প্রধানমন্ত্রীর কাছে ক্ষতিপূরণ, কর্মসংস্থান চাইলেন স্বজনরা (ভিডিও)
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২০, ১০:৪৯ পিএম
ফতুল্লার তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে হতাহত পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলন করে নিহত পরিবার প্রতি ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ ও পরিবারের অন্য সদস্যদের কর্মসংস্থানের দাবি করেছেন।
সেই সাথে হাসপাতালে চিকিৎসাধীন দ্বগ্ধ রোগীদের ওষুধের ব্যবস্থা করে দেয়ার দাবি জানান তারা। সেইসাথে হাসপাতালে চিকিৎসাধীন দ্বগ্ধ রোগীদের ওষুধের ব্যবস্থা করে দেয়ার দাবি জানান তারা।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুুপুরে পশ্চিম তল্লা জামে মসজিদ সংলগ্ন একটি মাঠে এই সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে বিস্ফোরণে নিহত মসজিদের ইমাম মাওলানা আব্দুল মালেক আনসারীর দুই ছেলে নাইমুল ইসলাম ও ফাহিমুল ইসলাম এ দাবি জানান।
এ সময় ফাহিমুল ইসলাম বলেন, বিস্ফোরণে যারা নিহত হয়েছেন তারা সবাই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাদের হারিয়ে পরিবারগুলো অসহায় ও নিঃস্ব হয়ে পড়েছে।
তারা যেন মর্যাদা নিয়ে সমাজে টিকে থাকতে পারেন ও মানুষের কাছে হাত পাততে না হয় সেজন্য আর্থিক ক্ষতিপূরণ ও যোগ্যতা অনুযায়ী প্রতিটি পরিবারের সদস্যদের চাকরির ব্যবস্থা করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি। এছাড়াও যারা এ মর্মান্তিক ঘটনায় দায়ী তাদের শাস্তির আওতায় আনারও দাবি জানান।
বিস্ফোরণের ঘটনায় নিহত মসজিদের ইমাম আব্দুল মালেকের ছেলে নাঈম ইসলাম বলেন, নাঈম বলেন, টাইলস মিস্ত্রি মনির ভাই মসজিদের মেসে থাকতেন। ওনার পরিবার এখানে না থাকায় সে কোনো সাহায্য, সহযোগিতা পাচ্ছেন না।
এখনো অনেকে বার্ন ইউনিটে শয্যায় আছেন। তাদের চিকিৎসা ব্যবস্থা করা হোক। আমার বাবার যখন চিকিৎসা চলে তখন আমার বাবার জন্য ৬-৭ হাজার টাকার ঔষধ বাইরে থেকে কিনতে হয়েছিল। যারা হাসপাতালে এখনও ভর্তি আছেন তাদের ওষুধ কেনার টাকার ব্যবস্থা যেন সরকার করে।
তিনি বলেন, সেদিন এশার নামাজে আমিও ছিলাম। নামাজ পড়ে বের হওয়ার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। সেদিন মোয়াজ্জিন সাহেব দু-চারজনকে বাচানোর জন্য কি পরিমাণ চেষ্টা করছেন তা আমি মুখে বলে বুঝাতে পারবো না। তার শরীর সাদা হয়ে গিয়েছিল। তিনি পোড়া অবস্থায় দুই-তিনজনকে বের করেছিলেন মসজিদ থেকে।
আমার বন্ধু সাব্বির ও তার ভাই জুবায়ের সবসময় নামাজ শেষ করে, তালিম করে মসজিদ থেকে বের হতো। সেদিন তারা দুজনই মারা গেছে। এখন তাদের মায়ের কি হবে? ইব্রাহিম বিশ্বাস নামে এক ভাই ছিলেন।
সেদিন আমি তাকে চিনতেই পারছিলাম না। সম্পূর্ণ শরীর কালো হয়ে গিয়েছিল তার। উনি তখনো বলতাছিল, ইমাম সাহেবকে ধরো, ইমাম সাহেবকে বাঁচাও। সেদিন আমার আব্বুও (ইমাম) পুড়ে যান।
বার্ন ইউনিটের চিকিৎসা সেবা নিয়ে তিনি বলেন, বার্ন ইউনিটে কেউ কারো স্বার্থ দেখে নাই। আমি সেই বার্ন ইউনিটে মানবিকতা দেখছি। আমি সেই মানুষগুলোর জন্য দোয়া করি।
বিষ্ফোরণের পর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার্ন ইউনিটের আইসিইউতে রোগীদের বিনাভাড়ায় রাখার ব্যবস্থা করেছেন। এজন্য প্রধানমন্ত্রীর প্রতি তিনি সবার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন যদিও তাদের পরিবারের কেউই এমন অবস্থায় পড়ুক তা তারা মোটেও প্রত্যাশা করেননি।
এছাড়াও সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখায় স্থানীয় সংসদ সদস্য একেএম শামীম ওসমান, জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসন, সরকারিদলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, স্বেচ্ছাসেবীসহ বিভিন্ন পেশাজীবীর মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
এছাড়াও স্থানীয় মডেল ডি গ্রুপের মালিক মাসুদুজ্জামান বিস্ফোরণের পরপরই ঘটনাস্থল পরিদর্শন করে নিহত প্রত্যেক পরিবারের সদস্যকে ৫০ হাজার টাকা এবং আহত প্রত্যেককে চিকিৎসার জন্য ৩০ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন। এজন্য তার প্রতিও কৃতজ্ঞতা জানান ফাহিমুল।
এ সময় ফাহিম আরো বলেন, এ মর্মান্তিক ঘটনায় যদি তিতাসের কোনো ভুল থেকে থাকে তাহলে তাদের শাস্তির আওতায় আনা হোক। যাতে আমাদের মত অন্য কাউকে তার স্বজনদের হারাতে না হয়।


