Logo
Logo
×

বিশেষ সংবাদ

শহরের বিষফোঁড়া অবৈধ স্ট্যান্ড ও জুয়া

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১২ আগস্ট ২০২০, ১১:৪১ পিএম

শহরের বিষফোঁড়া অবৈধ স্ট্যান্ড ও জুয়া
Swapno

একদিকে শহরের অবৈধ স্ট্যান্ড অন্যদিকে জুয়ার আসর, এর কোনোটিই নির্মূল করতে পারছে না পুলিশ প্রশাসন। এ নিয়ে শহরবাসীর মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে গত কদিন ধরে।

শহরের যানজটের মূল উৎস এসব অবৈধ স্ট্যান্ড হলেও প্রশাসন এদের ব্যাপারে জোড়ালো কোনো ভূমিকা পালন করছে না, এমনটাই মনে করছেন নাগরবাসী।

তারা বলছেন, শহরের প্রাণকেন্দ্র চাষাড়া শহীদ মিনারের মোড়ে মৌমিতা, সিএনজি, খাজা সুপার মার্কেটের কাছে লেগুনা, রাইফেল ক্লাব সংলগ্ন পাম্পের কাছে আরও একটি লেগুনা ও সিএনজি স্ট্যান্ড। এসবগুলোই অবৈধ। এসব স্ট্যান্ডই শহরের যানজটের মূল উৎস।

অন্যদিকে শহরের ৩ নং মাছ ঘাট এলাকায় বড় শাজাহানের জুয়ার আসরে প্রতিনিদিনই অসংখ্য মানুষ নিঃস্ব হয়ে বাড়ি ফিরছেন। শহরের বুকে এমন একচি জুয়ার আসার দিব্যি চালু থাকলেও তার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নিতে পারছে না থানা পুলিশ। এ নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে মানুষ।

সচেতন মহল বলছেন, বিগত পুলিশ সুপার আমলে শহরের চাষাড়া মোড় এলাকায় কোনো ধরণের অবৈধ স্ট্যান্ড ছিল না। কিন্তু বর্তমানে প্রায় অর্ধডজন অবৈধ স্ট্যান্ড রয়েছে এই চাষাড়ার মোড়েই। এসব স্ট্যান্ডকে ঘিরে লাখ লাখ টাকার চাঁদাবাজি করে থাকে একটি চক্র। পুলিশের কিছু অসাধু ব্যক্তিও এর থেকে কিছুটা অংশ পেয়ে থাকে।

যার কারণে পুলিশ প্রশাসন এদের বিরুদ্ধে জোড়ালো কোনো ভূমিকা গ্রহণ করে না। তাদের নাকের ডগা দিয়েই এসব স্ট্যান্ড দিনের পর দিন চলে আসছে। তারা মনে করেন, বর্তমান পুলিশ সুপার অত্যন্ত ভালো মানুষ।

হয়তো তাকে ব্যর্থ প্রমান করতেই তার প্রশাসনের মাঝে ঘাপটি মেরে থাকা কিছু অসাধু ব্যক্তি এসব ব্যাপারে জোড়ালো ভূমিকা নিচ্ছে না। এতে করে পুলিশ সুপারের উপরই ব্যর্থতার দায়ভার বর্তায়।

এছাড়াও তারা বলেন, পূর্বের পুলিশ সুপার থাকাকালিন সময়ে শহরে এভাবে জুয়ার আসর বসানোর সাহস দেখাতে পারেনি জুয়াড়িরা। কিন্তু সাম্প্রতিক সময়ে চিহ্নিত জুয়াড়ি বড় শাজাহান বেশ কিছুদিন ধরে বীরদর্পে জুয়ার আসর চালিয়ে যাচ্ছে। এতে করে প্রশাসনের দুর্ণাম হলেও লাভবান হচ্ছে একটি অসাধু চক্র।

এই চক্রে কিছু বিশেষ পেশার লোক যেমন রয়েছে তেমনি প্রশাসনেরও কিছু অসাধু ব্যক্তি রয়েছে। যার কারণে একবার এই জুয়ার অসার উঠিয়ে দিলেও পরবর্তীতে তা আবার বসে যাচ্ছে।

তবে, পুলিশ জুয়ার আসরের বিরুদ্ধে একাধিকবার অভিযান চালিয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছিল। কিন্তু এরপরও এই চক্রটিকে নির্মূল করা সম্ভব হচ্ছে না। তাই প্রশ্ন উঠেছে, পুলিশ প্রশাসনের থেকেও কী বেশি শক্তিশালী যে কারণে পুলিশ অভিযানকেও পাত্তা দিচ্ছে না?

এ প্রসঙ্গে জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেন, “অবৈধ স্ট্যান্ডের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। এদের আটক করে জরিমানাও করি। তারপরও তারা এসে রাস্তা দখল করে স্ট্যান্ড করে। এদের থেকে পরিত্রাণ পেতে হলে বিআরটিএ থেকে কঠোর অভিযান জরুরী।

নিয়ম আছে একই গাড়ি যদি বারবার আইন লঙ্ঘন করে তবে তার রুট পারমিট বাতিল করার। আর এটা করতে পারে একমাত্র বিআরটিএ। তাদেরকে আমরা এ ব্যাপারে বলেছিও। এখন তারা যদি এ ব্যাপারে অভিযান চালায় তাহলে আমরা তাদেরকে শতভাগ সহযোগিতা করবো।”

শহরে বড় শাহজাহানের জুয়ার আসর প্রসঙ্গে পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “জুয়ার আইনটা এতটাই দুর্বল যে তাকে আটক করে আদালতে প্রেরণ করলে সে সামান্য কিছু টাকা জরিমানা দিয়ে জামিনে বের হয়ে যাচ্ছে। যার ফলে আমাদের অভিযানটাও তাদের গায়ে আর লাগছে না। তারা আবারও জুয়ার আসর বসায়।

এর থেকে পরিত্রাণ পেতে পুলিশের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে সচেতন মহল এবং সমাজের বিশিষ্ট নাগরিকদেরকেও এগিয়ে আসতে হবে। তারপরও আমরা এদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাচ্ছি, আরও চালাবো।”
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন