লুৎফর রহমানের বাঁশী এক সময় বিরহী যক্ষের কান্না হয়ে নারায়ণগঞ্জের বাতাসে কাঁপন তুলেছে। কান্নার এ সুর শ্রোতাকে একটি আবেশের ঘোরে আচ্ছন্ন করে মনকে ভারক্রান্ত করে তুলেছে। এ কারণেই তাকে বলা হতো নারায়ণগঞ্জের বাঁশীওয়ালা। তবে, তিনি শুধু বাঁশী নয়, তবলা এবং সঙ্গীত শিল্পীও ছিলেন।
১৯৪৭ সালে ভারত বিভাগের ঘনঘটাকালে কলকাতার খিদিরপুরে পিতা ডা. টি হোসেন এবং মা তাম্বিয়া বেগমের ঘরে লুৎফর ও সাইদুর রহমান দুই জমজ ভাইয়ের জন্ম। সাইদুর ছিলেন লুৎফরের পাঁচ মিনিটের বড়। জন্মের পরই তাদের নিয়ে পিতামাতা নারায়ণগঞ্জ চলে আসেন। বিগত শতকের ষাটের দশকে নারায়ণগঞ্জের সাংস্কৃতি চর্চায় লুৎফর-সাইদুর দু’ভাই ছিলেন অবধারিত অনুষঙ্গ ও অনুঘটক। সাইদুর গান গাইতেন, লুৎফর বাজাতেন বাঁশী। দু’ভাইয়ের সবচেয়ে বড় চমক ছিল, পরিবারের বাইরে কেউ তাদের দেখে চিনতে পারতো না, কে লুৎফর, আর কে সাইদুর। দুজনের ছিল একই চেহারা, একই পোশাক, একই ধরণের চুলের ছাট এবং তাদের বাচনভঙ্গিও একই রকম। দুজনের চলাফেরাও ছিল জোড়া বেঁধে মানিকজোড়ের মতো। তাই, যে কোনো অনুষ্ঠানে এ দু’ভাইয়ের উপস্থিতি ছিল অন্যদের জন্য একই সঙ্গে রহস্য ও চমকের মতো।
সুর সম্রাট তানরাজ খানের বংশধর ওস্তাদ গুল মোহাম্মদ খানের ছেলে ইয়াসিন খানের কাছে লুৎফর রহমানের সঙ্গীতে হাতেখড়ি। পরবর্তিতে তিনি সুরকার খুরশীদ আনোয়ারের কাছেও তালিম গ্রহণ করেছেন। ১৯৭৭ সালে তিনি প্রথম রেডিওতে সুযোগ পান। নানা ব্যাস্ততার মাঝেও সে সময় তিনি মাসে দু’বার ঊচ্চাঙ্গ সঙ্গীত অনুষ্ঠান রাগ লহরীতে বাঁশী বাজাতেন। সঙ্গীতের নানা ক্ষেত্রে নানা অবদানের পরও তিনি বংশীবাদক হিসেবেই খ্যাতি অর্জন করেন। বর্তমানে ৭২ বছর বয়সেও তিনি প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাঁশিবাদক হিসেবেই কর্মরত আছেন। তবে, তার জমজ ভাই সাইদুর রহমান মারা গেছেন ২০১৮ সালে।


