স্বাস্থ্যবিধি মানছেনা, যাত্রীদের পকেট কাটছে পরিবহনগুলো
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৮ আগস্ট ২০২০, ০৬:৩৬ পিএম
গত ৩১ মে দেশের বিভিন্ন রুটে চলাচলরত বাস ও মিনিবাসের ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে পরিবহন মন্ত্রণালয়। এ সময় বাংলাদেশ সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) প্রতিটি বাস-মিনিবাসকে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে বাস চালানোর নির্দেশ দেয়।
তাই ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচল করা প্রতিটি বাস-মিনিবাসকেই সরকারি এই নির্দেশনা পালন করার কথা থাকলেও বাস্তবে কিছু কিছু পরিবহন এই নির্দেশনা মানছেনা। এতে ভোগান্তিতে পড়ছে সাধারণ যাত্রীরা।
যাত্রীদের অভিযোগ, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলা করা আনন্দ, বন্ধু, বন্ধন, দুরন্ত পরিবহনসহ বেশ কয়েকটি বাসে অতিরিক্ত ৬০ শতাংশ বেশি ভাড়া নিয়েও অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রী বসানো হচ্ছেনা!
গতকাল নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস কাউন্টারে গিয়ে রহমান নামে এক যাত্রীর সাথে কথা হলে তিনি বলেন, আমি পোস্তখোলা যাওয়ার জন্য আনন্দ বাসে উঠেছিলাম। কাউন্টার থেকে আমার কাছ থেকে টিকেটের মূল্য ৩৬ টাকা (৬০ শতাংশ বেশি) রাখা হয়েছে।
কিন্তু বাসে উঠে আমি দেখি এরা স্বাস্থ্যবিধি অমান্য করে বাসের প্রতিটি আসনে যাত্রী উঠাচ্ছে! তাহলে আমার ৬০ ভাগ ভাড়া বেশি দিয়ে লাভ হলো কি? এই বিষয়ে আমি ভালোভাবে কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়ায় তারা উল্টো আমার সাথে খারাপ ব্যবহার করেছে।
একই রকম অভিযোগ করে শফিউদ্দিন নামে এক শিক্ষার্থী বলেন, করোনাকালে সাধারণ মানুষের পকেট থেকে বেশি টাকা যাক তবুও পরিবহন মালিকরা যাতে ক্ষতির মুখে না ধাবিত হয় তাই সরকার বাস ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধি করলো। কথা ছিলো শুধু স্বাস্থ্যবিধি মেনে এক সিট পরপর যাত্রী বসাতে হবে বাসে।
কিন্তু অনন্দ বাসে ভাড়া ঠিকই বেশি নিচ্ছে কিন্তু স্বাস্থ্যবিধি মানতে তারা নারাজ। এই বাসে ঈদের আগের দিন থেকে এখন পর্যন্ত পুরো বাস বোঝাই করে যাত্রী আনা-নেওয়া করছে বিভিন্ন স্থানে। আসলে আমরা সাধারণ মানুষ সবদিক থেকেই অবহেলিত!
জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক আনন্দ বাস কর্তৃপক্ষের এক সুপার ভাইজার বলেন, আমরা ঈদের আগে থেকেই বাসে অতিরিক্ত যাত্রী নিচ্ছি। আসলে ঈদের এই কয়েটা দিনই এমন হবে। এরপর আবার সব ঠিক হয়ে যাবে। আর যেসব যাত্রীরা বলছে যে আমরা তাঁদের সাথে খারাপ ব্যবহার করেছি তাঁরা মিথ্যা বলেছে। আমরা কারো সাথে কোন খারাপ ব্যবহার করি নাই।
এ বিষয়ে নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগের পুলিশ সুপার সালেহউদ্দিন আহম্মেদ যুগের চিন্তাকে বলেছেন, এর জন্য প্রতিদিনই আমরা বাসের চালকদের জরিমানা করছি। গতকালও কয়েকটি বাসের চালককে জরিমানা করা হয়েছে। এবং সামনে সরকারি নির্দেশনা না মানা হলে এর জন্য আরো কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। তাছাড়া বাসে কোনো যাত্রীর সাথে যদি কর্তৃৃপক্ষ কোনো খারাপ ব্যবহার করে সেটার বিষয়েও ব্যবস্থা নেয়া হবে।


