Logo
Logo
×

বিশেষ সংবাদ

দখলবাজদের পেটে গঞ্জে আলী খালের ৪০ ফুট !

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৩ আগস্ট ২০২০, ০৮:২৪ পিএম

দখলবাজদের পেটে গঞ্জে আলী খালের ৪০ ফুট !
Swapno

খানপুরের গঞ্জে আলী খালের অবৈধ স্থাপনা উচ্ছেদে ১১ নং ওয়ার্ড কাউন্সিলর জমশের আলী ঝন্টুর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ উঠেছে। 

অভিযোগ উঠেছে খালটির পুনঃখননের ক্ষেত্রে রেললাইন থেকে চাষাড়া পর্যন্ত কাজ সম্পন্ন হলেও ১১ নং ওয়ার্ডের একটি অংশের জন্য পুরো কাজ থমকে আছে। এই ওয়ার্ডের একটি মার্কেট এখনও পর্যন্ত উচ্ছেদ হয়নি। ফলে খালের পানি নিষ্কাশনের কাজ ব্যহত হচ্ছে।

সূত্র জানায়, মোঘল আমলে এই গঞ্জে আলী খালের পানি ছিল স্বচ্ছ এবং এ খাল দিয়ে বড় বড় পানসি নৌকাও চলাচল করতো। কিন্তু সময়ের বিবর্তনে এ খাল দখল নিতে থাকে মানুষজন। যা একটা সময় খালের অস্তিত্ব বিলীন হয়ে নর্দমার ভাগাড়ে পরিণিত হতে থাকে। 

তবে, সিটি করপোরেশন এই খাল উদ্ধার করে জিমখানা খালের আদলে বিনোদন কেন্দ্রে পরিণিত করার চেষ্টায় মাঠে নামে। কিন্তু এতে নানা বাধা আর বিপত্তির মুখে পড়তে হয় প্রতিষ্ঠানটিকে। 

তবে, শেষতক নানা বাধা আর বিধত্তি পেরিয়ে স্থানীয়দের সহযোগিতায় গঞ্জে আলী খালের উচ্ছেদ কার্যক্রম শুরু করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। 

এদিকে গত দেড় থেকে দুই মাস ধরে এই গালটির অবৈধ স্থাপনা উচ্ছেদসহ খনন কাজ শুরু করে সিটি করপোরেশন। 

এরমধ্যে ১২ ওয়ার্ডে অবৈধ উচ্ছেদসহ খনন সম্পন্ন হলেও ১১ নং ওয়ার্ডের একটি মার্কেটের জন্য এদিক দিয়ে খননসহ পানি নিষ্কাশনের গতিপথ থেমে গেছে। 

অভিযোগ উঠেছে, এই ওয়ার্ডের কাউন্সিলর জমশের আলী ঝন্টু উচ্ছেদে সহযোগিতা করছেন না। তিনি সহযোগিতা করলে আরও আগেই এসব অবৈধ দখল উচ্ছেদ হয়ে যেত।

১২ নং ওয়ার্ড  কাউন্সিলর শওকত হাশেম শকু জানান, ১১ নং ওয়ার্ডে ৭০ ফুট খালের মধ্যে ত্রিশ ফুট কেবল পেয়েছি। বাকি ৪০ ফুটের মধ্যে কাউন্সিলর ঝন্টুর আত্মীয় স্বজন দখল করে রেখেছে। যে কারণে পুরো কাজই থমকে যাচ্ছে। 

তাকে বারবার তাগিদ দেওয়ার পরও তিনি এসব উচ্ছেদে উদ্যোগী হচ্ছেন না। কাজও করছেন না। যে কারণে পুরো খালের পানি নিষ্কাশনে সমস্যা হচ্ছে। বলা চলে কলাপস করে রেখেছে।

তবে, কাউন্সিলর জমশের আলী ঝন্টু জানিয়েছেন, এখানে আমার কোনো দখল দারিত্ব নেই। সাত্তার কমিশনারের ছেলে মুক্তিদের একটা মার্কেট আছে। সেটি উচ্ছেদ করার কথা ছিল। কিন্তু তারা সিটি করপোরেশন থেকে ১৫ দিনের সময় নিয়ে এসেছিল। 

তবে, ১৫ দিন সময়ে পেরিয়ে গেছে। এরমধ্যে খালের পানি বৃদ্ধি পাওয়ায় কাজ বন্ধ আছে। আবারও কাজ শুরু হলে তাদেরকে সময় দেব। সময়ের মধ্যে স্থাপনা না সরালে ভেকু দিয়ে তা ভেঙে দেব আমরা। 

আমি দখলবাজির কোনো টাকা খাই না। কখনো যেন এসব টাকা আমাকে নাও খাওয়ায়। উচ্ছেদে আমি মোটেও ব্যর্থ নই। অসহযোগিতাও করছি না।

চাঁদমারি এলাকার গঞ্জে আলী খালের দখলে থাকা হাসমত আলী জানান, আমার তো এখানে স্থাপনা ছিল কিন্তু মানুষের কথা চিন্তা করে আমি দখল ছেড়ে দিয়েছি। 

এখন তো দেখতে পাচ্ছি ১১ নং ওয়ার্ডের কাউন্সিলরসহ কেউ দখল ছাড়েনি। তাহলে আমরা কেন ছাড়লাম? কাউন্সিলর হয়েও উনি মানুষের কথা চিন্তা করেন না এটা হতে পারেনা। এ ব্যাপারে অবশ্যই পদক্ষেপ নেয়া উচিত।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন