দগ্ধ শরীর নিয়ে কাতরাচ্ছেন সালমা ধারদেনায় চিকিৎসা
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২০, ০৮:০৬ পিএম
সালমা বেগম (৩৫)। পশ্চিম তল্লার সেই মসজিদ ট্র্যাজেডির একজন প্রত্যক্ষদর্শী ও ভিকটিমও তিনি। বিস্ফোরণের ঝলকানিতে তার দেহের প্রায় অর্ধাঙ্গ পুড়ে গেছে। পোড়া শরীর নিয়ে তল্লার ভাড়া বাসায় কাতরাচ্ছেন এই দু’সন্তানের জননী।
তবে, অন্যান্য দগ্ধ রোগিরা চিকিৎসার ক্ষেত্রে সরকারী সুযোগ-সুবিধা পেলেও বঞ্চিত হচ্ছেন তিনি। চিকিৎসা ব্যয় বহনে সক্ষমতা না থাকলেও ধার-দেনা করে আপাতত চালিয়ে যাচ্ছেন। তবে, এখনও পর্যন্ত সরকারী, রাজনৈতিক বা স্থানীয় কোন সহায়তা না পাওয়ায় চিকিৎসা খরচ নিয়ে বেশ চিন্তিত এই পরিবারটি।
গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে কথা হয় দগ্ধ সালমা ও তার পরিবারের সদস্যদের সাথে। দেহের অগনিত স্থানে পোড়া যন্ত্রণা নিয়ে খুব এক কথা বলতে পারছিলেন না তিনি। তবুও ওই রাতে নিজের সাথে ঘটে যাওয়া মুহুর্তের বর্ননা দিয়েছেন সালমা বেগম।
তিনি বলেন- এলাকায় তখন কারেন্ট ছিল না। অন্ধকারের মধ্য দিয়েই আমার ও স্বামীর জন্য ওষুধ আনতে ফার্মেসিতে যাচ্ছিলাম। ফার্মেসিতে যেতে হলে মসজিদের সামনে দিয়েই যেতে হয়।
যখনই মসজিদের সামনের গেইট পর্যন্ত পৌঁছাই তখনই মসজিদ থেকে বিকট শব্দ আর আগুনের ফুলকি এসে আমাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়। আমার শরীরে আগুন লাগছে আমি দেখি নাই। পাশের বাসায় গিয়ে পানি ঢালি। শরীরের কাপড় ছিড়ে যায়।
এই অবস্থায় কোনরকম দৌড়ে বাসায় এসে আমার স্বামীকে বলি আমার শরীরে বিস্ফোরনের ঝাপটা লেগেছে। স্বামী জিজ্ঞেস করে কিভাবে হলো। আমি বললাম মসজিদে কি জানি হয়েছে। কিছুক্ষন পর আমাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হয়েছে।
তখন জানতে পারলাম মসজিদে বিস্ফোরণ হয়েছে। হাসপাতালের ডাক্তার আমার শরীরের ক্ষতস্থানে কিছু মলম লাগিয়ে দিল। এরপর অবস্থা বেগতিক দেখে শনিবার সকাল ৬টার দিকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে গেলাম।
তারা মলম লাগিয়ে ব্যান্ডেজ করেদিল। কিন্তু চিকিৎসা ব্যয় আমাদেরকেই বহন করতে হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে আমাকে হাসপাতাল থেকে বাসায় পাঠিয়েছে। সেই থেকে বাসায় অবস্থান করছি। কিন্তু কেউ কোন সহায়তা করতে আসেনি।
স্বামী ইলেকট্রিক মিস্ত্রী মোঃ আমির বলেন, আমরা গরিব মানুষ। হঠাৎ করে এমন এক ঘটনা ঘটে গেল। এমনিতেই দুই মেয়ে ও স্ত্রী নিয়ে কষ্টে জীবন যাবন করছি। তার উপর এই অবস্থা। হাতে টাকা করি নেই। কিভাবে কি করি কিছু বুঝে উঠতে পারছি না। ধার দেনা করে চিকিৎসা চালাচ্ছি। শুনেছি, চিকিৎসা ব্যায় নাকি সরকার বহন করছে, কিন্তু আমাদের ক্ষেত্রে এমন কেন?
প্রসঙ্গত, গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই মসজিদের ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। ওই সময়ে মসজিদে থাকা মুসল্লীদের গায়ে আগুনের ফুলকি গিয়ে পড়লে একে একে দগ্ধ হতে থাকে।
মসজিদের ভেতর থেকে আসতে থাকে মুসল্লীদের আত্মচিৎকার। পরে আশেপাশের লোকজন দিয়ে তাদের উদ্ধার করে। গতকাল সোমবার এই রিপোর্ট লেখা পর্যন্ত ২৭ জনের প্রাণহানী ঘটে। হাসপাতালে দগ্ধ শরীর নিয়ে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন আরো ১১জন।


