Logo
Logo
×

বিশেষ সংবাদ

বাইরে রঙিন আলো, ভেতরে কী হয়?

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২০, ০৬:৩৭ পিএম

বাইরে রঙিন আলো, ভেতরে কী হয়?
Swapno

শীতলক্ষ্যা আর বালু নদ এখন অপরাধীদের আখড়ায় পরিণত হয়েছে। ইঞ্জিনচালিত ট্রলারে লাল-নীল সোডিয়ামের ঝলমলে আলোতে চলে ভ্রমণের নামে অসামাজিক কার্যকলাপ। ভেতরেই চলে উত্থাল নৃত্য। চলে মাদক সেবন। 

অসামাজিক কার্যকলাপ আর নেশার কারণে ট্রলারের ভেতরেই নানা অঘটন ঘটে থাকে। প্রায়শ শীতলক্ষ্যা আর বালু নদে মিলে অজ্ঞাত লাশ। ভ্রমণকে ঘিরে নৌ-পথে গড়ে উঠেছে মাদক কারবার। 

বর্ষার নৌ-পুলিশের তদারকি না থাকায় এসব অপকর্ম দেদার চলছে বলে নদের আশপাশের লোকজনের অভিযোগ। তবে থানা পুলিশ বলছে, নদে টহল দেয়ার জন্য পুলিশের একটি দল নৌ-টহল দেন রীতিমতো। 

অনুসন্ধানে জানা গেছে, বর্ষাকাল ঘনিয়ে আসলেই রাজধানী ঢাকার অতি নিকটের বালু ও শীতলক্ষ্যা নদ ভ্রমণকারীদের জন্য পছন্দের হয়ে উঠে। আর একে ঘিরেই ইঞ্জিনচালিত ট্রলারের বাণিজ্য বেড়ে যায়। বালু নদের ডেমরা, ধীৎপুর, বেরাইদ, ভোলানাথপুর ও ইছাপুরা ঘাটে দেওয়া হয় ট্রলার ভাড়া।

সাধারণত দুপুরের পর কিংবা বিকালে এসব ট্রলার ভাড়া নেন ভ্রমণকারীরা। একেকটা ট্রলার লাল-নীল সোডিয়ামের বাতি দিয়ে আলোকসজ্জা করা হয়। যখন সন্ধ্যা নামে, তখন ঝলমলে আলো ছাড়া আর কিছুই দেখা যায় না। চলে উচ্চ শব্দে সাউন্ডবক্স। 

আর এসব মধ্যেই ট্রলারের ভেতরে চলে উত্থাল নৃত্য। চলে মাদকসেবন ও জুয়া খেলা। থেমে থাকেনা অসমাজিক কার্যকলাপ। আর এসবকে কেন্দ্র করে বিভিন্ন সময় ঘটে নানা অঘটন। খুনের  মতো ঘটনা ঘটেছে বলে অসমর্থিত একটি সূত্র নিশ্চিত করেছেন। 

অসমর্থিত সূত্রটি দাবী করেছেন, এসব ট্রলারে ভ্রমণ করতে আসাদের অনেকে কিশোর ও বখাটে। প্রতিটি ট্রলারেই সুন্দরী নারী নিয়ে আসা হয় ফূর্তি করার জন্য। নিয়ে আসা হয় বিদেশী মদ, বিয়ার, গাঁজা ও ইয়াবা। ভ্রমণকারীদের কাছে চড়া দামে মাদক বিক্রি করতে নদী পথে মাদক কারবারীরা সক্রিয় রয়েছে বলে জানায় সূত্রটি। 

প্রত্যক্ষদর্শী এমন কয়েকজন বলেন, দিনের বেলায় চলে এদের খাওয়া-দাওয়া পর্ব। যখন পশ্চিম আকাশে সূর্য অস্ত যায়, তখন তাদের রঙীন জগত শুরু হয়। ট্রলারের চারপাশে লাল-নীল সোডিয়ামের আলোকসজ্জা যে কারো চোখ ঝাপসা হয়ে যাবে। সাউন্ডবক্সের উচ্চ শব্দে নদী পাড়ের মানুষের কান ঝালাপালা হয়ে যায়। আর এর ভেতরেই চলে যতো অসামাজিক কার্যকলাপ।
 
ভ্রমণে গিয়েছেন এমন কয়েকজন কিশোর নাম প্রকাশ না করার শর্তে বলেন, সন্ধ্যার পর প্রথম পর্ব চলে মদ কিংবা ইয়াবা সেবন। এসময় পালাক্রমে চলে সুন্দরী নারীদের অর্ধনগ্ন নৃত্য। এদের ভাড়া আনা হয়। এর ফাঁকেই চলে অসামাজিক কার্যকলাপ। 
তারা বলেন, অসামাজিক কাজকর্ম করা নিয়ে মারামারির ঘটনাও ঘটেছে। নাম প্রকাশে অনিচ্ছুক  কয়েকজন ট্রলার চালক বলেন, ভাই দুনিয়াটা কোথায় ঠেকছে না দেখলে বিশ্বাসই অইবোনা। কচি-কচি পোলাপান মাইয়া নিয়া কিযে করে টাস্কি খাওয়ন লাগে। মদ খায়, জুয়া খেলে। এক প্রশ্নের জবাবে বলেন, আমরা ভাড়া পাই তাই আহি। 

কথা হয় নয়ামাটি এলাকার শ্রী রবি রায়ের সঙ্গে। তিনি আক্ষেপের সুরে বলেন, দাদা দুনিয়াটা আজব হয়ে গেছে। সন্ধ্যা নামলে নদীতে সাজানো-গোছানো ট্রলারলের ভিতর কতো অপকর্ম যে হয়। পুলিশের কোন খবরও দেহি না। কেওঢালা এলাকার সুজন মিয়া বলেন, ভাই বালু নদী এখন কিশোরদের দখলে। 
ওদের সাউন্ডবক্সের শব্দে কান ঝালাপালা হয়ে যায়। মন চায় বাড়িঘর ছেড়ে চলে যাই। পাড়াগাঁও এলাকার মুকুল মিয়া বলেন, শীতলক্ষ্যা নদীতে সন্ধ্যা হলেই দেখা যায় বাতি দিয়ে সাজানো ঝলমলে ট্রলার। আলোর কারণে ভিতরে কি হচ্ছে কিছু বুঝার উপায় নেই। 

থানা পুলিশ ও বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যমতে জানা গেছে, গত ২২ আগষ্ট রূপগঞ্জ শিল্পকলা একাডেমীর কয়েকজন কিশোরীকে পিকনিকের নাচের জন্য ১১ হাজার টাকায় ভাড়া নেন সেলিম মিয়া নামে এক বখাটে। রাত হয়ে গেলেও তরুণীদের পৌঁছে না দিয়ে রাত ১১ টার দিকে তাদের ধর্ষণের চেষ্টা চালায়। 

পরে তরুণীরা ৯৯৯ এ কল দিলে রূপগঞ্জ থানা পুলিশ ও নৌ পুলিশ ইছাপুরা ব্রীজের কাছ থেকে ওই ৬ তরুণীকে ধর্ষণের হাত থেকে রক্ষা করে। এরকম আরো অসংখ্য ঘটনা ঘটেছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী এক নৌকার মাঝি নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত কয়েকদিন আগে বালু নদের নয়ামাটি এলাকায় পিকনিকের ট্রলারে অসামাজিক কার্যকলাপের সময় খিলগাঁও থানার পুলিশ তাদের হাতেনাতে ধরে। পরে শাস্তি দিয়ে ছেড়ে দেয়। 

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, নদীতে পিকনিকের ট্রলার চলে সেটা জানি। কিন্তু ভেতরে কি হয় সেটা জানা নেই। এখন থেকে ব্যবস্থা নেওয়া হবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন