‘আমার মাইয়ার লাশটা খুঁইজা বাইর কইরা দেন। আমরা জিসা মনিরে জীবিত না হোক লাশটাও কি পাবো না। আর কিছু চাই না খালি লাশটা যাতে পাই।’ মা রেখা বেগমের আহাজারিতে ভারি হয়ে উঠেছে নিহত জিসা মনি’র বাড়ির পরিবেশ।
মেয়ের মৃত্যুর খবর জানার পর থেকেই বার বার মুর্ছা যাচ্ছেন তিনি। জ্ঞান ফিরলেই আদরের মেয়ের লাশের সন্ধানে আকুতি জানিয়ে চলেছে সকলের কাছে। গতকাল দেওভোগ আখড়া এলএন রোড এলাকার বাড়িতে গিয়ে দেখা যায় এ দৃশ্য। কথা হয় জিসা মনি’র পরিবারের সাথে।
কান্না জর্জরিত কণ্ঠে রেখা বেগম বলেন, জুলাইয়ের ৪ তারিখে সন্ধ্যার দিকে একটা ফোন আসছিলো আমার নাম্বারে। একটা ছেলে কণ্ঠ জিসা মনিকে চাইলে আমি জিসাকে ফোন দিয়ে দেই। কিন্তু ফোনটা পাওয়ার পরই সন্ধ্যা ৭ টার দিকে আমার মাইয়া তরকারি গরম করার কথা বইলা বাইর হয়। তারপর আর বাড়িতে ফিরে নাই।
আত্মীয়-স্বজন, জিসার বন্ধু-বান্ধব সবার বাসায় খোঁজ নেই। কিন্তু জিসা মনি কারো বাসায়ই যায় নি। যে কল পেয়ে মেয়ে বের হইছিলো সেই নাম্বারে ফোন দিয়ে বন্ধ পাই। ভাবলাম হয়তো কোনো ছেলের সাথেই গেছে। লোক লজ্জার ভয়ে কাউকে বলিও না। থানায় যাই না। যদি মেয়ের কোনো ক্ষতি হয়।
কিন্তু সাতদিন পার হইয়া যায় মেয়ে আমাকে একটা ফোনও দেয় না। পরে বাধ্য হয়ে ১১ জুলাই সদর মডেল থানায় একটা সাধারণ ডায়েরী করি। পুলিশকে ওই নাম্বারটা দেই। খোঁজ নিয়ে জানা যায় ওই ছেলের নাম রাকিব। ততদিনে ছেলের নাম্বার স্মার্ট ফোনে সেভ করা ইমোতে অটোর সাথে রাকিবের ছবি আসে। সেই ছবি নিয়েই বের হই আমি আর জিসা মনি’র বাবা।
কত জায়গায় যে ঘুরাইছে। পরে বন্দরে মাঝিপাড়া গিয়ে সন্ধান পাই। কত অনুনয় বিননয় করছি যে মেয়েটারে একটু দেখাইতে। কিন্তু রাকিব জানায় ও কিছু জানে না, আব্দুল্লাহ্ জানে। পরে আব্দুল্লাহ্র সাথে যোগযোগ করলে সে জানায় সে কিছু বলে না। পরে ওই এলাকার পঞ্চায়েতের মাধ্যমে পুলিশে দিয়ে দেয় ওদের। সেখানেই ওরা স্বীকার করে যে ওরাই আমার মেয়েটারে মাইরা ফালাইছে।
রেখা বেগম বলেন, অথচ কত খুঁজছি। ভাবছি যাই করছে সব মাইনা নিব। কিন্তু ওরা তো আমার মাইয়াটারে মাইরাই ফেলল। ওইটুকুন মাইয়ারে কেমনে পারলো ওরা মারতে। যাই করছে আমার মাইয়াটারে আমারে দিয়া দিত। আমি বুঝতাম মাইয়াটারে মারলো তারপর আবার লাশ নদীতে ভাসাইয়া দিল। কই পামু এখন ওরে। কই যামু আমি। কার কাছে চামু আমার মাইয়াটারে।
দেওভোগ এলএন রোড এলাকার স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর হোসেনের ছোট মেয়ে জিসা মনি। দুই মেয়েকে নিয়ে জাহাঙ্গীর হোসেন ও রেখা বেগমের সংসার। উকিলপাড়া এক হোসিয়ারীতে প্রোডাকশনে কাজ করেন তিনি। পর পর দু‘বার হৃদরোগে আক্রান্ত হয়ে বর্তমানে ঘরেই আছেন। আদরের কন্যাকে হারিয়ে নির্বাক জাহাঙ্গীর হোসেন।
চোখের পানি মুছতে মুছতে জাহাঙ্গীর হোসেন বলেন, দুই মেয়েকে নিয়ে আমার সংসার। আমার এই ছোট মেয়েটা অনেক সহজ সরল। বেশ কিছুদিন যাবৎ দেখছিলাম প্রায়ই ফোনে কথা বলে। জিজ্ঞাস করলেই বলতো বান্ধবী বৃষ্টি আর সাদিয়ার সাথে কথা বলি। ঘটনার দিন চোখের সামনে দিয়াই বের হয়। যে ডাকে তার কাছেই যায়।
এমন কিছু যে হচ্ছে আন্দাজ করতে পারি নাই। ছোট মানুষ, বয়সও কম। বুঝে নাই ভুল করছে। তাই বলে ওরা মাইরা ফেলবো। এখন লাশও খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন শুধু লাশটা চাই। মেয়েটারে শেষবারের মত দেখতে চাই। আর ওই নরপিচাশদের সর্বোচ্চ শাস্তি চাই। যাতে আর কোনো সন্তানের সাথে এমন করতে না পারে। আমাদের মত আর কোনো বাবা-মায়ের বুক খালি না হয়।
বড় বোন জেরিন জানায়, প্রায়ই ফোনে কথা বলতো। বলত বান্ধবীর সাথে কথা বলি। আমাকেও কখনও কিছু বলে নাই। ও যেদিন বাড়ি থেকে বের হয় আমরা তখন সবাই ঘরে কিন্তু আমরা কেউই বুঝতে পারিনি ও কোথায় যাচ্ছে।
খালাতো বোন তানিয়া আক্তার বলেন, ছোট্ট মানুষ বয়সও কম। ফোন বলতে মায়ের ফোনই চালাতো। এখন সে যে এমন কান্ড ঘটাচ্ছে সেটা আমরা আন্দাজ করতে পারি নি।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা শামীম আল মামুন জানান, নিহত জিসা মনি’র লাশ সন্ধানের চেষ্টা চলছে। বাংলাদেশের সকল থানা, নৌ ফাঁড়িগুলোতে ছবি ও তথ্য পাঠিয়ে দেয়া হয়েছে। এখন অপেক্ষা করা ছাড়া আর তেমন কিছুই করার নেই।
উল্লেখ্য, নারায়ণগঞ্জে পঞ্চম শ্রেণীর ছাত্রী জিসা মনি (১৫) নামে এক কিশোরীতে গণধর্ষণের পর শ্বাসরোধ করে করেছে তার প্রেমিক ও সহযোগীরা । পরে লাশ গুম করে দিতে শীতলক্ষ্যা নদীতে ভাসিয়ে দেয়া হয়।
এ ঘটনায় হত্যাকান্ডের মূলহোতা বন্দর উপজেলার বুরন্ডি খলিলনগর এলাকার আমজাদ হোসেনের ছেলে আব্দুল্লাহ (২২), বুরন্ডি পশ্চিমপাড়া এলাকার সামসুদ্দিনের ছেলে ও আব্দুল্লাহ্’র বন্ধু রকিব (১৯) এবং নৌকার মাঝি খলিলুর রহমান (৩৬) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) আদালতে স্বীকাররোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আসামীরা।


