মাটির স্তুপে পড়ে আছে একটি ছেলে। একের পর এক যুবক এসে কুপিয়ে যাচ্ছে তাকে। রক্তাক্ত অবস্থায় দীর্ঘক্ষণ পড়ে থাকলেও কেউ তাকে উদ্ধার করতে আসেনি। এক পর্যায়ে তার মৃত্যু হয়। হৃদয় বিদারক এমন দৃশ্যটি পাঠানটুলি এলাকার। ঈদের দিন রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার পাঠানটুলি এলাকায় শুভ নামে এক যুবককে এভাবেই কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।
এদিকে ঘটে যাওয়া ওই ঘটনার একটি ভিডিও প্রকাশ হলে ব্যাপক তোলপাড় শুরু হয় শহর ও শহরতলীজুড়ে। দীর্ঘশ্বাস ছেড়ে অনেকেই বলেন, মানুষ কতটা অমানবিক, নির্দয় হলে এমন ঘটাতে পারে। তা ভাবতেই শিহরে উঠেন অনেকে।
ঈদের বন্ধে জেলার আরও কয়েকটি স্থানে ঘটেছে হত্যাকাণ্ডের ঘটনা। সর্বশেষ আড়াইহাজার উপজেলার আড়াইহাজার-মদনপুর সড়কের স্থানীয় ব্রাহ্মন্দী ইউনিয়নের বৈলারকান্দি এলাকায় একটি বালু মাঠের পাশে জমে থাকা পানি থেকে হাত-পা বাঁধা অবস্থায় আসু মোল্লা নামে এক অটো চালকের লাশ উদ্ধার করে পুলিশ।
৬ আগস্ট বৃহম্পতিবার রাত ৯টার দিকে বাড়ি থেকে অটো নিয়ে বের হন। পরে আর বাড়িতে ফিরেনি। খবর পেয়ে নিহতের ভাই বেনু মোল্লা ঘটনাস্থলে এসে তার ভাইয়ের লাশ শনাক্ত করেন। তিনি জানান, আসু মোল্লা ৬ আগস্ট বৃহম্পতিবার রাত ৯টার দিকে বাড়ি থেকে অটো নিয়ে বের হন। পরে আর বাড়িতে ফিরেনি।
এদিকে গত ৩০ জুলাই থেকে ৮ আগস্ট অর্থাৎ এক সপ্তাহের মধ্যে জেলার তিন উপজেলায় ৫টি হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ আর উৎকণ্ঠা প্রকাশ করেছে মানুষ। তারা বলছে, গেল বেশ কিছুদিন নারায়ণগঞ্জের পরিস্থিতি স্থিতিশীল ছিল। কিন্তু হঠাৎ করেই এই জেলা যেন আবারও অশান্ত হয়ে উঠছে। অমানবিক হয়ে উঠছে মানুষ। হত্যার মত ঘটনা ঘটাচ্ছে যখন তখন। সামনের দিকে বড় রকমের কোনো ঘটনা ঘটে কিনা এ নিয়েও সন্দেহ প্রকাশ করেছে অনেকে।
সূত্র জানায়, সপ্তাহপূর্বে প্রথম হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে রূপগঞ্জ উপজেলায়। নজরুল ইসলাম নামে একজন গলমাধ্যমকর্মীর বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে রিফাত হাসানকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে কয়েকজন। ঘটনায় এজাহারনামীয় ৫জনসহ ৯ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে নিহতের পিতা।
অন্যদিকে সিদ্ধিরগঞ্জের ঠানটুলি এলাকায় মাদক ব্যবসার দ্বন্দ্বে শুভ নামে এক যুবককে ঈদের রাতে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। মাত্র এক বছর পূর্বে ব্রুনাই থেকে দেশে ফিরে এসেছিল সে। পাঠানটুলী বাসস্ট্যান্ড মোড়ে যুবলীগ নেতা শাহজাহানের বাড়ির সামনে কয়েকজন দুর্বৃত্ত রাম দা ও চাপাতি দিয়ে তাকে কুপিয়ে তাকে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় হৃদয় নামে একজনকে ৯ আগস্ট তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
এদিকে ৫ আগস্ট নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ’র পাশে একটি পুকুর থেকে আব্দুল্লাহ নামের একজন সিএনজি চালকের হাত পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। দুর্বৃত্তরা আব্দুল্লাহকে হত্যার পর একটি সিএনজির ভেতরে রেখে ওই পুকুরে ডুবিয়ে দেয়।
অপরদিকে আড়াইহাজার উপজেলায় ৬ আগস্ট আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আনোয়ার হোসেন (৪৭) নামে এক কৃষক নিহত হয়। তিনি উপজেলার কাদিরদিয়া পূর্বপাড়া এলাকার মৃত আবেদ আলীর ছেলে।
সূত্র জানায়, এসব হত্যা ছাড়াও জেলাজুড়ে গত কয়েকদিন ধরে বেশ কয়েকটি অনাকাক্সিক্ষত ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মানুষ। বলা হচ্ছে, জেলার পরিস্থিতি আবারও অশান্ত হয়ে উঠতে শুরু করেছে। হঠাৎ করে এমনভাবে পরিবেশ অশান্ত হয়ে উঠায় অনেকেই এ নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন। তাই প্রশ্ন উঠেছে আগামীতে বড় রকমের কোনো অঘটন ঘটতে পারে কিনা, এসব হত্যাকাণ্ড তারই আগাম বার্তা কিনা, এ নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।
এছাড়াও ঈদের পরদিন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জের কাউন্সিলর মতিউর রহমান মতি ও সাবেক কাউন্সিলর সিরাজ মণ্ডল গ্রুপের মধ্যে ব্যাপক সয়ঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় কমপক্ষে ৩০ জনের মত আহত হয়েছিলেন।
এসব ঘটনাগুলো বড় রকমের কোনো ঘটনারই আভাস দিচ্ছে। আগামীতে বড় রকমের কোনো ঘটতে পারে বলেই ধারণা করা হচ্ছে। ফলে পুলিশ প্রশাসনের আরও বেশি সতর্ক হতে হবে, সক্রিয় হতে হবে। নয়তো আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতি ঘটতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অ্যাড. মাহবুবুর রহমান মাসুম।
তিনি বলেন, ইতোপূর্বে পুলিশ সুপার হারুন অর রশীদ তার পুরো টিম নিয়ে পুরো জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছিলেন। এমন ঘটনাগুলো তখন সেভাবে ঘটতে পারেনি। বর্তমানে যিনি আছেন তার অবস্থানও ভালো। তারও সুনাম রয়েছে। তবে, তাকে আরও সক্রিয় হতে হবে। নয়তো পরিস্থিতি আরও ভয়াবহ পর্যায়ে যেতে পারে।
কেননা, আমরা দেখেছি এমন ঘটনা জেলাতে যখনই ঘটে তখন বড় রকমের কোনো ঘটনারই ইংগিত দেয়। ফলে আমি বর্তমান পুলিশ সুপারের প্রতি অনুরোধ করবো, তিনি যেন তার পুরো টিম নিয়ে আরও বেশি সক্রিয় হন।
এদিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম বলেন, অপহরণ করে খুন, ঘোষণা দিয়ে খুন, সংঘর্ষে খুন এ জাতীয় ঘটনাগুলো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি। প্রতিপক্ষ কাউকে ডেকে হঠাৎ করে হত্যা করে, স্বামী স্ত্রীর ঝগড়ায় খুন হয়, ভাই ভাইকে হত্যা করে এসব আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নয়। এসব ঘটনা সামাজিক অবক্ষয়।
এর প্রতিরোধ করতে হলে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। আমরা এসব ঘটনা ঘটার পর জোড়ালো অ্যাকশনে যাচ্ছি। পুলিশ সতর্ক রয়েছে। আমাদের গোয়েন্দা বিভাগও সক্রিয় আছে।
তিনি আরও বলেন, সিদ্ধিরগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। সেখানে আমার কঠোর ভূমিকা পালন করেছি। ইতোমধ্যে ৯ জনকে রিমান্ডেও নিয়েছি। তারা ক্ষমতাসীন দলের লোক। তারপরও কিন্তু কাউকে ছাড় দিচ্ছি না। আমরা এখানকার গণমাধ্যমকর্মীদের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাচ্ছি। এই যেমন আপনার সাথে কথা বলেও কিছু তথ্য পেলাম।
যা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের কর্মপরিকল্পনায় সহায়ক হবে। আপনাদের সহযোগিতা পেয়েছি বলেই এবার ঈদে কিন্তু কোনো রকম চাঁদাবাজি হতে দিই নি। সোনারগাঁ, আড়াইহাজারে কিন্তু গত কয়েক মাস ধরে কোনো রকম ডাকাতির ঘটনা নেই। আমরা বিশ্বাস করি আমাদের যে টিম রয়েছে সবাই অত্যন্ত অভিজ্ঞ। আমরা সবার সহযোগিতায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে দেব না।


