Logo
Logo
×

বিশেষ সংবাদ

ভোটারদের হাতে আমলনামা

Icon

সীমান্ত প্রধান

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২০, ০৩:১৬ পিএম

ভোটারদের হাতে আমলনামা
Swapno

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের দ্বিতীয় নির্বাচনের প্রায় সাড়ে চার বছর শেষ। হিসেবে মতে ৫ বছর বছর অন্তর নির্বাচন। সে মোতাবেক সিটি নির্বাচনের সময়ও ঘনিয়ে আসছে। আর নির্বাচনী সময় ঘনিয়ে আসাতে এই অঞ্চলের সাধারণ ভোটারেরা তাদের প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে এখনই শুরু করেছেন হিসেবে নিকেষ। 

এদিকে ভোটেরদের হিসেবের উপরই নির্ভর কর্তমান কাউন্সিলরদের মধ্যে কারা আগামীতে ফের নির্বাচিত হবেন, নিজের অবস্থান ধরে রাখতে পারবেন। ভোটাররা বলছেন, যারা প্রতিশ্রুতি দিয়েও তা রাখতে পারেননি, যারা সন্ত্রাস মাদকের সঙ্গে সম্পৃক্ত ছিলেন তাদের কাউকে এবার আর ভোট দিবেন না। স্বচ্ছ, সজ্জন ব্যক্তিদেরকেই জনপ্রতিনিধি হিসেবে বেছে নিবেন বলেই বহু ভোটার জানিয়েছেন।

সূত্র মতে, নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ ও কদম রসূল পৌরসভাকে একিভূত করে গঠন করা হয় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। ২৭টি সাধারণ ও ৯ টি সংরক্ষিত ওয়ার্ড সম্মিলিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠনে গেজেট প্রকাশের পর ২০১১ সালে প্রথম সিটি নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচন বাংলাদেশব্যাপী ছিল অত্যধিক আলোচ্য ইস্যু। 

এর একমাত্র কারণ ছিল, ডা. সেলিনা হায়াৎ আইভী ও শামীম ওসমান। তাদের একজন শামীম ওসমান ছিলেন আওয়ামী লীগ সমর্থিত অপরজন আইভী ছিলেন স্বতন্ত্র প্রার্থী তথা নারায়ণগঞ্জ নাগরিক কমিটির প্রার্থী। তুমুল আলোচিত ওই নির্বাচনে সমগ্র মিডিয়ার দৃষ্টি ছিলো এখানেই। 

সূত্র জানায়, প্রথম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী শামীম ওসমানকে বিপুল ভোটে পরাজিত করে প্রথমবারের মত সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন ডা. সেলিনা হায়াৎ আইভী। সেসময় তার পাশাপাশি ৯টি সংরক্ষিত ও ২৭টি সাধারণ ওয়ার্ড মিলিয়ে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন ৩৬ জন। 

যাদের অনেকেই দ্বিতীয় নির্বাচনে নিজেদের কৃতকর্মের জন্য ঝরে পড়েন এবং তাদের স্থলে আসে অনেক নতুন মুখ। যাদের মধ্যে উল্লেখযোগ্য, গোলাম মুহাম্মদ সাদরিল, আরিফুল হাসান, মতিউর রহমান মতি, আব্দুল করিম বাবু, নাজমুল হাসান, ইকবাল হোসেন। 

তবে, পুরনোদের মধ্যে নিজেদের যোগ্যতায় ফের নির্বাচিত হওয়ার তালিকায় থাকা উল্লেখযোগ্যরা হলেন, জমেশর আলী ঝন্টু, শওকত হাশেম শকু, মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, সাইফুদ্দিন আহমেদ প্রধান দুলাল, হান্নান সরকার, সুলতান আহমেদ, আলী হোসেন আলা, ইস্রাফিল প্রধান প্রমূখ। এরমধ্যে প্রথম নির্বাচনে বেশ দাপটের সাথে বিজয়ী হয়েও দ্বিতীয় নির্বাচনে ঝরে যাওয়াদের মধ্যে উল্লেখযোগ্য, ওবায়দুল্লাহ, মনিরুজ্জামান, আলমগীর হোসেন, নূর হোসেন প্রমূখ।

স্থানীয় ভোটাররা জানান, এবারের নির্বাচনে তারা আর মিষ্টি কথায় ভুলে আর কাউকে ভোট দেব না। যোগ্যতা সম্পন্ন সজ্জন ব্যক্তিদেরকেই নির্বাচিত করতে চান তারা। মাদকের সাথে সংশ্লিষ্টতা রয়েছে, সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে এমন কাউকেই নির্বাচিত করা হবে না বলেও জানিয়েছেন বিভিন্ন ওয়ার্ডের ভোটারা। দলের লোক, দলের প্রার্থী এমন বিবেচনায় ভোট দেওয়া হবে না। 

সূত্র জানায়, চলমান সিটি করপোরেশনের যে পরিষদ রয়েছে তাদের মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। মাদক, চাঁদাবাজি, ভূমিদস্যুসহ নানা ধরণের অভিযোগে অভিযুক্ত অনেকেই। এরমধ্যে এসব অভিযোগে অনেকেই কারাবরণ করেছেন। সংঘাত সংঘর্ষেও জড়িয়েছেন অনেকে। এমনকী মাদকসহ গ্রেফতারও হয়েছেন দুজন কাউন্সিলর। 

এরমধ্যে কাউন্সিলর মতিউর রহমান মতি। তার বিরুদ্ধে সন্ত্রাসী লালন পালনসহ রিফিউজিদের জন্য বরাদ্দকৃত জমি ৫০ কোটি টাকা বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। এছাড়াও তার বিরুদ্ধে অবৈধ আয়ের অভিযোগে দুদকও তদন্তে নেমেছে। 

অন্যদিকে ইস্রাফিল প্রধান বিএনপির ব্যানারে দুই দুবার নির্বাচিত হলেও গত সংসদ নির্বাচনে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদান করেন। এতে করে তার ওয়ার্ডে আগের সেই ইমেজ এখন আর ইস্রাফিলের নেই। এছাড়া হান্নান সরকার, সুলতান আহমেদ, গোলাম নবী মুরাদ বিএনপির রাজনীতি করার সুবাদে দলীয় ভোট টেনেছিলেন।

কিন্তু তারা প্রকাশ্যেই আওয়ামী লীগের সাথে আঁতাত করে চলা এবং মিছিলসহ ক্ষমতাসীনদের সভায় যোগদান করার বিষয়টি ভালোভাবে নেয়নি দলীয় ভোটাররা। সে ক্ষেত্রে এবার নির্বাচনে এই প্রভাব তাদের উপর পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

অপরদিকে কাউন্সিলর শাহজালাল বাদল, আরিফুল হাসান, ওমর ফারুক এবং আলাউদ্দিন আলা এবং সাইফুদ্দিন আহমেদ প্রধান দুলালের বিরুদ্ধে নানা ধরণের অভিযোগ প্রায় সময়ই শোনা যায়। সংবাদ মাধ্যমেও তাদের বিরুদ্ধে একাধিকবার সংবাদ প্রকাশও হয়েছে। যদিও এসব অভিযোগ ছিল ষড়যন্ত্রমূলক, এমন দাবিও করেছিলেন তারা। 

সম্প্রতি পুলিশ সুপারের কাছে আলী হোসেন আলার বিরুদ্ধে একজন ভূক্তভোগি নারী অভিযোগও দিয়েছেন। এছাড়াও চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন কাউন্সিলর বাবু। যদিও তিনি দাবি করেছিলেন, তার বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ। তাকে হয়রানি করার জন্য এমন করা হয়েছে। 

এদিকে আগামী নির্বাচনে এমন বিতর্ক যাদের বিরুদ্ধে রয়েছে তা ঝরে পড়তে পারেন বলে ধারণা করছেন অনেকেই। সচেতন মহলও বলছেন, যারা বিতর্কিত তাদেরকে পুনরায় নির্বাচন না করাই শ্রেয়। 

তাদের স্থলে যারা সজ্জন, স্বচ্ছ রয়েছেন তাদেরকে নির্বাচিত করে নিয়ে আসা গেলে সমাজ এবং এলাকার উন্নয়ন হবে। সুন্দর সমাজও গঠন হবে। পাশাপাশি যারা ইতোপূর্বে নির্বাচিত হয়েছেন কিন্তু কাজ করতে পারেননি তাদেরও পুনরায় নির্বাচিত করা উচিৎ।

তবে, মেয়র হিসেবে এক এবং অতুলনীয় এখনও ডা. সেলিনা হায়াৎ আইভী। তার বিকল্প এখনও এখানে দ্বিতীয় আর কেউ হয়ে উঠেনি বলে মন্তব্য করেছেন অনেকেই। 

স্থানীয়রা বলছেন, বিগত ২০০৩ সাল থেকে আইভী জনপ্রতিনিধি হিসেবে কাজ করে আসছেন। এ পর্যন্ত তিনি তার দেওয়া প্রতিশ্রুতিগুলো পূরণ করেছেন। সিটি মেয়র হিসেবে তিনি যথেষ্ট উন্নয়ন কর্মকান্ড করেছেন। সন্ত্রাসের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকাও রেখেছেন আইভী। ফলে তার বিকল্প দ্বিতীয় আর কেউ এখনও তৈরি হয়নি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন