Logo
Logo
×

বিশেষ সংবাদ

আসছে ইউপি নির্বাচন, চলছে হিসেব নিকেষ

Icon

ফরিদ আহম্মেদ বাধন

প্রকাশ: ০৭ আগস্ট ২০২০, ১০:৩০ পিএম

আসছে ইউপি নির্বাচন, চলছে হিসেব নিকেষ
Swapno

করোনাভাইরাসের কারণে থমকে গেছে বিশ্ব। বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। তবে পরিস্থিতি তেমন উন্নতি না হলেও কিছুটা স্বাভাবিক বলেই মনে করছে অনেকে। আগামী বছরের মার্চের শেষ দিকে ইউপি নির্বাচন শুরু করার বিধান রয়েছে। ইউপি নির্বাচন শেষ করতে হবে জুনের মধ্যে। 

এদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসে ইউপি নির্বাচনের প্রস্তুতির বিষয়ে একটি চিঠি এসেছে বলে নিশ্চিত করেছে একটি সূত্র। উপজেলা পরিষদেও এ সংক্রান্ত চিঠি দেয়া হয়েছে বলে জানা গেছে। তবে, দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে সদর উপজেলার ফতুল্লা ইউপি নির্বাচন আগামী নির্বাচনকালীন সময়ে হবে কিনা এ নিয়েও ধোঁয়াশা কাটেনি। 

সারাদেশে ৪ হাজার ৫৭১টি ইউনিয়ন পরিষদ রয়েছে। ২০১৬ সালের ২২ মার্চ শুরু হয়ে কয়েক ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচন শেষ হয়। বিধান অনুযায়ী ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হওয়ার ১৮০ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে। সেই অনুযায়ী আগামী ২০২১ সালের মার্চ থেকে ইউপি নির্বাচন শুরু হওয়ার কথা রয়েছে।

ইতিমধ্যে নারায়ণগঞ্জ নির্বাচন অফিসে নির্বাচন কমিশন থেকে আগামী ইউপি নির্বাচনের প্রস্তুতির বিষয়ে একটি চিঠি দেয়া হয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে। জেলা নির্বাচন অফিস থেকে ইতিমধ্যে উপজেলা নির্বাচন অফিসে এ বিষয়ে বেশ কিছু দিক নির্দেশনাও দেয়া হয়েছে বলে জানা গেছে। তবে, চিঠিতে কি উল্লেখ রয়েছে তা বিস্তারিত জানা যায়নি।

এদিকে করোনাকালীন সময়ে আগামী ইউপি নির্বাচন সদর উপজেলার অনেক জনপ্রতিনিধির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। করোনাকালীন সময়ে অনেক জনপ্রতিনিধি বাড়ির বাহির হয়নি। স্থানীয় ইউনিয়নবাসী অনেক জনপ্রতিনিধির কাছ থেকে সাহায্য দূরের কথা তাদের দেখাও পাননি।

এ নিয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলার প্রতিটি ইউনিয়নবাসীর মনে ক্ষোভও রয়েছে। এই ক্ষোভকে কাজে লাগাতে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীরা জনগনের সাথে যোগাযোগও বাড়িয়ে দিয়েছে। তবে করোনাকালীন সময়ে ইউপি নির্বাচনের পরিধি তথা নতুন দিক নির্দেশনা কি হবে তা নিয়েও চলছে নানা হিসেব নিকেষ।

হিসাব মতে, আগামী বছরের মার্চ মাসে যেসব ইউনিয়ন পরিষদের ৫ বছর মেয়াদ শেষ হবে সেই সব ইউনিয়ন পরিষদে নির্বাচন সম্পন্ন করতে হবে ঐ বছরের সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে আগামী বছরের মার্চের তৃতীয় সপ্তাহের মধ্যে। আর যেসব ইউনিয়ন পরিষদের মেয়াদ আগামী বছরের জুনের প্রথম দিকেই শেষ হবে, সেসব ইউনিয়ন পরিষদের নির্বাচন শেষ করতে হবে এ বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে আগামী বছরের মে মাসের মধ্যে।

অপরদিকে, ইউপি ও জেলা পরিষদসহ স্থানীয় স্থানীয় সরকারের আইন নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে নেতৃবৃন্দের মধ্যে আলোচনা হয়েছে। সেই আলোচনায় আইনে কিছু জটিলতাও রয়েছে বলে তারা ঐক্যমতে পৌছেছেন।

তবে আইন অনুযায়ী যদি ইউনিয়ন পরিষদ,উপজেলায় সঠিক সময়ে নির্বাচন দেয়া না যায় তাহলে ইউপি ও উপজেলায় প্রশাসক অথবা বিকল্প কিছু করার বিষয়টিও আলোচনায় রয়েছে। দেশে কোভিড-১৯র উপস্থিতি যেহেতু বিদ্যমান রয়েছে সেক্ষত্রে আগামী ২/৩ মাসের মধ্যে অবস্থার পরিবর্তন না হলে ইউপি ও উপজেলা নির্বাচনে কিছুটা পরিবর্তন হবে বলেও নিশ্চিত করেছেন সূত্র।
 
সদর উপজেলার ফতুল্লা ইউনিয়ন পরিষদে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন খন্দকার লুৎফর রহমান স্বপন। এই ইউনিয়নে মামলা জটিলতার কারনে নির্বাচন থমকে গেছে। যদিও মামলাটি নিষ্পত্তি হয়েছে বলে একটি কথা চাউর রয়েছে।

তবুও অদৃশ্য কারনে এই ইউনিয়নটিতে নির্বাচন দিতে পারছেনা জেলা নির্বাচন অফিস। সদর উপজেলার মধ্যে ফতুল্লা ইউপি’র নির্বাচনের দিকে এলাকার জনগন তাকিয়ে আছে। ইউনিয়নটির অনেক জনপ্রতিনিধি মৃত্যু বরণ করায় অনেক এলাকা উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত হচ্ছে বলেও অভিযোগ বিস্তর। আগামী ইউপি নির্বাচনেও ফতুল্লা ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে কিনা তা নিয়েও শংকা প্রকাশ করছেন অনেকে।

এব্যাপারে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার মতিয়ুর রহমান বলেন, নির্বাচন কমিশন থেকে ইউপি নির্বাচনের ব্যাপারে কোনো ধরনের চিঠি আসেনি। তাছাড়া ইউপি নির্বাচনের বিষয়টি আসবে পৌরসভার নির্বাচনের পর। ইউপি নির্বাচন ও পৌরসভার নির্বাচনের এখনো অনেক সময় বাকি রয়েছে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন