Logo
Logo
×

বিশেষ সংবাদ

আশ্বাসে শেষ দুই বছর, ফসল উঠেনি ঘরে

Icon

শামীমা রীতা

প্রকাশ: ০৮ আগস্ট ২০২০, ০৫:৫২ পিএম

আশ্বাসে শেষ দুই বছর, ফসল উঠেনি ঘরে
Swapno

সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর নিহতের ঘটনায় দেশব্যাপী ‘নিরাপদ সড়ক চাই’ দাবিতে সোচ্চার হয়ে উঠেছিল শিক্ষার্থীরা। এই ছাত্র আন্দোলনের ঢেউ ঢাকার পাশাপাশি সর্বোচ্চ ছিল নারায়ণগঞ্জে। টানা সপ্তাহজুড়ে নিরাপদ সড়কের দাবিতে দলমত নির্বিশেষে হাজারও শিক্ষার্থী নেমে আসে চাষাড়াসহ জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে। 

দেশ ছাপিয়ে বিশ্বজুড়ে আলোড়ন জাগানিয়া এই ছাত্র আন্দোলনের দুই বছর পেরুলেও এখনও পর্যন্ত নিরাপদ হয়ে উঠেনি সড়ক। বলা হয় আশ্বাসেই শেষ হয়েছে দুটি বছর কিন্তু ফসল উঠেনি ঘরে। যার আরও এক জ্বলজ্যান্ত উদাহরণ পর্বতারোহী রেশমা রত্না (৩৩)র মৃত্যু।

৭ আগস্ট রাজধানীর শেরে বাংলা নগর থানার লেক রোড এলাকায় সাইকেল চালিয়ে যাওয়ার সময় মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ হারান রেশমা রত্না। এর আগে সোমবার ২৮ জুলাই নারায়ণগঞ্জ শহরের দুই নম্বর রেলেগেট সংলগ্ন বঙ্গবন্ধু সড়কে বিআরটিসি বাসের চাপায় মর্মান্তিক মৃত্যু হয় শাহনাজ বেগম  (৫২) নামে এক বৃদ্ধার।

এদিকে প্রতিদিনই সড়ক দূর্ঘটনায় প্রাণ হারাচ্ছে মানুষ। কখনো বাস চাপায়, কখনো আবার চলতি পথে ট্রাকের ধাক্কায়, মুখোমুখি সংঘর্ষে প্রতিদিনই সড়কে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল।

কখনও কখনও কোনোরকম প্রাণ বাঁচানো গেলেও চিরতরে পঙ্গুত্ববরণ করতে হচ্ছে অনেককেই। আন্দোলনের দুই বছরেও সড়কে উল্লেখযোগ্য পরিবর্তন পরিলক্ষিত না হওয়ায় হতাশ সাধারণ শিক্ষার্থীরা ও ছাত্র সংগঠনগুলো। 

তাদের মতে সড়কের এ সকল সমস্যা নানা একদিনে হয় নি। ফলে এ ধরণের সমস্যার রাতারাতি কোনো পরিবর্তন সম্ভব না। কিন্তু গণপরিবহন খাতে যে ভয়াবহ বিশৃঙ্খলা চলমান রয়েছে সেটি দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগ না থাকা অত্যন্ত দূর্ভাগ্যজনক। পাশাপাশি চালক ও সাধারণ মানুষের সচেতনতা কামনা করেছেন তারা। 

সে সময় আন্দোলনে অংশগ্রহণ করা নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থী মারজিয়া মোস্তফা মাথিন জানান, নিরাপদ সড়কের দাবিতে আমরা আন্দোলন করেছি ঠিকই কিন্তু সরকার আমাদের নিরাপদ সড়ক দিতে পারেনি। এখনও সড়কে মানুষ প্রাণ হারাচ্ছে।

সড়কের মানুষের নিরাপত্তার সাথে যারা জড়িত তাদেরও আমরা এতদিনে উল্লেখযোগ্য কোনো ভূমিকা দেখিনি। এটা অবশ্যই হতাশাজনক। আমাদের জন্য দূর্ভাগ্যজনকও বটে। আমরা সড়কে মানুষের জানমালের নিরাপত্তা চাই। অন্যথায় পূনরায় আন্দোলনে নামতে আমরা দ্বিধাবোধ করবো না। 

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলার অর্থ সম্পাদক ফারহানা মানিক মুনা জানান, নিরাপদ সড়কের আন্দোলনের মধ্যে দিয়ে আমরা নারায়ণগঞ্জে সাইনবোর্ডে, চাষাড়ায় ওভারব্রীজসহ বিভিন্ন দাবি রাখি। কিন্তু দুই বছর পার হতে চললেও আমরা এর কোনোটারই বাস্তবায়ন হতে দেখিনি। এই আন্দোলনের মধ্যে দিয়ে রাষ্ট্রের তেমন কোনো পরিবর্তন হয় নি।

আইনের কিছুটা পরিবর্তন হলেও সড়কের মৃত্যু থামছে না। তবে সাধারণ মানুষ এ আন্দোলনের মধ্যে দিয়ে কিছুটা সচেতন হয়েছে। সড়কে গাড়ি চলাচলে লাইসেন্স করা, ড্রাইভিং লাইসেন্স নিশ্চিত করছে। এটা অবশ্যই একটি পজেটিভ পরিবর্তন। 

এ বিষয়ে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলার সভাপতি শুভ দেব জানান, ২০১৮ সালের সেই আন্দোলন বাংলাদেশের ইতিহাসে এক মাইলফলক সৃষ্টি করেছে। এই আন্দোলন শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে আলোড়ন তুলেছিলো।

স্কুল-কলেজের শিক্ষার্থীরা দেখিয়ে দিয়েছিলো ছাত্ররা একত্রিত হলে কোনো  কিছুই অসম্ভব নয়। কিন্তু রাষ্ট্র ব্যবস্থা বরাবরের মতই ব্যর্থ। সড়ক দূর্ঘটনা প্রতিদিনই মানুষ প্রাণ হারাচ্ছে। এ আন্দোলনের মধ্যে সড়ক দূর্ঘটনা কমেনি বরং বেড়েছে।

প্রসঙ্গত, ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে দ্রুতগতির দুই বাসের সংঘর্ষে রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী রাজীব ও দিয়া নিহত হয় ও ১০ জন শিক্ষার্থী আহত হয়।

এই সড়ক দুর্ঘটনার প্রেক্ষিতে নিহত দুই কলেজ শিক্ষার্থীর সহপাঠিদের মাধ্যমে শুরু হওয়া এই বিক্ষোভ পরবর্তীতে নারায়ণগঞ্জসহ সারাদেশে ছড়িয়ে পড়ে এবং নৌমন্ত্রীর পদত্যাগসহ ৯ দফা দাবিতে শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন