কমরেড সুনীল রায়ের ১৯তম মৃত্যুবার্ষিকী পালন
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২০, ০৭:০০ পিএম
নারায়ণগঞ্জে বৃটিশবিরোধী আন্দেলন, ৭১ এর মুক্তিযুদ্ধ ও এদেশের শ্রমিক আন্দোলনের অন্যতম প্রাণপুরুষ কমরেড সুনীল রায়ের ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৮টায় মাসদাইর শ্মশানে তার স্মৃতিস্তম্ভে সমবেত হয় বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র, শ্রমিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
এ সময় তার স্মৃতিস্তম্ভে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রিয় কমিটি, নারায়ণগঞ্জ জেলা কমিটি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ শহর কমিটি, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, সমাজ অনুশীলন কেন্দ্র, প্রগতি লেখক সংঘ, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, বাংলাদেশ মহিলা পরিষদ, খেলাঘর, সমমনাসহ বিভিন্ন প্রগতিশীল সংগঠনসমূহ পুষ্পমাল্য অর্পণ করে ।
পুষ্পমাল্য অর্পন শেষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম ও সঞ্চালনায় ছিলেন জেলা সম্পাদক মন্ডলীর সদস্য বিমল কান্তি দাস।
বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রিয় কমিটির সদস্য এড. মন্টু ঘোষ, খেলাঘর নারায়ণগঞ্জ জেলার সভাপতি রথীন চক্রবর্তী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক কমরেড শিবনাথ চক্রবর্তী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক নিখিল দাস, জেলা কমিটির সদস্য দুলাল সাহা, আব্দুল হাই শরীফ, নূরুল ইসলাম প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, কমরেড সুনীল রায় ১৯২১ সালের ১৩ সেপ্টেম্বর ব্্রাহ্মনবাড়ীয়া জেলার নবীনগর থানায় জন্মগ্রহন করেন। ১৯৩৬ সালে কিশোর বয়সে নারায়ণগঞ্জের চিত্তরঞ্জন কটন মিলে শ্রমিকের চাকুরী নেন। চাকুরীতে ঢুকেই তিনি শ্রমিক আন্দোলনে যুক্ত হয়ে পড়েন।
১৯৩৮ সালে তিনি শ্রমিক আন্দোলনের একজন প্রভাবশালী নেতায় পরিনত হন। ১৯৪২ সালে কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেন। জীবনে প্রায় ১২ বছর তিনি কারাবরন করেছেন। ৭১এর মুক্তিযুদ্ধে তিনি ছিলেন একজন অন্যতম সংগঠক।
তার হাত ধরে সিদ্ধিরগঞ্জ ও ঢাকার শত শত যুবক মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। তিনি ছিলেন চিরকুমার ও আজীবন বিপ্লবী। মৃত্যুর আগে তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রিয় প্রেসিডিয়াম সদস্য ছিলেন। ২০০১ সালের ১০ সেপ্টেম্বর তিনি নারায়ণগঞ্জে মৃত্যুবরন করেন।


