Logo
Logo
×

বিশেষ সংবাদ

করোনায় নয়া যৌবনে শীতলক্ষ্যা 

Icon

শাহজাহান দোলন

প্রকাশ: ১০ আগস্ট ২০২০, ০৭:৩৩ পিএম

করোনায় নয়া যৌবনে শীতলক্ষ্যা 
Swapno

শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে নির্মাণ করা পাকা ঘাটলাতে গোসল করছে এক ঝাঁক তরুণ। এদের মধ্যে কেউ পানিতে গা ভাসিয়ে সাঁতার কাটছে আবার কেউ পানির নিচে ডুব সাঁতার দিচ্ছে।

এ সময় ঘাটলার উপর থেকে পানির নিচে ডুব সাঁতার দেওয়া ছেলেগুলোর গতিবিধি অনেকটাই স্পর্শ ভাবে লক্ষ্য করা যাচ্ছিল। সুতরাং এতেই বোঝা যায় শীতলক্ষ্যার পানি এখন কতটা পরিষ্কার ও স্বচ্ছ।

মূলত করোনায় কিছুদিন ডাইং কারখানা বন্ধ থাকায় এ-থেকে নির্গত বর্জ্য নদীর পানিতে না মেশা আর বর্ষাকালের অতিবৃষ্টি শীতলক্ষ্যাকে দিয়েছে এক নতুন রূপ।

পাশাপাশি বর্তমানে দেশে চলমান বন্যার কারনে বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়াতেও শীতলক্ষ্যার চিত্র অনেকটা পরিবর্তন হয়েছে। স্রোতের তীব্রতার সাথে নদীতে বেড়েছে বিভিন্ন প্রজাতির মাছের সংখ্যা।

তাই অনেক লোকজনকে এখন নদীর তীরে মাছ ধরতেও দেখা যাচ্ছে। এছাড়া প্রাচ্যেরড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জ শহরের পাশ দিয়ে বয়ে চলা এই নদীটি এখন দর্শনার্থীদেরও টেনে আনছে তাঁর বুকে।

বিকেল হলেই দেখা যায় পালতোলা নৌকা ও স্প্রিড বোট ভাড়ায় নিয়ে অনেকেই পরিবার পরিজন নিয়ে ঘুড়ে বেড়াচ্ছে নদীর মধ্যে। উপভোগ করছে উজ্জল রূপালী পানিতে ভরাট শীতলক্ষ্যার অপরূপ সৌন্দর্যকে। সব-মিলিয়ে শীতলক্ষ্যা যেনো ফিরে পেয়েছে পুরনো পরিচিতি।  

এদিকে, শনিবার (৮ আগষ্ট) বিকেলে শীতলক্ষ্যার তীরে ঘুরতে আসা কয়েকজন দর্শনার্থীর সাথে কথা হলে তাঁরা জানায়, ১ বছর আগের শীতলক্ষ্যা আর এই সময়ের শীতলক্ষ্যায় অনেক পার্থক্য। পূর্বে শীতলক্ষ্যার পারে আসলে দেখা যেতো কালো পানি টলটল করছে।

সাথে দুর্গন্ধতো আছেই। কিন্তু এখন নদীর পুরো চেহেরাই পাল্টে গেছে। শীতলক্ষ্যার পারে একটু বসলেই যেনো মনটা শীতল হয়ে যায়। অন্যদিকে কেউ কেউ বলছে, বর্ষাকাল চলে যাওয়ার পরপরই আবার বর্জ্য আর কালো পানিতে পরিপূর্ণ হয়ে যাবে শীতলক্ষ্যা।

তবে বিভিন্ন কল-কারখানা এবং ডাইংগুলো যদি ইটিপি ব্যবহারে সচেতন হয় সেক্ষেত্রে শীতলক্ষ্যা অনেকটাই বর্তমান রূপ নিয়ে টিকে থাকবে বলে আশা করছে তাঁরা।
 
বন্দর আমীন আবাসিক এলাকার বাসীন্দা হরি চন্দ্রদাশ নামে এক ব্যক্তির সাথে কথা হলে তিনি বলেন, নদীর পানি এখন অনেক পরিষ্কার হয়েছে। বিকেল হলেই লোকজন ঘুরতে আসছে নদীর পারে।

আর পানি পরিষ্কার হওয়াতে মাছও অনেক মাছও আসছে নদীতে এতে এলাকার লোকজন জাল এবং বংশি দিয়ে সেই মাছ ধরে বাজারে বিক্রিও করছে। তবে বর্ষাকাল চলে গেলে আবার মনে হয় পানি ময়লা হয়ে যাবে। 

সাত্তার নামে বন্দর রূপালী একলাকার এক যুবক বলেন, করোনার জন্য কিছুদিন ডাইংগুলো বন্ধ থাকাতে এবং বর্ষার কারনে পানি স্বচ্ছ। কিন্তু বর্ষাকাল গেলে আবার ডাইং কারখানার পানি দিয়ে নদীর অবস্থা বেগতিক হয়ে যাবে। তখন দুর্গন্ধে কেউ মাছ ধরাতো দূরের কথা সামনেও বেশিক্ষণ দাড়াতে পারবেনা। 

সূত্র বলছে, রেজিস্ট্রেশন ও নন-রেজিস্ট্রেশন মিলিয়ে ইটিপি প্রয়োজন এমন প্রায় ৫ শতাধিক ডাইং-প্রিন্টিংসহ দূষিত বর্জ নির্গতকারী প্রতিষ্ঠান রয়েছে নারায়ণগঞ্জে। এই কারখানা গুলোর দূষিত বিষাক্ত বর্জ পরিশোধন ছাড়াই বছরের পর বছর ধরে সরাসরি ফেলা হচ্ছে শীতলক্ষ্যাসহ বেশ কয়েকটি নদীতে।     
            
এদিকে পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে, নারায়ণগঞ্জ জেলায় ইটিপি স্থাপন করতে হবে এমন প্রতিষ্ঠানের সংখ্যা রয়েছে ৪০৮টি। এর মধ্যে ৩২২টি প্রতিষ্ঠানে ইটিপি স্থাপন করা হয়েছে। ৮৬টি প্রতিষ্ঠান এখনও ইটিপি স্থাপন করেনি আর ১৯টি প্রতিষ্ঠানে ইটিপি স্থাপনের কাজ চলছে।

তবে পরিসংখ্যানে সিংহভাগ প্রতিষ্ঠানে ইটিপি থাকলেও তা ব্যবহার করা হচ্ছে না বলেও অভিযোগ করছেন খোদ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। এতে অভিযান চালালেও নানা জটিলতার মধ্যে পড়তে হচ্ছে তাদের।  

এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাইদ আনোয়ার যুগের চিন্তাকে বলেন, নারায়ণগঞ্জে অনেক কারখানাতেই ইটিপি থাকার পরও তাঁরা সেটা ব্যবহার করেনা।

এতে শীত মৌসুমে তরল বর্জ্য নদীর পানি অতিমাত্রায় দূষিত করে তোলে। যারা এই নদী দূষণের জন্য দায়ী এদের আমরা প্রায় সময়তেই মামলা এবং জরিমানা করে থাকি। কিন্তু দেখা যায় এরা হাইকোর্ট থেকে আবার জামিন নিয়ে চলে আসে। গত এক বছরে নদীর পানি দূষণের দায়ে বিভিন্ন ডাইং কারখানাকে প্রায় ৯ কোটি ৬২ লাখ টাকা জরিমারা করা হয়েছে।

তিনি আরো বলেন, বর্ষার অতিবৃষ্টি আর করোনায় বহুদিন কল-কারখানা বন্ধ থাকায় শীতলক্ষ্যা নদী পানি এখন অনেক পরিষ্কার। আমরাও চাই শীতলক্ষ্যা নদীর পানি সব সময় এমন পরিষ্কার থাকুক। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন