পুলিশের বিশেষ নজরদারিতে সন্দেহভাজনরা : এসপি জায়েদুল
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২০, ১০:১৩ পিএম
নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. জায়েদুল আলম বলেছেন, পশ্চিম তল্লা মসজিদে ভয়াবহ বিস্ফোরণে ঘটনার মামলাটি পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে।
বিস্ফোরণের ঘটনায় জেলা প্রশাসন, তিতাস গ্যাস ট্রান্সমিশন, ফায়ার সার্ভিস, সিটি করপোরেশনসহ মোট পাঁচটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিগুলো কাজ করছে।
তদন্ত কমিটির প্রতিবেদনে যারা অভিযুক্ত হবেন তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে জড়িত সন্দেহভাজনদের পুলিশের বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। প্রতিবেদন পেলেই তাদের পুলিশের হেফাজতে নিয়ে আইনের কাছে সোপর্দ করা হবে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
পুলিশ সুপার মো. জায়েদুল আলম আরো বলেন, মসজিদে ভয়াবহ বিস্ফোরণে হতাহতের ঘটনা দায়িত্ব ও কর্তব্য অবহেলার কারণেই হয়েছে। ফায়ার সার্ভিসের গঠিত তদন্ত কমিটির সদস্যরা একটি প্রাথমিক ধারণা পুলিশ প্রশাসনকে অবহিত করেছে।
সেই আলোকে যাদের দোষী হিসেবে ধারণা করা হচ্ছে তাদের ওপর নজদারি করা হচ্ছে। যাতে তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারেন।
তিনি বলেন, মসজিদে বিস্ফোরণের ঘটনায় গত ৫ সেপ্টেম্বর ফতুল্লা মডেল থানায় পুলিশ বাদী হয়ে মামলা হয়েছে। মামলায় গ্যাস, বিদ্যুৎ, মসজিদ নির্মাণে ক্রটি ও বৈদ্যুতিক সরঞ্জামাদি রক্ষণাবেক্ষণে মসজিদ কমিটির অবহেলা ও মসজিদের নিচ দিয়ে বৈধ-অবৈধ গ্যাস সংযোগ লাইন দেওয়াসহ ৭টি কারণ চিহ্নিত করে মামলায় অভিযোগ আনা হয়েছে।


