মসজিদে বিস্ফোরণে দগ্ধ আরো দু’জনের মৃত্যু, মৃতের সংখ্যা দাড়ালো ৩১
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২০, ০৫:৫৯ পিএম
ফতুল্লার পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় শেখ ফরিদ (২১) ও নজরুল ইসলাম (৫০) নামে আরও দুইজনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে তাদের মৃত্যু হয়।
শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ সংকর পাল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মারা যাওয়া ব্যক্তিরা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। বিস্ফোরণের ঘটনায় শেখ ফরিদের ৯৪ শতাংশ ও নজরুল ইসলামের ৯৩ শতাংশ পুড়ে গিয়েছিলো। এর আগে সকালে আবদুল সাত্তার (৪০) নামে দগ্ধ আরো একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে এখন চিকিৎসাধীন আছেন পাঁচজন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
বিস্ফোরণের ঘটনায় এর আগে সাংবাদিক, ইমাম, মুয়াজ্জিন ও শিশুসহ অনেকেই মারা যান। মারা ব্যক্তিরা হলেন- ইমাম আবদুল মালেক আনসারী (৬০), মুয়াজ্জিন দেলোয়ার হোসেন (৪৮) ও তার ছেলে জুনায়েদ (১৭), দুই ভাই জোবায়ের (১৮) ও সাব্বির (২১), কুদ্দুস ব্যাপারী (৭২), মোস্তফা কামাল (৩৪), রাশেদ (৩০), হুমায়ুন কবির (৭২), জামাল আবেদিন (৪০), ইব্রাহিম বিশ্বাস (৪৩), মো. রিফাত (১৮), মাইনুউদ্দিন (১২), ফতুল্লার জয়নাল (৩৮), নয়ন (২৭), নিজাম (৩৪), রাসেল (৩৪), কাঞ্চন হাওলাদার (৫০), শিশু জুবায়ের (৭), নাদিম (৪৫), বাহার উদ্দিন (৫৫), শামীম হাসান (৪৫) জুলহাস (৩৫), মোহাম্মদ আলী (৫৫), আবুল বাশার মোল্লা (৫১), মনির ফরাজি (৩০), ইমরান হোসেন (৩০), হান্নান (৫০), আব্দুস ছাত্তার (৪০), শেখ ফরিদ (২১) ও নজরুল ইসলাম (৫০)।
এ ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে ফায়ার সার্ভিস একটি, তিতাস গ্যাস কর্তৃপক্ষ একটি ও জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে।
মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনায় গত সোমবার (৭ সেপ্টেম্বর) তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ফতুল্লা অফিসের আট কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে এশার নামাজের সময় তল্লায় বায়তুস সালাত জামে মসজিদে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ৪০ জনের বেশি মুসল্লি দগ্ধ হন। দগ্ধদের মধ্যে ৩৭ জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিস্ফোরণে মসজিদের ছয়টি এসি পুড়ে গেছে। জানালার কাঁচ উড়ে গেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মসজিদের নিচ দিয়ে যাওয়া তিতাস গ্যাস লাইনের লিকেজ থেকে এ বিস্ফোরণ হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। বিষয়টি তদন্তে জেলা প্রশাসন ও তিতাস কর্তৃপক্ষ কয়েকটি তদন্ত কমিটি গঠন করেছে।


