‘রাঁদা দিয়ে চলছে কাঠ মসৃণ করার কাজ। অন্যদিকে কাঠের ওপর নকশা তুলতে ব্যস্ত দু’জন কারিগর। পাশেই বাটালী হাতে ষাটার্ধ্ব এক বৃদ্ধ তদারকি চালিয়ে যাচ্ছে। তার দেখানো মতই মনঃমুগ্ধকর লতা-পাতা আর ফুলেল নকশা তোলা হচ্ছে কাঠের টুকরোগুলোর ওপর।’
গতকাল সোনারগাঁয়ে নয়াপুর বাজারে নয়ন ফার্নিচারের দোকানে গিয়ে দেখা যায় এ দৃশ্য। কথা বলে জানা যায় ষাটোর্ধ্ব বৃদ্ধ লোকটির নাম মতিন হাজী। ৩৫ বছর যাবৎ আসবাবপত্রে নকশা করার সাথেই যুক্ত তিনি।
এক সময় বেশ সুনামধন্য নকশাকার হিসেবে নাম থাকলেও যন্ত্রের আচ্ছাদনে হাতে তোলা নকশার কদর কমে যাওয়ায় মতিন হাজীর কদরও কমেছে, এমনটাই জানালেন মতিন হাজী। বর্তমানে ভাতিজার কাঠের ফানির্চারের দোকানে কারিগরদের তদারকির কাজে নিযুক্ত আছেন তিনি।
এ দিয়ে চলে তার চার সদস্যের সংসার। কিন্তু করোনার কারণে দীর্ঘদিন দোকান বন্ধ থাকায় অর্থ সংকটে পড়েছেন মতিন হাজী। করোনার সময়ে ধার দেনা করে কোনো রকম সংসার চালাতে পারলেও কোরবানীটা দেয়া হয় নি।
মতিন হাজী বলেন, বাপ-দাদার ফার্নিচারের দোকান ছিলো। তাদের হাত ধরেই এ কাজে আসি। জুয়ানকালে দিনে দুই-তিন কাঠের খাট নকশি করে দিতাম। এখন আর পারি না। বয়স হইছে। চোখেও কম দেখি।
তাছাড়া হাতে নকশা করার ফার্নিচারের যে খাটনি তার মূল্যও পাই না। যন্ত্রের সাথে পাল্লা দিয়ে মানুষ কি আর পারবো। মানুষ এখন যন্ত্রের কাজ পছন্দ করে হাতের কাজের থিইকা। তবুও কি করমু অন্য কোনো কাজ তো আর জানি না। তাই এ পেশায়তেই আছি। চলতাছি আর কি আল্লাহ যেমন চালাইতাছে।’
শুধু মতিন হাজী নয় করোনায় বিপাকে পড়েছেন নারায়ণগঞ্জের কাঠমিস্ত্রীরা। নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা সরজমিনে বিভিন্ন ফার্নিচার তৈরীর দোকান ঘুরে কথা হয় একাধিক কাঠমিস্ত্রীর সাথে।
আড়াইহাজার তালতলা বাজার এলাকার বন্ধু ফার্নিচারের কারিগর শুভ মিয়া বলেন, এখন তো নকশা তোলার মেশিন থাকায় মানুষ একদম তৈরী আসবাবপত্র কিনতে চায়। কিন্তু আমরা অর্ডার ছাড়া বানাই না।
এদিক দিয়ে আমাদের ব্যবসার পরিসর যেমন কম তেমনি রোজগারও কম। করোনাভাইরাস আসার পর থেকে অবস্থা আরো খারাপ। অর্ডার নাই। যাই দু’একটা ছিলো। বিয়ের জন্য ফার্নিচার তৈরী হবে।
কিন্তু করোনার জন্য বিয়ে পিছিয়ে যাওয়ায় দুইটা অর্ডারই বাতিল হয়ে গেছে। আগাম টাকা যা দিয়েছে তাও খরচ করে ফেলেছি। অন্যদিকে চার মাসের দোকানভাড়া জমে আছে। কি করবো কিছুই বুঝে উঠতে পারছি না। এমন করে চলতে থাকলে টিকে থাকা মুশকিল হয়ে যাবে।
ফতুল্লা মাসদাইরবাজার এলাকায় গিয়ে কথা হয় কাঠমিস্ত্রী হালিম সরদারের সাথে। তিনি জানান, যে খাট বিক্রি করি ২৫ হাজার থেকে ৩০ হাজার টাকায় সে খাট ছেড়ে দিতে হচ্ছে ২০ হাজার টাকা দাম উঠলেই। লাভের চিন্তা করছি না, দোকানে পইড়া নষ্ট হওয়ার চেয়ে বিক্রি করে দেয়াই শ্রেয় মনে করছি।
কিছু করার নাই। চার-পাঁচটি অর্ডার বাতিল করে দেয়া হইছে। কিন্তু ফার্নিচার তো বানাইয়া ফেলছি। এগুলো কি করবো এখন। কোনোরকম কারিগর খরচ উঠাতে পারলেই ছেড়ে দিব। করোনায় এমনেও মারছে ওমনেও মারলো।
এদিকে চাষাড়া ডনচেম্বার এলাকা ঘুরে দেখা যায়, অধিকাংশ দোকান খুলে রাখা হলেও ক্রেতার অভাবে অবসর সময় কাটাচ্ছে দোকানদানরা।
বিক্রেতা মনিরুল জানান, করোনায় মানুষ খাবার যোগাতেই হিমশিম খাচ্ছে সেখানে আসবাবপত্র কিনবে কি করে। এটা তো আমরা বুঝি কিন্তু আমাদেরও তো পেট। এটাই আমাদের ব্যবসা।
এটা করি খাইদাই সবকিছু করি। কিন্তু বেচাকেনা না থাকলে কারিগর ,কর্মচারীরদের বেতন দিবো কিভাবে? এখন আল্লাহকে ডাকা ছাড়া কোনো উপায় নেই।


