংলাদেশের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় জেলা ও মহানগর ছাত্রলীগের উদ্যোগে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
বিকালে মহানগর ছাত্রদলের নেতা কর্মীরা একটি বিক্ষোভ মিছিলের মাধ্যমে এই বর্বরতার প্রতিবাদ জানায়। এসময় তারা জেলা প্রেসক্লাবের সামনের রাস্তায় মানববন্ধন করে।
মানববন্ধন শেষে মিছিল নিয়ে শহীদ মিনারের দিকে যাওয়ার সময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।
এসময় ছাত্রদলের পক্ষ থেকে পুলিশের অতর্কিত হামলার কথা উল্লেখ করে তাদের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রতিবাদে বাধা প্রদানের অভিযোগ তুলেন।
তবে অভিযোগ অস্বীকার করে রাস্তা বন্ধ করে মিছিল করায় তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়া হয়েছে বলে জানান, সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান।
বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার উদ্যোগে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ও চাষাঢ়া নূর জামে মসজিদ সংলগ্ন এলাকায় এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
এসময় মিছিল ও শ্লোগানে মুখরিত হয়ে উঠে বঙ্গবন্ধু সড়কের চাষাঢ়া এলাকা। তাদের বিভিন্ন অঙ্গ সংগঠন মিছিল নিয়ে সমাবেশে যোগদান করে।
সমাবেশে দেশে সোনার ছেলে ঘোষিতরা দেশে বিদেশে বাংলাদেশের মান নষ্ট করছে বলে অভিযোগ করেন নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, অনেক ত্যাগের মাধ্যমে বাংলদেশ স্বাধীন হওয়ার পরও আমরা তার প্রকৃত স্বাদ লাভ করতে পারছিনা।
গণতন্ত্রের নামে এধরণের হত্যা, খুন, ধর্ষন এ জাতি মেনে নেবেনা বলেও তারা উল্লেখ করেন।
শুক্রবার বিকেলে চাষাঢ়া শহীদ মিনারে গণসংহতি নারায়ণগঞ্জ শাখা’র উদ্যোগে গণসংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত বিকেল সাড়ে চারটায় দেওভোগ শেখ রাসেল পার্কে এই গণসংলাপের আয়োজন করা হয়।
গণস্বাস্থ কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত-বন্দর রক্ষার জাতীয় কমিটির সদস্য সচিব আনু মোহাম্মদ, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক রফিউর রাব্বি, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকীসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় অপরাধীদের শুধু গ্রেফতারই নয় তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থাসহ ভবিষ্যতে যাতে এধরণের অপরাধ আর না ঘটে সে বিষয়ে কার্যকর ভূমিকা নেয়ার জন্য সরকার ও প্রশাসনের প্রতি দাবি জানানো হয়।
এখন আর প্রতিবাদ নয় প্রতিরোধ গড়ে তোলার জন্য দেশবাসির প্রতি আহবান জানানো হয়।


