বিস্ফোরণে দগ্ধ মসজিদ কমিটির সাধারণ সম্পাদকের মৃত্যু
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২০, ০৯:৩৬ পিএম
ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মসজিদ কমিটির সাধারণ সম্পাদক হান্নান সাউদ ও মারা গেছে। পাঁচদিন মৃত্যুর সঙ্গে লড়ে মঙ্গলবার সন্ধ্যায় তিনি শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান।
তার শ্বাসনালীসহ ৮৫% পুড়ে যায় এবং তিনি ডায়াবেটিসের রোগী ছিলেন। এ ঘটনায় মসজিদের ইমাম, মোয়াজ্জিন, কোষাধ্যক্ষসহ মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৮ জনে। শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ সংকর পাল গণমাধ্যমকে এ তথ্য জানান।
এদিকে এপর্যন্ত মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহতরা হলেন: মসজিদের মসজিদের ইমাম মো. আব্দুল মালেক আনসারী (৬০), মুয়াজ্জিন দেলোয়র হোসেন (৪৫), মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান সাউদ (৫০), সাব্বির (২২), জুনায়েদ (৭), জামাল (৪০), জুবায়ের (১৪), হুমায়ূন কবির (৭০), মোস্তফা কামাল (৩৪), ইব্রাহিম (৪৩), রিফাত (১৮), জুনায়েদ (১৭), কুদ্দুস বেপারী (৭২), রাশেদ (৩০), জয়নাল (৫০), মাইনুদ্দিন (১২), শুক্কুর আলী (২৭), কাঞ্চন হাওলাদার (৫০), রাসেল (৩৪), বাহাউদ্দীন (৫৫), মিজান (৩৪), ফটো সাংবাদিক নাদিম আহমেদ (৪৫), মসজিদ কমিটির কোষাধ্যক্ষ শামীম হোসেন (৪৮), জুলহাস ব্যাপারী (৩০), মোহাম্মদ আলী মাস্টার (৫৫), আবুল বাশার মোল্লা (৫১) ও মনির ফরাজি (৩০), ইমরান হোসেন (৩০) ।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে এশার নামাজের সময় তল্লায় বায়তুস সালাত জামে মসজিদে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ৪০ জনের বেশি মুসল্লি দগ্ধ হন। দগ্ধদের মধ্যে ৩৭ জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিস্ফোরণে মসজিদের ছয়টি এসি পুড়ে গেছে। জানালার কাচ উড়ে গেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মসজিদের নিচ দিয়ে যাওয়া তিতাস গ্যাস লাইনের লিকেজ থেকে এ বিস্ফোরণ হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। বিষয়টি তদন্তে জেলা প্রশাসন ও তিতাস কর্তৃপক্ষ কয়েকটি তদন্ত কমিটি গঠন করেছে।


