স্কুলগুলোতে ছাড় নেই, বিপাকে অভিভাবক
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২০, ০৭:৪০ পিএম
ছাত্রসমাজ জাতির মেরুদন্ড। সেই মেরুদন্ডকে মজবুত করার কারিঘর শিক্ষক। করোনা ভাইরাসের জনজীবন সকলক্ষেত্রে স্বাভাবিক হলেও শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ।
করোনায় সংক্রামণ হ্রাসে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। তবে দীর্ঘ বন্ধে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো পড়েছে আর্থিক সংকটে। সেইসাথে করোনার মাত্রাতিরিক্ত প্রভাব পড়েছে সকলক্ষেত্রেই।
এদিকে স্কুলগুলো অভিভাবকদের বেতন পরিশোধের নোটিশ দিয়েছে। তবে, করোনার প্রভাবে অর্থনেতিক মন্দায় অধিকাংশ স্কুলের অভিভাবকরা বেতন পরিশোধে অক্ষমতা প্রকাশ করেন। এতে শিক্ষার্থীদের পড়াশোনায় বিরূপ প্রভাব সৃষ্টি হচ্ছে। ফলে বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা।
প্রাণঘাতি করোনা ভাইরাস থেকে শিক্ষক-শিক্ষার্থীসহ সকলকে সুরক্ষিত রাখতে ১৮ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় সকল শিক্ষাপ্রতিষ্ঠান। দফায় দফায় সেই ছুটি বাড়িয়ে নেয়া হয়েছে।
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। দেশের করোনাপরিস্থিতি এখনো ক্রমবর্ধমান থাকায় সেই ছুটি আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা ইঙ্গিত দিয়েছেন।
তবে দেশের অন্যান্য জেলার মতো নারায়লণগঞ্জের অধিকাংশ বেসরকারি স্কুলে অনলাইনের মাধ্যমে সীমিত আকারে শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। সেই সাথে চলছে পরীক্ষা। তবে স্কুলের বেতন ফি নিয়ে অধিকাংশ স্কুলেই বিভিন্ন সমস্যা তৈরী হয়েছে। আবার অনেক স্কুলে শিক্ষার্থীদের বেতনে বিশেষ ছাড় দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জের অতি পরিচিত একটি বিদ্যালয় নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল। এই বিদ্যালয়ে আগামী ২৩ সেপ্টেম্বর ইনকোর্স পরীক্ষা ঘোষনা করা হয়েছে। এর পূর্বে শিক্ষার্থীদের সকল বকেয়া বেতন পরিশোধ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
তবে এ স্কুলে জুন মাস থেকে অনলাইন ক্লাস শুরু হয়। মার্চ থেকে আগস্ট পর্যন্ত একসাথে ৬ মাসের বেতন চাওয়ায় ওই স্কুলের অনেক অভিভাবক বেতন পরিশোধ নিয়ে বিপাকে পড়েছেন।
নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের নাম প্রকাশে অনিচ্ছুক একজন ছাত্রের অভিভাবক বলেন, আমার স্বামী যে আয় করেন, সেই আয় দিয়ে আমার সন্তানের ৬ মাসের বেতন পরিশোধ করলে এই মাস চলা অনেক কষ্টসাধ্য হয়ে পড়বে।
তিনি আরো বলেন, ক্লাস হয়েছে জুন থেকে কিন্তু এর আগের দুইমাস ক্লাস হয়নি। এই মাসগুলোর বেতন চাওয়া তাদের ঠিক হচ্ছেনা। আমাদেরকে নোটিশ দেওয়া হয়েছে, অবশ্যই পরীক্ষার আগে সকল বকেয়া পরিশোধ করতে হবে।
আর এই পরীক্ষার নম্বর বার্ষিক পরীক্ষার সাথে যোগ করা হবে। বেতন না দিলে পরীক্ষায় সমস্যা হতে পারে ভেবে আমার সন্তান খুব চিন্তায় ছিল। এমন অনেক শিক্ষার্থীদের জন্য এই বিষয়গুলো মানসিক চিন্তার কারন হয়ে উঠছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসাইন বলেন, আমাদের স্কুলের পরীক্ষা শুরু হচ্ছে। তবে বকেয়া বেতন জোর করে আদায় করা হচ্ছে না। কেউ পুরো টাকা না দিতে পারলে আবেদন করলে আমরা আবেদন মঞ্জুর করব।
নারায়ণগঞ্জ ক্যামব্রয়িান স্কুল এন্ড কলেজে বন্ধের পর থেকেই সকল শ্রেনীতে নিয়মিত অনলাইন ক্লাস হচ্ছে। সেইসাথে চলছে পরীক্ষা। তবে সেখানে শিক্ষার্থীদের বেতন পরিশোধে তেমন সমস্যা হচ্ছেনা। শিক্ষার্থীদের বেতন ভিত্তিতে বিশেষ ছাড় রয়েছে।
এই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম তাদের স্কুলের কার্যক্রম নিয়ে বলেন, আমাদের স্কুলের শিক্ষকরা নিয়মিত অনলাইনে সকল শ্রেনীর ক্লাস করাচ্ছে। আর স্কুলে পরীক্ষাও নিয়মিত হচ্ছে। করোনার প্রভাব সকল স্কুল প্রতিষ্ঠানে পড়েছে।
তবে আমাদের স্কুলের শিক্ষার্থীদের আমরা সর্বোচ্চ পাঠদানের ব্যবস্থা করেছি। সেই সাথে তাদের শিক্ষার্থীদের সময়ভিত্তিক বেতনের উপর ভিত্তি করে ছাড় রয়েছে।
শিক্ষার্থীদের টিউশন ফি দিয়েই বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষকদের বেতন পরিশোধ করা হয়। বিশেষ করে ক্ষুদ্র আকৃতির শিক্ষা প্রতিষ্ঠানগুলো।
তবে শিক্ষার্থীদের বেতন নিয়মিত পরিশোধ করতে না হওয়ায় আংশিক বেতন পাচ্ছে স্কুলের শিক্ষকগণ। নারায়ণগঞ্জ কিডস হ্যাভেন স্কুলের শিক্ষক প্রিয়াংকা রায় এই বিষয়ে বলেন, আমাদের স্কুলে অনলাইন ক্লাস ও পরীক্ষা দুটোই হচ্ছে। কিন্তু শিক্ষার্থীরা সময়মতো বেতন দিতে না পারায় আমাদের স্কুল কর্তৃপক্ষ নামমাত্র বেতন দিচ্ছে।
এই স্কুলের নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিভাবক বলেন, বেতন দেওয়ার কথা জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। কিন্তু কয়েকমাসের বেতন পরিশোধ করা এখন অনেক কষ্টসাধ্য হচ্ছে আমাদের মতো অনেকের পরিবারের জন্য।
জেলার খ্যাত অর্জিত অধিকাংশ বেসরকারি স্কুলে একই ঘটনা ঘটছে। স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকদের সংকটে ভর্তি, পরীক্ষা, ক্লাস সবকিছুতেই রয়েছে অনিশ্চয়তা। তবে সর্বাধিক অনিশ্চয়তা ও দুশ্চিন্তায় পড়েছেন শিক্ষার্থীরা।


