Logo
Logo
×

বিশেষ সংবাদ

দীর্ঘ ৫ মাস পর ঢাকা নারায়ণগঞ্জ রুটে সচল হলো ট্রেনের চাকা

Icon

স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২০, ০৭:২২ পিএম

দীর্ঘ ৫ মাস পর ঢাকা নারায়ণগঞ্জ রুটে সচল হলো ট্রেনের চাকা
Swapno

ঢাকা ও নারায়ণগঞ্জ রুটে প্রায় ৫ মাসের মতো ট্রেন চলাচল বন্ধ থাকার পর, আবারো এ-পথে ট্রেনের চাকা সচল হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে ট্রেন চলাচল শুরু হয় এই রুটে। 

এ সময় নারায়ণগঞ্জ রেলওয়ে ষ্টেশন থেকে ঢাকার দিকে ছেড়ে যাওয়া ট্রেনগুলোতে যাত্রী সংখ্যা ছিলো একেবারেই কম। তবে দীর্ঘদিন পরে এই রুটে ট্রেন চলাচল শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছে অনেকে।
 
জানা গেছে, বাংলাদেশে করোনার প্রভাব যখন ভয়াবহ রূপ নিচ্ছিল ঠিক তখনই এর সংক্রমন ঠেকাতে গত মার্চ সারা দেশে গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার। এতে বন্ধ হয়ে যায় যাত্রীবাহী বাস, লঞ্চ ও ট্রেনের মতো গণপরিবহনগুলো। 

তবে এর কয়েকমাস পর সরকারি নির্দেশনা অনুযায়ী নারায়ণগঞ্জে স্বাস্থবিধি মেনে বাস ও লঞ্চ চলাচল শুরু হলেও ট্রেনের জন্য ছিলো অপেক্ষা। 

মূলত সেই অপেক্ষারই অবসান ঘটিয়ে দীর্ঘ ৫ মাস পর আবারো ঢাকা নারায়ণগঞ্জ রুটে শুরু হয়েছে ট্রেন চলাচল। 

এতে নারায়ণগঞ্জ এবং রাজধানী ঢাকা সাথে সাধারণ মানুষের যোগাযোগ অনেকটাই সহজ এবং বৃদ্ধি পেয়েছে।
 
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশনে আব্দুল রহমান নামে এক ব্যবসায়ীর সাথে কথা হলে তিনি বলেন, আমি নারায়ণগঞ্জ থেকে হোসিয়ারীতে তৈরী বিভিন্ন জামা-কাপড় ঢাকার সদরঘাটে নিয়ে পাইকারদের কাছে বিক্রি করি। 

সময় ও খরচ কম হওয়াতে এসব মালামাল আমরা ট্রেনেই বেশি আনানেওয়া করি। তবে করোনায় ৫ মাস ট্রেন বন্ধ থাকাতে অন্য যানবাহনে এসব পণ্য পরিবহনে আমাদের খুব অসুবিধে হয়েছিলো। 

অতিরিক্ত ভাড়াও গুনতে হয়েছে। তবে এখনতো ট্রেন চালু হয়েছে এতে অল্প খরচে মালামাল ঢাকায় নিতে পারবো আমরা।    
 
আমেনা বেগম নামে ট্রেনের এক যাত্রী বলেন, ট্রেন যখন বন্ধ ছিলো তখন আমি দুই বারের মতো ঢাকায় গিয়েছি বাসে। এতে দুর্ভোগ এবং ভাড়া দুটোই বেশি ছিলো। 

কিন্তু ট্রেনেতো কষ্ট তেমন একটা হয়না। যাত্রাপথে সময়ও কম এবং ভাড়াটাও কম। তাই ট্রেন চালু হওয়াতে আমাদের জন্য অনেক ভালো হলো।
 
এদিকে, অনেকদিন পর ট্রেন চালু হওয়ায় কিছুটা হলেও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে পুরো স্টেশনজুঁড়ে। 

স্টেশনের প্লাটফর্মে অবস্থিত জহির ষ্টোরের (চায়ের দোকান) কর্মচারী আবু তালেব বলেন, বহুদিন ধরেই ঢাকা নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ ছিলো এতে স্টেশনে যাত্রী না আসাতে আমাদের দোকানে বেঁচাকেনা একেবারেই ছিলোনা। 

আমার বেতনও কিছুদিন বন্ধ ছিলো। তবে এখন ট্রেন চালু হয়েছে, তাই এখানে সকলের ব্যবস্ততাও বেড়েছে। আশাকরি কিছুদিনের মধ্যেই আমাদের দোকানের বেঁচাকেনা বৃদ্ধি পাবে।
 
নারায়ণগঞ্জ রেলওয়ের স্টেশন মাস্টার গোলাম মোস্তফা এ বিষয়ে যুগের চিন্তাকে বলেন, অনেকদিন পর আমাদের ঢাকা নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। 

এই রুটে এখন থেকে প্রতিদিন ৩০ টি ট্রেন চলাচল করবে। আমরা চেষ্টা করবো স্বাস্থবিধি মেনেই সকল কার্যক্রম পরিচালনা করতে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন