“মসজিদে বিষ্ফোরণ”
কে নিবে ৩১ প্রাণের দায়
সীমান্ত প্রধান
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২০, ০৩:৪৫ পিএম
ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ ৩৭ জনের মধ্যে একে একে নিভে গেছে ৩১টি তরতাজা প্রাণ। আট দিন পূর্বে ঘটে যাওয়া মর্মান্তিক ওই বিস্ফোরণের ঘটনায় এখনও পুরো তল্লাজুড়ে শোকের মাতম। পরিবারের প্রিয় মানুষগুলোকে হারিয়ে শোকে স্তব্ধ স্বজনেরা।
কীভাবে গত আটদিন তাদের পার হয়েছে তা নিজেরাও জানে না। চোখের জলে এখনও বুক ভেজাচ্ছে স্বজনহারা মানুষগুলো। কবে তারা এই শোক কাটিয়ে উঠবে, তা নিজেরাও বুঝে উঠতে পারছেন না।
এদিকে ৪ সেপ্টেম্বর ঘটে যাওয়া মর্মান্তিক ওই ঘটনার দায় এখনও কেউ স্বীকার করেনি। কার গাফলতি, কার দোষে এতগুলো প্রাণের বলিদান, তা এখনও নির্ণয় হয়নি। তবে, ওই ঘটনার দায় এখনও পর্যন্ত একে অপরের উপরই চাপানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ ঘটনায় পৃথক পাঁচটি তদন্ত কমিটি গঠন করা হলেও কোনো কমিটি এখনও পর্যন্ত তাদের প্রতিবেদন দাখিল করতে পারেনি। ফলে, স্মরণকালের ভয়াবহ ওই ঘটনার দায়ভার মসজিদ কমিটি, তিতাস, বিদ্যুৎ- কোন সংস্থার উপর বর্তাবে তা এখনও নির্ণয় করা সম্ভব হয়ে উঠেনি।
ঘটনার পরদিন সাংসদ শামীম ওসমান ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বিষয়টিকে নিছক দুর্ঘটনা বলতে রাজি হননি। তিনি এখানে নাশকতা হতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেছেন এবং এই ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে সরকারের উচ্চ পর্যায়ের তদন্তও চেয়েছেন।
সম্প্রতি জেলা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে জানিয়েছিল, তারা নাশকতার আশঙ্কাটিও উড়িয়ে দিচ্ছেন না। সবদিক মাথায় রেখেই তদন্ত কাজ চালিয়ে যাচ্ছেন।
ওই বিস্ফোরণের ওই ঘটনার একদিন পর ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হুমায়ূন কবির বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় আসামী অজ্ঞাত রাখা হলেও তিতাস, বিদ্যুৎ এবং মসজিদ কমিটির গাফলতির বিষয়টি উল্লেখ করা হয়েছিল।
তবে, মামলা দায়েরের চার দিন পর এটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর কাছে হস্তান্তর করা হয়েছে। এ প্রসঙ্গে পুলিশ সুপার মো. জায়েদুল আলম জানিয়েছেন, মামলাটি জটিল ও গুরুত্বপূর্ণ হওয়ায় নিবিড় পর্যবেক্ষণসহ অধিক তদন্ত প্রয়োজন।
এ কারণে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতিমধ্যে মামলার তদন্ত কর্মকর্তাকে নথিপত্র ও যাবতীয় তথ্য প্রমাণাদি সিআইডি পুলিশের কর্মকর্তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
এদিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বৃহস্পতিবার থেকে সিআইডি মামলাটি বুঝে নিয়ে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শনও করেছে। মামলাটির তদন্তের দায়িত্ব পেয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মো. বাবুল হোসেন।
তিনিও সাংসদ শামীম ওসমানের আশঙ্কার বিষয়টি উড়িয়ে দিচ্ছেন না জানিয়ে যুগের চিন্তাকে বলেন, “আমরা সার্বিকদিক মাথায় রেখেই তদন্ত কার্যক্রম শুরু করেছি। তদন্তে যাদের দোষ, যাদেরই গাফলতি থাকুক না কেন আমরা তাদেরকেই আইনের আওতায় নিয়ে আসবো।”
অন্যদিকে বিস্ফোরণের সময় বাইতুস সালাত জামে মসজিদ ঘেঁষা একটি বৈদ্যুতিক ট্রান্সফর্মা ছিল। অনেকে শুরুতে বিদ্যুতের স্পর্কের কারণ হিসেবে ওই ট্রান্সফর্মাটির দিকে আঙুল তুলেছিলেন।
কিন্তু বৃহস্পতিবার মামলার নতুন তদন্ত পাওয়া সিআইডির টিম ঘটনাস্থলে যাওয়া পূর্বে সেই ট্রান্সফর্মাটি সরিয়ে ফেলে ডিপিডিসি। এ ব্যাপারে তদন্ত সংস্থা সিআইডিকে অবহিতও করা হয়নি। যা তদন্তে ব্যাঘাত ঘটাতে পারে বলে মনে করা হচ্ছে।
এ প্রসঙ্গে সিআইডি নারায়ণগঞ্জ কার্যালয়ের পরিদর্শক মো. বাবুল হোসেন যুগের চিন্তাকে বলেন, “আমাদের অবহতি করে সেটি সরানো উচিৎ ছিল। কিন্তু কী কারণে সেটি তারা করেনি। এখানে অন্য কোনো রহস্য রয়েছে কিনা সেটিও তদন্ত করে দেখা হবে।
তাছাড়া সেখানে যে ট্রান্সফর্মাটি ছিল সেটি সবাই দেখেছে এবং সেটি যে তারা বৃহস্পতিবার সরিয়েছে তাও সবাই দেখেছে। একইসঙ্গে বিষয়টি গণমাধ্যমকর্মী থেকে শুরু করে সবাই অবগত রয়েছে।”
এদিকে ইতোমধ্যে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ তাদের গাফলতি সন্ধানে ঘটনাস্থলে এক নাগারে তিনদিন মাটি খুঁড়ে পাইপলাইনে ৬টি ছিদ্র শনাক্ত করে।
শুরুতে তারা দুই ছিদ্র পাওয়ার পরপরই তাদের আট কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছিলেন। বুধবার সর্বমোট ৬ ছিদ্র শনাক্তের পর ঘটনাস্থল পরিদর্শন শেষে রাতের দিকে গণমাধ্যমকর্মীদের এমনই তথ্য জানিয়েছেন তিতাস গঠিত তদন্ত কমিটির প্রধান ও বিভাগটির জেনারেল ম্যানেজার (জিএম) আবদুল ওয়াহাব তালুকদার সন্ধ্যার পর গণমাধ্যমকর্মীদের কাছে তা নিশ্চিত করেছিলেন।
তিনি জানিয়েছিলেন, ‘মসজিদে বিস্ফোরণের কারণ উদঘাটনের জন্য অনুসন্ধান করে মসজিদের বাইরে পূর্বপাশের গলিতে রাস্তার নিচে গ্যাস পাইপ লাইনে ছয়টি লিকেজ পাওয়া যায়। পরে লিকেজগুলো বন্ধ করে মসজিদের ভেতরে পানি দিয়ে গ্যাস লাইনে গ্যাস সরবরাহের মাধ্যমে পরীক্ষা করা হলে মসজিদের ভেতরে কোনো লিকেজ পাওয়া যায়নি।
তবে মাটি খুঁড়ে দেখা গেছে- গ্যাস পাইপ লাইনের উপর দিয়ে মসজিদটির বেশ কিছু স্থাপনা নির্মাণ করায় পাইপে লিকেজ সৃষ্টি হয়। সেই লিকেজ থেকেই এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।’
এদিকে সৃষ্ট বিস্ফোরণের ঘটনায় হতাহতদের পরিবারপ্রতি ৫০ লাখ টাকা ক্ষতিপূরণের দাবি করে হাইকোর্টে রিট দায়ের করেছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাড. তৈমূর আলম খন্দকার কন্যা ব্যারিস্টার মার-ই-য়াম খন্দকার। তার পক্ষে রিট শুনানি করেন তৈমূর আলম।
বুধবার হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ হতাহতদের পরিবারপ্রতি আপাত ৫ লাখ টাকা করে দেওয়ার নির্দেশ প্রদান করেন তিতাস কর্তৃপক্ষকে।
সাতদিনের মধ্যে এই টাকা জেলা প্রশাসকের কাছে জমা দিতে বলেছেন হাইকোর্ট। একইসঙ্গে রুল জারি করে আদালত জানতে চেয়েছেন, পরিবারপ্রতি ৫০ লাখ টাকা করে কেন দেওয়া যাবে না।
তবে, হাইকোর্টের আদেশের পর তিতাস কর্তৃপক্ষ এই আদেশের বিরুদ্ধে আপিল করবে বলেও জানিয়েছিল। আর এতে করেই বুঝা যাচ্ছে, তারা এর দায়দায়িত্ব নিতে চাইছেন না। যার কারণে আপিল করার কথা জানিয়েছে।
তবে, তিতাস এইও জানিয়েছে, মসজিদ কমিটি তাদের লাইনের উপর মসজিদ নির্মাণ করেছেন। যার কারণে লাইন ছিদ্র হয়ে এই দুর্ঘটনা ঘটেছে। তবে, সে যা হোক, সৃষ্ট ঘটনায় এই পর্যন্ত যে ৩১ জনের প্রাণ গেল তার দায়দায়িত্ব কে নিবে, তা এখনও নির্ণয় হচ্ছে না।
তাছাড়া এই ঘটনায় কোন সংস্থা ক্ষতিপূরণ দিবে তা এখনও নির্ধারণ হয়নি। কবে নাগাদ নির্ধারণ হবে তাও নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না।
এদিকে এরমধ্যে বিস্ফোরণের ঘটনায় গঠিত পৃথক পাঁচটি তদন্ত কমিটির মধ্যে তিনটির প্রতিবেদন দেওয়ার সময় পেরুলেও তা জমা দেওয়া হয়নি। এসব কমিটিগুলো বিস্ফোরণের কারণ নির্ণয় করা হলে তখনই সিদ্ধান্তে আসা যেতে পারে এই দায় কার বা কোন সংস্থার উপর বর্তাবে।
পাশাপাশি সিআইডির যে তদন্ত করছে তা যদি সুষ্ঠুভাবে সম্পাদন করা হয় তাহলেও এর একটি দিক নির্ণয় করা সম্ভব হবে। তবে, তদন্তের সুযোগে কোনো সংস্থাই যেন হৃদয়বিদারক ওই ঘটনা থেকে নিজেদের সারার সুযোগ নিতে পারে সে দিকেও লক্ষ্য রাখার পরামর্শ দিয়েছেন সচেতন মহল।


