Logo
Logo
×

বিশেষ সংবাদ

সবই শেষ কান্না কেবল সম্বল

Icon

সীমান্ত প্রধান

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২০, ০৮:৪৫ পিএম

সবই শেষ কান্না কেবল সম্বল
Swapno

বড় ছেলে আনার্স আর মেজ ছেলে দ্বাদশ শ্রেণিতে। দুখিনী পারুল বেগম সকাল থেকে রাত অব্দি বাড়ি বাড়ি আরবি পড়িয়ে এতদূর নিয়ে আসেন তার দুই ছেলে সাব্বির আর জুবায়েরকে। আর কদিন পরই পারুল বেগমের কষ্টের দিন শেষ হবার কথা।

সেই স্বপ্নই তিনি বুনছিলেন। এ যেন ছিল তার কষ্টেভরা জীবনের এক কোণে রোদের ঝিলিকের মত। কিন্তু এখন তার পুরো জীবন আরও বেশি অন্ধকারাচ্ছন্ন, মেঘে ঢাকা।

ওইদিকে মাবা-বাবাসহ পরিবারের মুখে হাসি ফুটাতে গ্রাম ছেড়েছিলেন শুক্কুর আলী নয়ন। তিনি লালমনির হাট থেকে সে লক্ষ্য নিয়েই নারায়ণগঞ্জে আসেন। কাজ নেন গার্মেন্টে। থাকতেন পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদের মেসে।

হাস্যজ্জ্বোল নয়ন এই মেসে শুয়ে শুয়ে হাজারও স্বপ্ন বুনতেন মনের গভীরে। কিন্তু বাবা মায়ের মুখে হাসি ফোটাতে বাড়ি ছেড়ে আসে এই যুবক জন্মান্তরের জন্য সেদিন বাড়িতে ফিরলেন বাবা মায়ের কান্না হয়ে।

নয়নের মত একই মসজিদের মেসে থাকতেন মোস্তফা কামাল। ভালো একটি চাকরি করবেন এই আশা নিয়ে চাঁদপুর থেকে আসেন তিনি। জীবিকার তাগিদে করতেন টিউশনি। মাঝে লকডাউনের পুরো সময়টাতেই গ্রামের বাড়িতেই ছিলেন মোস্তফা।

পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই আগস্টের ১৫ তারিখে ফিরেন নারায়ণগঞ্জ। এই মাসেই তার আবার বাড়ি ফেরার কথা ছিল। তবে, মাস শেষ হবার পূর্বেই তিনি বাড়ি ফিরেছেন সাদা কাপড়ে মোড়ানো কফিনবন্দি হয়ে বৃদ্ধ বাবার কাঁধে ভর করে।

এদিকে রহিমা বেগম স্বামী জুলহাস ও একমাত্র ছেলে জোনায়েদকে নিয়ে থাকতে পশ্চিম তল্লায়। পটুখালীর বাসিন্দা হলেও স্বামীর চাকরির সুবাধে এখানেই থাকতেন তারা। সেদিন মসজিদে বিস্ফোরণের ঘটনায় স্বামী সন্তান দুজনই দগ্ধ হন।

কয়েক ঘণ্টার মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়ে ৭ বছরের আদরের সন্তান জোনায়েদ। তখনও স্বামী বেঁচে ছিলেন। রহিমার বিশ্বাস ছিল স্বামী হয়তো বেঁচে ফিরবেন। হাসপাতালে স্বামীকে চিকিৎসাধিন রেখে ভোরের দিকে ছেলের মরদেহ নিয়ে তিনি ওরনা হন পটুয়াখালী।

আয়োজন চলছিল ছেলের দাফনের। এই মুহূর্তেই খবর আসে জুলহাসও চলে গেছেন না ফেরার দেশে। মুহূর্তের মধ্যেই রহিমার পুরো পৃথিবীর রঙ বদলে যায়। শোকে হতবিহ্বল রহিমার বুকে আছড়ে পড়ে হিমালয়।

দীর্ঘদিন ধরেই নারায়ণগঞ্জে বসবাস করছিলেন হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন ভূঁইয়া। মৌলভী শফিকুর রহমান ভূঁইয়া ছিলেন তল্লা বড় মসজিদের মুয়াজ্জিন। সেই সুবাদে এখানে থেকে পড়াশুনা করেন তিনি।

পড়েছেন শহরের কালির বাজার আমলাপাড়া হাফিজিয়া মাদরাসায়। গত ২৫ বছর ধরে তিনি তল্লার বায়তুস সালাত জামে মসজিদে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন। এখানে তিনি তার দুই ছেলে জোনায়েদ হোসেন ও দ্বিতীয় ছেলে হাফেজিয়া মাদরাসার ছাত্র হাফেজ জাকারিয়াকে নিয়ে।

আর স্ত্রী ফাহমিদা আক্তার তিন মেয়ে সুমাইয়া আক্তার (১৮), সুরাইয়া আক্তার (৮) ও ছোট মেয়ে ফাইজা আক্তারকে (৩) নিয়ে গ্রামের বাড়িতে থাকতেন কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া এলাকায়।

এত বছর ধরে এখানে থাকলেও সম্প্রতি এখানে তার মন আর টিকছিল না। স্ত্রীকে জানিয়েছিলেন চাকরি ছেড়ে দিয়ে ২-১ দিনের মধ্যে গ্রামের বাড়ি ফিরবেন। তার আগেই তিনি ফিরেছেন ছেলে জোনায়েদকে নিয়ে তবে, লাশ হয়ে। 

দরিদ্র পরিবার। কাজ না করে উপায় নেই। কাজের জন্য সময়ও বের করা সম্ভব হত না। তাই শুক্রবার হলেই মাকে দেখতে ছুটে আসতেন জয়নাল আবেদীন। অন্যসব সপ্তাহের মত শুক্রবারও মাকে দেখতে তল্লায় এসেছিলেন তিনি।

মায়ের খোঁজ খবর নেওয়া শেষে বাড়ি ফিরছিলেন। পধিমধ্যে নামাজের সময় হওয়াতে মসজিদে গিয়েছিলেন এশার নামাজ আদায় করতে। এরপর এক বিস্ফোরণে সব শেষ। লাশ হয়ে ফরলেন তিনি বাড়ি।

গত ৪ সেপ্টেম্বর তল্লা চামাড় বাড়ি এলাকার বায়তুস সালাত জামে মসজিদে অনাকাক্সিক্ষত এক বিস্ফোরণের ঘটনায় একে একে ২৭টি তরতাজা প্রাণ ঝরে গেছে। তারা চলে গেছেন না ফেরার দেশে যেখান থেকে মানুষ আর ফিরে আসে না।

এতগুলো মানুষকে ঘিরে আরও কতগুলো মানুষের নানা রকম স্বপ্ন, সাধ ছিল। কিন্তু এক বিস্ফোরণ যার স্থায়ীত্ব ছিল সর্বোচ্চ এক মিনিট আর এইটুকু সময়ের মধ্যেই হাজারও মানুষের স্বপ্ন জ্বালিয়ে পুড়িয়ে অঙ্গার হয়ে গেল। যে বিভিষীকা কখনই ভোলার মত নয়। 

কেননা, ওই ঘটনায় কেউ হারিয়েছে প্রিয়মতম স্বামী, আদরের সন্তানকে। কেউ হারিয়েছে একমাত্র বেঁচে থাকার সম্বল। আবার কেউ হারিয়েছেন কোলে পিঠে লয়ে বড় করে তোলা প্রিয় ভাইটিকে। এই প্রিয় মানুষগুলোকে হারানোই স্বজনদের বুকে যে হাহাকার তা তল্লা থেকে শুরু করে দেশের আনাচে কানাচেও ছড়িয়ে পড়েছে। 

এদিকে মসজিদে ওই বিস্ফোরণের ঘটনার জন্য স্থানীয়রা তিতাস গ্যাসের গাফলতিকেই দায়ী করেছেন। গাফলতি রয়েছে বিদ্যুতেরও। সব থেকে বড় গাফলতি ছিল মসজিদ কমিটির। যার কারণে অতগুলো প্রাণের বলিদান।

তবে, গাফলতি মূলত কার, সেই কারণ খুঁজে বের করতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, তিতাস গ্যাস, জেলা প্রশাসন, বিদ্যুৎ বিভাগ এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশন থেকে একটি করে মোট পাঁচটি তদন্ত কমিটি গঠন করা হয়।

অন্যদিকে বিস্ফোরণের নিহতদের পরিবারপ্রতি ৫০ লাখ টাকা ক্ষুতিপূরণ দাবি করে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা তৈমূর আলম খন্দকার কন্যা ব্যারিস্টার মার-ই-য়াম এই রিট করেন।

এছাড়াও বিএনপির পক্ষ থেকেও একই দাবি তোলা হয়েছে। পাশাপাশি এই ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই। এছাড়াও এই ঘটনায় ইসলামী যুব আন্দোলন তিতাসকে দায়ী করে মানববন্ধনসহ তিতাস অফিস ঘেরাও কর্মসূচিও পালন করেছেন।

তবে, চার সেপ্টেম্বর ঘটে যাওয়া ভয়াবহ ওই বিস্ফোরণের ঘটনায় যাদেরই গাফলিত থাকুক না কেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন সর্বস্তরের মানুষ। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার পক্ষেও তারা মত প্রকাশ করেছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন