Logo
Logo
×

বিশেষ সংবাদ

ডিসি-এসপি অফিসের কাছে ‘মাদকের স্বর্গরাজ্য’

Icon

সীমান্ত প্রধান

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২০, ০৬:৩৬ পিএম

ডিসি-এসপি অফিসের কাছে ‘মাদকের স্বর্গরাজ্য’
Swapno

চাষাড়া থেকে নতুন কোর্ট এবং কোর্ট থেকে চাষাড়া পর্যন্ত নিয়মিত যারা যাতায়াত করেন তাদের কানে কয়েকটি শব্দ ভেসে আসে, এর একটি হচ্ছে শিষ অন্যটি ‘ভালা সবজি আছে আছে, খারাপ হইলে ট্যাকা ফিরত’।

এই শব্দগুলো ভেসে আসে স্বপ্নডানা স্কুলটির পাশ ঘেঁষে গড়ে উঠা চানমারী বস্তি থেকে। আসলে তারা শিষ দিয়ে থাকে মাদকসেবিদের দৃষ্টি আকর্ষণ করতে। 

একদল মাদক ব্যবসায়ী বাজারের ব্যাগ আর টাকার মুঠা হাতে দাঁড়িয়ে প্রকাশ্যেই এভাবে দিনের পর দিন গাঁজা, হেরোইন ও ইয়াবা বিক্রি করে থাকে।

নতুন যে কেউ দেখলে তার কাছে মনে হবে, এ যেন তাদেরই রাজ্য, প্রশাসন এখানে নস্যি! অথচ সামনেই রয়েছে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয়। এরমধ্যে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়টিও।

তারপরও কীভাবে এই স্থানটিতে এভাবে প্রকাশ্যে মাদকের বেচা কেনা হয়ে থাকে তা বোধগম্য নয় এই পথে চলাচলরত আইনজীবী, বিচারপ্রার্থীসহ অন্যান্য মানুষের।

তবে, এভাবে প্রকাশ্যে মাদক বিক্রির জন্য যে ডিসি, এসপিসহ ডিবি পুলিশের দুর্ণাম হচ্ছে, তা সবার মুখে মুখেই ফিরছে। এই চিত্র নতুন নয়; রোজকার। তারপরও এদের বিরুদ্ধে কঠোর কোনো ব্যবস্থা নিতে পারেনি প্রশাসন।

তবে, সাধারণ মানুষ বলছে ভিন্ন কথা, তারা মনে করেন, প্রশাসন চাইলে কী না পারে। প্রশাসন সেভাবে চাইছে না। তাই এরা চানমারীর ওই স্থানটিকে প্রকাশ্য মাদকের হাট বানিয়ে ফেলেছে। যদি তা না হতো তবে, ডিসি এসপি অফিসের পাশেই এমন অবস্থা থাকার কথা নয়।

কারো কারো মতে, যারা প্রকাশ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাদক বিক্রি করে থাকে মূলত এরা ক্যারিয়ার বা সেলসম্যান। পর্দার আড়ালে থাকে মূল কারবারি।

এসব মূল কারবারিরা প্রভাবশালীদের ছত্রচ্ছায়াতেই মাদকের চালান আনা থেকে শুরু করে এমন অনেক প্রতিনিধির মাধ্যমে বিক্রি করিয়ে থাকে। এদের কাছ থেকে প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তাও সুবিধাভোগি।

যার কারণে প্রশাসন সমূলে এদের মূল উৎপাটন করতে পারছে না। অথবা প্রশাসন সেভাবে জোড়ালো পদক্ষেপও গ্রহণ করছে না। যার কারণে চানমারি বস্তিসহ শহরের বিভিন্ন স্থানে হাত বাড়ালেই মাদক পাচ্ছে সেবীরা। আর মাদকের সহজলভ্যতায় উঠতি বয়সের ছেলে মেয়ে থেকে শুরু করে নানা বয়সী মানুষও মাদকের দিকে ঝুঁকে পড়ছেন।

চানমারি বস্তিটিকে মাদকের স্বর্গরাজ্য হিসেবে উল্লেখ করে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. আনিসুর রহমান দিপু বলেন, অনেকেই এই পথে চলাচল করতে গিয়ে বিব্রতকর অবস্থার মুখোমুখি হয়েছে।

আমার এক বন্ধু রিকশাযোগে আসছিলেন সেই সময় চাঁনমারি বস্তির অজ্ঞাত ব্যক্তি তাকে এক গলির কাছে নিয়ে প্রশ্ন করেছিলেন কি নিবেন গাঁজা নাকি অন্যকিছু! এ বিষয় নিয়ে আমরা বিভিন্ন সময়ে কথা বলেছি।

এই বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমে বিভিন্ন প্রতিবেদন  উঠে এসেছে এবং আমারা বিষয়টি নিয়ে একাধিকবার কথা বলেছি কিন্তু অবস্থার পরিবর্তন কিছুতেই হচ্ছে না। যারা এসব কর্মকান্ড করছে তাদের সাথে প্রশাসনের অসাধু কর্মকর্তাদের যোগাযোগ আছে। এই যোগাযোগ থাকার কারনেই তারা ধরা ছোঁয়ার বাহিরে থাকে।

তিনি আরও বলেন, “এ বিষয়টি নিয়ে পূর্বে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে একাধিবার কথা হয়েছে। কিন্তু এখানে যারা আছে তারা খুচরা বিক্রেতা। নারায়ণগঞ্জে অনেক রাঘববোয়াল আছে, তারা চালান আনে বিভিন্ন জায়গা থেকে।

তাঁদেরকে গ্রেফতারের ব্যপারে কখনো দেখি নাই প্রশাসন কোনো উদ্যোগী ভূমিকা নিয়েছে। এছাড়া মাদক ব্যবসায়ীরা এতটাই চতুর যে তারা সর্বদা পর্দার আড়ালে থাকে। মাদক বহনের দায়ে ট্রাক ড্রাইভার কিংবা হেল্পার ধরা পড়ছে কিন্তু প্রকৃত মালিক ধরা পড়ছে না।

এই মালামালগুলো যাদের কাছ থেকে উদ্ধার করা হয় অপরাধটা তাদের উপরই বর্তায় আর পর্দার আড়ালে যে থাকে সে অনায়াসে বেঁচে যায়। সেই ক্ষেত্রে এই মাদকদ্রব্য আইনেরও কিছু পরিবর্তন করা প্রয়োজন বলে মনে করি।” 

দিপু আরও বলেন, “একটি সংবাদ মাধ্যমে জানতে পেরেছি গত কয়েকদিন আগে স্থানীয় এক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কয়েকটি পার্সেল এসেছিলো।

সেই পার্সেলগুলোর মধ্যে কয়েকটি প্যাকেটে ব্যবহারিক কাপড়চোপড় ছিলো এবং একটি প্যাকেটে ফেনসিডিল, ইয়াবা সহ অন্যান্য মাদকদ্রব্য ছিল যার কুরিয়ার সার্ভিস থেকে ঠেলাযোগে পরিবহন করা হচ্ছিলো। সেই সময় মাদকদ্রব্য বহনের দায়ে সেই ঠেলাওয়ালাকে গ্রেফতার করা হয়।

এইখানে পর্দার আড়ালে থাকা প্রকৃত দোষীকে শনাক্ত করা হয়নি। পুলিশের উচিত সাদামাটা তদন্ত না করে প্রকৃত অপরাধী অর্থাৎ পর্দার আড়ালে থাকা ব্যক্তিদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা।”
 
চানমারি বস্তিতে মাদকের ব্যবসা হচ্ছে এ নিয়ে বারবার জেলা আইন-শৃঙ্খলা কমিটির মিটিংয়ে বলা হয়েছে। পরে রেজুলেশন হলেও বাস্তবে এ ব্যাপারে কোনো পদক্ষেপ লক্ষ্য করা যায়নি জানিয়েছে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অ্যাড. মাহবুবুর রহমান মাসুম বলেন, “জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের কার্যালয়ের পাশে যেভাবে প্রকাশ্যে মাদক বেচা-কেনা হয় এত বড় মাদকের আস্তানা এখানে থাকাটাইতো নিরাপদ এবং যুক্তিসংগত না।

গাউছুল আযন যখন ইউএনও ছিলেন তখন দেখেছি, এলাকাটি থেকে এই ব্যবসাটি উঠিয়ে দিয়েছে। প্রশাসন যদি চায় বা দায়িত্ব নেয় তাহলে অবশ্যই এটা বন্ধ করার কোনো বিষয় না এবং এইটা চরিদিনের জন্য বন্ধ করে দিতে পারে।

যেহেতু এমনটা হচ্ছে না তাই এটা অবশ্যই প্রশাসনের ব্যর্থতা। এখানে জেলা প্রশাসন, পুলিশ সুপার ও আদালত প্রাঙ্গন রয়েছে সেহেতু এই ব্যর্থতা সকলের। যারা এখানে মাদক ব্যবসা করে এরাতো প্রভাবশালীদের আশির্বাদপুষ্ট।” 
 
চানমারি বস্তিকে মাদক ব্যবসা ওপেন সিক্রেট এবং বস্তিটিকে মাদকের হটস্পট হিসেবে আখ্যায়িত করে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. সাখাওয়াত হোসেন খান বলেন, “এই মাদকের কারনেই বিভিন্ন অপরাধের জন্ম হচ্ছে নারায়ণগঞ্জে।

আমার অনেক কাছের মানুষ আছেন যারা চাঁনমারি বস্তির ওই সড়কটি দিয়ে যাতায়াত করে থাকেন। অনেক সময় কাঙ্খিত কিংবা অনাকাঙ্খিত ভাবে সেই স্থানটিতে রিকশা থামলে মাদক ব্যবসায়ীরা মাদকের অফার করে জানতে চায়, কিছু লাগবে কিনা! বিষয়টি বিভিন্ন সময় আমার কাছের মানুষগুলো আমাকে জানিয়েছে এবং আদালতের অনেক বিচারককেও এমন বিব্রতকর অবস্থার সম্মুখিন হতে হয়েছে।” 

তিনি আরও বলেন, “বেশ কয়েক বছর পূর্বে একজন ইউএনও (গাউছ উল আযন) চাঁনমারি বস্তি থেকে মাদক কারবারিদের উচ্ছেদ করে সেই স্থানটিতে শিক্ষামূলক কার্যক্রম গ্রহন করেছিলেন।

তার মতো করে বর্তমানেও যদি ওই স্থানটিতে সময় দেওয়া যায় এবং ভালো ব্যবস্থা গ্রহণ করা যায় তাহলে মাদক খ্যাত এই চাঁনমারি থেকে মাদক রোধ করা সম্ভব হবে। তবে, এই মাদকের ব্যবসা বন্ধে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে।”

এ প্রসঙ্গে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেন, “আমরা এখানে অভিযান প্রায়ই পরিচালনা করি। বস্তিটি অবৈধ। এখানে নানা শ্রেণিপেশার মানুষ বসবাস করে। আমি মনে করি এই অবৈধ বস্তিটি উচ্ছেদ করা গেলে এই মাদকের সমস্যার সমাধানটা হবে।”
     
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন