Logo
Logo
×

বিশেষ সংবাদ

বানের জলে দুর্ভোগে হাজারও মানুষ

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৮ আগস্ট ২০২০, ০৫:০৪ পিএম

বানের জলে দুর্ভোগে হাজারও মানুষ
Swapno

বুধবার রাতে ফতুল্লার চর কাশিপুরের দিঘলী এলাকার সাধারণ মানুষ প্রতিদিনের মতো ঘুমিয়ে ছিল। রাত প্রায় পৌনে ১১ টার দিকে হঠাৎ করেই ধলেশ্বরী নদীর পানির চাপে চর রাজাপুর এলাকার একটি সড়ক ভেঙ্গে যায়। আর এতে করে ঘুমন্ত মানুষের বাড়ি ঘর মুহূর্তেই তলিয়ে যায় পানিতে। পানির তোড়ে ভেসে যায় বেশ কিছু বাড়ি-ঘর। ভেঙে পড়ে একটি এক তলা ভবনও। 

অপরদিকে বক্তাবলীর পূর্ব গোপালনগর ও এনায়েতনগরের ধর্মগঞ্জ এলাকার কিছু নিম্নাঞ্চলে নদীর পানি প্রবেশ করেছে। এতে মানবেতর জীবন যাপন করছে কয়েক হাজার পরিবার। তবে, গত কয়েক দিনের তুলনায় উল্লেখিত এলাকার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে বলে জানা গেছে।

দেশের বেশ কয়েকটি জেলার মানুষ বন্যার কারনে পানিবন্দি হয়ে আছে। নারায়ণগঞ্জে নদ-নদীর পানিও বেড়ে চলছে। ইতিমধ্যে জেলার বিভিন্ন থানার এলাকায় প্রবেশ করেছে পানি। বিগত কয়েক বছরেও বানের পানি যে সমন্ত এলাকায় প্রবেশ করেনি এবার সে সমস্ত এলাকা পানিতে তলিয়ে গেছে। তবে, নারায়ণগঞ্জ সদর উপজেলার বেশ কিছু এলাকা অপরিকল্পিতভাবে ভরাট করার কারণে এতদিন যে সমস্ত এলাকায় পানি প্রবেশ করেনি, এবার সে সমস্ত এলাকায় পানির চাপে রাস্তা-ঘাট ভেঙে পানি প্রবেশ করেছে বলেও দাবি করেছেন অনেকে।

উত্তর নরসিংপুরের দীঘলী এলাকার একজন বাসিন্দা বলেন, কয়েক বছর আগেও উত্তর নরসিংপুরের যে সমস্ত এলাকা বর্ষা মৌসুমে পানি আসতো রাস্তাঘাট হওয়ার কারনে সেই পানি আর দেখা যায়নি। এ বছর নদীর পানি বাড়ার সাথে সাথে রাস্তা ভেঙে এলাকায় পানি প্রবেশ করেছে। তবে রাস্তাগুলো করার সময় পানি আসা যাওয়া করার জন্য কোনো প্রকার ব্যবস্থা না রাখায় বর্ষার পানি রাস্তা ভেঙে এলাকায় প্রবেশ করেছে। যদি পানি আসা যাওয়ার জন্য সড়কে পাইপ ব্যবহার করা হতো তাহলে এলাকার মানুষ আগে থেকেই সতর্ক থাকতো। বুধবার রাতে মানুষকে অবর্ননীয় দূর্ভোগ পোহাতে হয়েছে। 

এলাকাবাসী আরও জানান, যে রাস্তাটি ভেঙে গেছে সে রাস্তাটিতে স্থানীয় জনপ্রতিনিধি কোনপ্রকার সাঁকোর ব্যবস্থা না করায় মানুষের চলাচলের সমস্যা হচ্ছে। স্থানীয় ইউপি সদস্য শামীম আহম্মেদকে এ ব্যাপারে জানানোর পরও তিনি কোনো ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ এলাকাবাসীর। অপরদিকে বক্তাবলীর পূর্ব গোপাল নগরের বেশ কিছু এলাকা পানিতে তলীয়ে গেছে। ভোগান্তিতে পড়েছে কয়েক হাজার মানুষ। তবে, এলাকায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। 

এ ব্যাপারে কাশিপুর ইউপি চেয়ারম্যান এম সাইফ উল্লাহ বাদল বলেন, কাশিপুরের কিছু এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে। ইউনিয়ন পরিষদ থেকে যতোটুকু সম্ভব বন্যা কবলিত মানুষকে সহযোগীতা করার চেষ্টা করা হবে।

এব্যাপারে বক্তাবলী ইউপি চেয়ারম্যান এম শওকত আলী বলেন, পূর্ব গোপাল নগর বক্তাবলী ইউনিয়নের অংশ। কিছু  এলাকা পানিতে তলিয়ে গেছে। বন্যা কবলিত এলাকার জনগণকে ইউনিয়ন পরিষদ থেকে সহযোগিতা করার ব্যবস্থা করা হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন