সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ঘিরে প্রতিমা তৈরির ধুম পড়েছে। কারিগরদের দম ফেলার ফুসরত নেই। কয়েক দিন বাদেই প্রতিমার গায়ে পড়বে রঙের আঁচড়। তবে আগামী বৃহস্পতিবার বিশ্বকর্মা পূজা থাকার কারণে এই প্রতিমায় নিয়ে কিছুটা ব্যস্ত রয়েছেন কারিগররা।
নারায়ণগঞ্জ শহরের দেওভোগে শতবছরের পুরনো লক্ষ্মী নারায়ণ আখড়া। এই ভেতরে এখন শোভা পাচ্ছে ছোট-বড় অর্ধশতাধিক প্রতিমা। বাঁশ-কাঠ আর কাদা মাটি দিয়ে তৈরি প্রতিমাগুলোর শুধু কাঠামো তৈরি করে রাখা হয়েছে এখন। পূজার কয়েকদিন আগের থেকে পড়বে শেষ তুলির আঁচড়।
গতকাল রোববার বিকেলে গিয়ে দেখা যায়, প্রতিমা তৈরির কাজে ব্যস্ত মৃৎশিল্পী (কারিগর) স্বপন পাল। তিনি বংশানুক্রমিকভাবে প্রায় ১৮-২০ বছর পর্যন্ত একাজ করে আসছেন।
স্বপন পাল জানান, চার-পাঁচ মাস আগে থেকে তিনি প্রতিমা তৈরির কাজের প্রস্তুতি নিয়েছেন। বৈশাখ মসের শুরুর দিকে মাটি, বালি, খড়, বাঁশ, কাঠসহ প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করেন। তারপর ফরমাশ অনুযায়ী মাপ নিয়ে প্রতিমা বানানোর কাজ শুরু করেন।
এ পর্যন্ত তিনি ১৮ টি প্রতিমা সেট তৈরি করেছেন। প্রতি সেটে দুর্গার সঙ্গে থাকে অসুর, সিংহ, মহিষ, গণেশ, সরস্বতী, কার্তিক ও লক্ষ্মী প্রতিমা। তবে এবার গতবারের তুলনায় ফরমাশ কম পেয়েছেন। এটা করোনা পরিস্থিতির কারণে হয়েছে বলে জানান তিনি। আর দামের দিক থেকেও কম বলে জানা তিনি।
স্বপন পাল বলেন, আগে একটা প্রতিমা সেট তৈরি করতে খরচ হতো ২০ থেকে ৪০ হাজার টাকা। সেটি বিক্রি হতো ৩০ থেকে ৬০ হাজার টাকায়। কিন্তু এখন বাঁশ, কাঠ, কাদা মাটিসহ প্রতিমা তৈরির উপকরণের দাম অনেক বেশি।
তাই প্রতি সেট প্রতিমা তৈরিতে খরচ হচ্ছে ৩০ থেকে ৬০ হাজার টাকা। এখন ৮ থেকে ১০ হাজার টাকার বেশি লাভে বিক্রি করা যাচ্ছে না।
লক্ষ্মী নারায়ণ আখড়ার ঠিক পাশেই রয়েছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম ও মন্দির। সেখানেও বংশানুক্রমিকভাবে কাজ করছেন বিশ্বনাথ পাল। তছাড়াও শহরের আমলাপাড়, উকিলপাড়া, গলাচিপা ও নয়ামাটিসহ কয়েকটি জায়গায় প্রতিমা তৈরির কাজে ব্যস্ত দেখা গেছে মৃৎশিল্পীদের (কারিগরদের)। নারায়ণগঞ্জের কারিগরদের তৈরি এসব প্রতিমা শহরের বিভিন্ন পূজামণ্ডপ ছাড়াও ঢাকা শহরের বিভিন্ন মণ্ডপ, কেরানীগঞ্জ, মুন্সিগঞ্জ, কুমিল্লার বিভিন্ন এলাকায় নেয়া হয়।


