নানা ভাবে নানা ইস্যুকে উপজিব্য করে ভিন্ন কৌশলে বারংবারই মেয়র আইভীকে পরাস্ত করার চেষ্টা চলেছে নারায়ণগঞ্জ। তবে, যে ইস্যুই হোক না কেন তা এতদিন ধোপে টিকেনি। পরাস্ত করাও সম্ভব হয়নি মেয়রকে।
আর আইভী বিরোধীরাও বুছতে পেরেছেন, ঠুনকো ইস্যু নিয়ে মেয়রকে পরাস্ত করা সম্ভব নয়। যার কারণে মেয়র বিরোধী পক্ষটি এখন আর প্রকাশ্যে ‘আইভী বিরোধী’ ছক আর আঁকেন না। তাই বলে এই পক্ষটি যে থেমে গেছে তা কিন্তু নয়।
প্রতিমুহূর্তেই তারা তক্কে তক্কে থাকেন কীভাবে মেয়রকে ঘায়েল করা যায়। এবার মেয়রকে ঘায়েল করার অস্ত্র হিসেবে পক্ষটি পানি সঙ্কটকে ইস্যু হিসেবে কাজে লাগাতে চাইছে।
সূত্র জানায়, শহরের হাজীগঞ্জে বেশ কিছুদিন ধরেই পানির সঙ্কট চলছে। ওয়াসা থেকে এই এলাকার মানুষগুলো ঠিক মত পানি পাচ্ছে না। কখনও কখনও অল্প স্বল্প পানি পেলেও তা পর্যাপ্ত নয়। এ নিয়ে স্থানীয়দের মধ্যে রয়েছে পুঞ্জিভূত ক্ষোভ।
আর এই ক্ষোভকে বিস্ফোরণে পরিণিত করার চেষ্টা চালাচ্ছে আইভী বিরোধী ওই পক্ষ। ইতোমধ্যে পক্ষটি স্থানীয়দের উস্কানি দিয়ে রাস্তায়ও নামাতে চাইছে। ইতোমধ্যে হাজীগঞ্জ ক্লাবে এ নিয়ে মিটিংও হয়েছে।
সেখান থেকে তারা সড়ক অবরোধ করার মত সিদ্ধান্ত নিয়েছে বলেও খবর পাওয়া গেছে। ফলে যে কোনো সময় পানির এই সঙ্কটকে কাজে লাগিয়ে আইভী বিরোধীরা মাঠে নামতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
সচেতন মহল বলছে, হাজীগঞ্জসহ বিভিন্ন এলাকার পানি সঙ্কটের বিষয় নিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে আরও বেশি সর্তক হওয়া প্রয়োজন। নতুবা মেয়র বিরোধী পক্ষটি এই সঙ্কটকে কাজে লাগিয়ে হুলুস্থল কাণ্ড ঘটিয়ে দিতে পারে।
ফলে বিরোধী পক্ষটি যাতে সে সুযোগ নিতে না পারে তার আগেই মেয়রকেই এই পানি সঙ্কটের নেপথ্য কারণ খুঁজে বের করার জন্য নিজেকেই দায়িত্ব নিতে হবে। কেননা, ওয়াসার ব্যাপারটি দেখভালের দায়িত্বরতরা সেভাবে নজর দিচ্ছে না বলেই মনে করা হচ্ছে।
যার কারণে অনেকদিন ধরেই হাজীগঞ্জে পানির সমস্যাটি দীর্ঘায়িত হচ্ছে। আর এই সুযোগটাই এবার নিতে চাইছে আইভী বিরোধী শিবির। তারা স্থানীয়দের সংঘবদ্ধ করার চেষ্টাও চালাচ্ছে বলে স্থানীয় সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে।
তবে, হাজীগঞ্জ এলাকায় পানির এই সঙ্কট কেন, সে বিষয়ে নিজেই খোঁজখবর নিয়ে তা সমাধানের চেষ্টা করবেন বলে যুগের চিন্তাকে জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
মুঠোফোনে এই প্রতিবেদককে তিনি বলেন, হাজীগঞ্জ এলাকার পানির পাম্প ঠিক করা আছে। পানি যাচ্ছে। কোথাও এখন পানির ওইরকম সমস্যা নাই।
কিছু কিছু জায়গায় পাম্প নষ্ট হচ্ছে আমরা আবার তা সাথে সাথে ঢাকাকে বলতেছি তারা এসে ঠিক করে দিয়ে যাচ্ছে। তবে, এটা সত্য যে পরিমাণ পানি আমাদের উৎপাদন হওয়ার কথা, তার থেকে পরিমাণে কিন্তু কম হচ্ছে।
আইভী আরও বলেন, আমি ওয়াসা যখন নিয়েছি তখন বলেছি, আমাকে দুই বছর সময় না দিলে আমি কিন্তু সঠিক সমাধান দিতে পারবো না। ইতোমধ্যে আমি কিন্তু পাম্পের জন্য টেন্ডার দিয়েছি। পাম্প কিন্তু আমাদের সমাধান না।
আমাদের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট করতে হবে। গোদনাইলে যে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট আছে ওইরকম আরও চারটা প্লান্ট করার জন্য ইতোমধ্যে আমরা সিটিপি তৈরি করছি। অর্থাৎ নারায়ণগঞ্জের ওইপাড়ে ২৭-২৫ নম্বর ওয়ার্ডে একটা, এই পাড়ের ১৮ নম্বর ওয়ার্ডে একটা করে আর সিদ্ধিরগঞ্জের ৫ নম্বর ওয়ার্ডে একটা আর ৯ বা ৮ নম্বর ওয়ার্ডের মাঝামাঝি একটা।
আমিতো পাম্প তৈরি করছি এবং ৮শ কোটি টাকা শুধুমাত্র পানির সমস্যা সমাধানের জন্য দিয়ে রাখছি। যা দুই হাজার একুশ সালের শেষের দিকে টেন্ডার হবে।
মেয়র বলেন, ওয়াসা আমি নিয়েছি কিন্তু সমস্ত কিছু পুরনো এবং বিকল। এই জিনিসগুলিতো ঠিক করতে হলে আমাকে সময় দিতে হবে। এবং আমি ওয়াসা নেওয়ার পর থেকেই এর পিছনে লেগে আছি।
তবে, হাজীগঞ্জে যদি কোনো কারণে পানির কোনো সমস্যা হয়ে থাকে সেটা আমি নিজেই দেখবো। আমি কালকেই (আজ) খোঁজ নেব। কি হয়েছে সেটা খুঁজে বের করে তা সমাধান করবো।
প্রসঙ্গত, গত এক সপ্তাহেরও বেশী সময় ধরে ফতুল্লা থানার পশ্চিম হাজীগঞ্জ, নিউ হাজীগঞ্জ, আইইটিস্কুল, হাজীগঞ্জ মুক্তিয়োদ্ধা সড়ক পেপারমিল, চেয়ারম্যান বাড়ি থেকে ওয়াপদারপুল পর্যন্ত এলাকায় ওয়াসার পানির তীব্র সংকটে চরম দূর্ভোগে পড়েছেন প্রায় লাক্ষ মানুষ।
কল দিয়ে মাঝে মাঝে টিপ পিট করে কর্দমাক্ত ও শেওলা পানি আসে। পানিতে স্যুয়ারেজ এর গন্ধ থাকায় গোসলের ও কাজে আসছে না এই পানি। ১০ থেকে ১৫ মিনিট পানি আসার পর চলে যায়।
হাজীগঞ্জ বাসিন্দা আব্দুল আওয়াল জানিয়েছেন, আগামী দুইদিনের মধ্যে পানির এই সমস্যার সমাধান না হলে রাস্তা অবরোধের মতো কর্মসুচি নেওয়া হয়েছে। এ নিয়ে হাজীগঞ্জ ক্লাবে এলাকাবাসীদের নিয়ে মিটিং করা হয়েছে।
মিটিং এ সিন্ধান্ত হয়েছে আগামী কাল এসব এলাকার পানির সংকটের কথা মেয়র সেলিনা হায়াত আইভীকে জানানো হবে। তার সিন্ধান্তের পর যদি এলাকায় পানির সংকট কেটে য়ায় ভাল। না হলে এলাকাবাসী রাস্তা অবরোধ করে এর প্রতিবাদ জানাবে।
হাজীগঞ্জ বাসিন্দা সেচ্ছাসেবকলীগ নেতা মো. জাবেদ জানান, খাওয়ার পানি ছাড়া কিভাবে এক সপ্তাহ ধরে জীবনযাপন করছি। জুলাই মাসেও এই সমস্য ছিল। এরপর স্বাভাবিক হলেও এখন আবার এই সমস্যা দেখা দিয়েছে।
ড্রামে করে পানি এনে গোসলের কাজ সারছি। কিন্তু সাংসারিক কাজের জন্য এত পানি আনা খুবই কষ্ট হচ্ছে। আমরা পানির কল ওয়াসা অফিসে অভিযোগ করেছি তারা বলেছেন একটি পাম্প নষ্ট তাই পানির সঙ্কট দেখা দিয়েছে। তবে কবে নাগাদ ঠিক হবে তারা বলছে না।


