Logo
Logo
×

বিশেষ সংবাদ

পরিত্যাক্তর পথে স্বপ্নডানা

Icon

তুষার আহমেদ

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২০, ০৬:৪২ পিএম

পরিত্যাক্তর পথে স্বপ্নডানা
Swapno

নারায়ণগঞ্জের চানমারী এলাকা মাদকের ভাগাড় হিসেবে পরিচিত সর্বত্র। আইন প্রয়োগকারী সংস্থার নানা প্রচেষ্টায়ও যখন মাদক মুক্ত হচ্ছিল না, তখন ওই অভিশপ্ত সমাজ পরিবর্তনের লক্ষ্যে যুগান্তকারী পদক্ষেপ নেন তৎকালিণ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাউছুল আজম। চানমারী ও আশপাশের এলাকার সুবিধা বঞ্চিত পথশিশুদের আলোর পথে ফিরিয়ে আনতে সেখানে গড়ে তোলেন স্বপ্নডানা স্কুল। 

২০১৪ সালের পহেলা সেপ্টেম্বর স্বপ্নডানার সেই স্বপ্ন সারথীদের নিয়ে একটি আলোকিত প্রজন্মের স্বপ্ন বুনেছিলেন গাউছুল আজম। শুধু পুথিগত শিক্ষাতেই নয়, পথ শিশুদের মানবিক ও মানসিক বিকাশেও সচেষ্ট ছিলেন তিনি।

তাইতো নারায়ণগঞ্জ ছাপিয়ে এমন উদ্যোগ প্রসংশিত হয় গোটা দেশে। সর্বত্র ছড়িয়ে পরে স্বপ্নডানার নাম। বিদ্যালয়টির সুবিধা বঞ্চিত শিশুদের পাশে মানবিক হাত বাড়িয়ে দিয়েছিলেন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান।

অনুসন্ধানে জানা গেছে, বর্তমানে নার্সারী থেকে ৫ম শ্রেণি পর্যন্ত অধ্যায়নের ব্যবস্থা রয়েছে স্বপ্নডানায়। করোনাকালিন সময়ের পূর্বে বিদ্যালয়টিতে ১৮০ জন ছাত্র-ছাত্রী নিয়মিত ছিলো। এর মধ্যে প্রায় ৬০ শতাংশ ছাত্রী এবং ৪০ শতাংশ ছাত্র।

নাসারী বিভাগে ছাত্র-ছাত্রীর সংখ্যা ও উপস্থিতি দুটোই বেশি ছিলো। সকাল ৮টা থেকে ১০টা এবং ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত দুই শিফটে ক্লাস পরিচালনা করেন মোট ৯জন শিক্ষক-শিক্ষিকা। আর একজন রয়েছেন বিদ্যালয়টি দেখাশোনার দায়িত্বে। তবে, করোনা পরিস্থিতির কারণে পাল্টে গেছে স্বপ্নডানার চিত্র। নিষ্প্রাণ ও পরিত্যাক্ত হয়ে পড়ছে বিদ্যালয়টি।   

এই অবস্থায় প্রশ্ন উঠেছে, স্বপ্নডানার সেই স্বপ্ন সারথীরা কোথায়? এমন প্রশ্নের উত্তর খুঁজতে যাওয়া হয় স্বপ্নডানায়। তবে, বিদ্যালয়ে গিয়েই চোখ কপালে উঠার উপক্রম। ভিতর বাহির সবই এখন প্রায় পরিত্যক্ত অবস্থায় পরে আছে। লোহার তৈরী প্রধান ফটকসহ ভেতরের অবকাঠামোতে মরিচা ধরে আছে।

বিদ্যালয়ের ছোট-খাটো প্রাঙ্গনটি আগাছায় পরিপূর্ন। মেঝে আগাছা বেয়ে উঠেছে প্রধান শিক্ষক ও শ্রেণিকক্ষের দেয়ালে। স্যাঁতস্যাঁতে শ্যাওলায় মেঝে পরিপূর্ন। প্রধান ফটকের ভিতরে দেখা গেল জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগারের দুটি মূর্তি। গাউছুল আজমের সময়কার আনা এই দুই মূর্তি এখন পরিচর্যাহীন অবস্থায় পরে আছে। এর মধ্যে একটি ভেঙ্গে লুটিয়ে পড়েছে। 

এদিকে, দীর্ঘদিন ধরে লাগানো ছিলো শ্রেণিকক্ষের লোহার গেইটটি। স্থানীয় দায়িত্বশীল এক ব্যক্তির সহায়তায় গেট খুলে ভিতরে ঢুকতেই মলিন হয়ে উঠলো দু’চোখ। এক সময়ে পথশিশুদের কন্ঠে সরব থাকা এই শ্রেণিকক্ষে এখন মাকড়সা আর বিভিন্ন কীট পতঙ্গের বসবাস।

মেঝেতে জমে আছে বৃষ্টির পানি। শিক্ষার্থীদের বেঞ্চ, অতিথি কক্ষ সব কিছুই এখন ‘পরিত্যাক্ত’। আলোর সম্ভাবনা নিয়ে গড়ে উঠা এই বিদ্যালয় যেন সময়ের ব্যবধানে অন্ধকার আর নিষ্প্রাণ হয়ে পড়েছে। 

নাম প্রকাশ না করার শর্তে স্বপ্নডানা সংলগ্ন বসবাসকারী এক মধ্যবয়স্কা নারী দৈনিক যুগের চিন্তাকে বলেন, ‘আমাগো এলাকার পরিবেশ ভালা না। মাদকের ছড়াছড়ি। গাউছুল আজম স্যার এই এলাকা ঠিক করার লাইগ্যা আর আমাগো মত গরিব ঘরের সন্তানগো ভবিষ্যত ভালো করার লাইগ্যা এই জায়গায় স্কুলটা বানাইলো।

আমার পোলা নিরব (১০) এই স্কুলে পড়তো। কিন্তু শিক্ষকরা ছাত্র-ছাত্রীগো ঠিক মতো লেখা পড়া করায় না। ক্লাসে আইসা খালি মোবাইল টিপে। এই অবস্থাতে পোলারে আর স্বপ্নডানায় রাখি নাই। মাদ্রাসায় দিয়া দিছি।’

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিভিন্ন সময় স্বপ্নডানায় শিক্ষার্থীদের জন্য কোনো সহায়তা বা অনুদান আসলে তা বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মাঝে বন্টন করা হয় না। কেউ পায়, আবার কেউ বঞ্চিত হয়। শিক্ষক-শিক্ষিকারা তাদের মত করে তালিকা তৈরী করেন এবং ওই তালিকাতে ছাত্র-ছাত্রী ব্যতিত অন্যদেরও ঠাঁই হয়। 

এমন অভিযোগের ভিত্তিতে যোগাযোগ করা হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা. সালমার সাথে। তিনি এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘যারা এ ধরনের অভিযোগ করছে, তাদের সন্তানরা মূলত এই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী নয়। এরপরও তারা বিভিন্ন সময়ে সুযোগ সুবিধা নিতে চায়। এখানে একটি পক্ষ আছে, যারা চায়না যে, বিদ্যালয়টি এখানে থাকুক।

কারণ এই বিদ্যালয়ের কারণে তারা এখানে মাদক বিক্রিসহ অনেক অপকর্ম করতে পারছে না। এখানে প্রশাসনের কর্মকর্তাদের যাতায়াত হচ্ছে। এটা ওই মানুষগুলোর জন্য সমস্যার কারণ।’ 

এদিকে স্বপ্নডানা পরিত্যাক্ত অবস্থায় পরে আছে কেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘করোনার কারণে গত ১৭ মার্চ থেকে স্বপ্নডানা বন্ধ আছে। মাঝে মধ্যে আমি অফিস কক্ষে আসি। এছাড়া শ্রেণি কক্ষ বন্ধ থাকে। তাই এমনটা দেখাচ্ছে। দীর্ঘ সময় বন্ধ থাকায় শুধু স্বপ্নডানা নয়, প্রতিটি বিদ্যালয়েরই একই চিত্র হয়েছে।

তবে, আমরা বিদ্যালয়ের সভাপতি জেলা প্রশাসক মহোদয়ের সহধর্মীনিকে শ্রেনি কক্ষের অবকাঠামোর উন্নয়নের জন্য জানিয়েছি। আমাদের আবেদনে তিনি এবং জেলা প্রশাসক মহোদয় পজেটিভ আছে। এ মাসেই হয়তো কাজ ধরা হবে। তাহলে আমরা নতুন আঙ্গিকে কার্যক্রম শুরু করতে পারবো।’ 

করোনার এই সংকটাপন্ন সময়ে বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের খোঁজ-খবর রাখা হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা বাচ্চাদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করছি। কিন্তু এই মানুষগুলো ভাসমান।

করোনার এই সংকটে পরে অনেকেই হয়তো গ্রামের বাড়ি চলে গেছেন। প্রায় ৮০ ভাগ শিক্ষার্থী এখানে নেই। তারপরও যারা ছিলেন, তাদের মধ্যে শিশু খাদ্য বিতরণ করা হয়েছে।’

এদিকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে স্বপ্নডানার অবকাঠামোগত উন্নয়ন করা হবে কি না এই বিষয়ে জানতে জেলা প্রশাসক জসিম উদ্দিন এর মোবাইল নম্বরে ফোন করা হলেও তিনি ব্যস্ততার কারণে তা রিসিভ করতে সক্ষম হননি। তাই তার পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন