তল্লায় মসজিদে বিস্ফোরণে দগ্ধ আরো একজনের মৃত্যু
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২০, ০৫:৪৩ পিএম
ফতুল্লার পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় আবদুল সাত্তার (৪০) নামে দগ্ধ আরো একজনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে মৃতের সংখ্যা দাড়ালো ২৯ জনে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হান্নান নামে আরো এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় দগ্ধ ৩৭ জনের মধ্যে এ পর্যন্ত ২৯ জনের মৃত্যু হলো। বাকি মুসল্লিদের অবস্থাও আশঙ্কাজনক।
বিস্ফোরণের ঘটনায় এর আগে সাংবাদিক, ইমাম, মুয়াজ্জিন ও শিশুসহ অনেকেই মারা যান। মারা যাওয়া ব্যক্তিরা হলেন- সাংবাদিক নাদিম (৪৫), মসজিদের ইমাম আব্দুল মালেক (৬০), ইব্রাহিম (৪২), দেলোয়ার হোসেন (৪২), মোস্তফা কামাল (৩৫) সাব্বির (২১), জুয়েল (৭) জুবায়ের (১৮), হুমায়ূন কবির (৭০), জুনায়েদ (১৭), রিফাত (১৮) কুদ্দুস ব্যাপারী (৭০), জামাল (৪০), রাশেদ (৩০), মাইনুদ্দিন (১২), জয়নাল (৪০), নয়ন (২৭), কাঞ্চন (৫০), রাসেল (৩৪), বাহাউদ্দিন (৫৫), মিজান (৩৪), শামীম হাসান (৪৫) , জুলহাস (৩৫) ও মোহাম্মদ আলী (৫৫), আবুল বাসার মোল্লা (৫১), মনির ফরাজী (৩০)।
এ ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে ফায়ার সার্ভিস একটি, তিতাস গ্যাস কর্তৃপক্ষ একটি ও জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে।
মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনায় গত সোমবার (৭ সেপ্টেম্বর) তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ফতুল্লা অফিসের আট কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে এশার নামাজের সময় তল্লায় বায়তুস সালাত জামে মসজিদে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ৪০ জনের বেশি মুসল্লি দগ্ধ হন। দগ্ধদের মধ্যে ৩৭ জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিস্ফোরণে মসজিদের ছয়টি এসি পুড়ে গেছে। জানালার কাচ উড়ে গেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মসজিদের নিচ দিয়ে যাওয়া তিতাস গ্যাস লাইনের লিকেজ থেকে এ বিস্ফোরণ হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। বিষয়টি তদন্তে জেলা প্রশাসন ও তিতাস কর্তৃপক্ষ কয়েকটি তদন্ত কমিটি গঠন করেছে।


