সকল জল্পনা-কল্পনা ও আশঙ্কা কাটিয়ে শান্তিপূর্ণ ভাবেই উদযাপিত হল পবিত্র ঈদুল আযহা। শেষ পর্যন্ত পশুর টান পড়ে গিয়েছিল। হাটগুলোতে পশুর বেচাকেনা ভাল হয়েছে। কোরাবানীর সংখ্যা খুব একটা হেরফের হয়নি।
নারায়ণগঞ্জ জেলায় সরকারিভাবে ১ লাখ পিস চামড়া সংগ্রহের টার্গেট ছিল। টার্গেট পূরণ হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বাসনা আখতার। জানতে চাইলে তিনি যুগের চিন্তাকে বলেন, জেলায় মোট ৯৯ হাজার ৯৬৩ টি চামড়া সংগ্রহ হয়েছে। এর মধ্যে গাভী/বকনা ছিল ১১ হাজার ৫৭০ টি, ষাড়/বলদ ৪৯ হাজার ১৬৯ টি ও মহিষ ৩৪৭ টি, ছাগল ৪১ হাজার ৩৫২ টি, ভেড়া ৭ হাজার ৫০৫ টি ও উট-দুম্বা ২০ টি। নারায়ণগঞ্জ সদর উপজেলায় গাভী/বকনা জবাই হয়েছে ১৩১০ টি, ষাড়/বলদ ৮৫৯৫ টি, মহিষ ৫৫টি, ছাগল ১০৪১২ টি ও ভেড়া ২৩৩৫ টি। বন্দর উপজেলায় জবাই করা হয়েছে গাভী/বকনা ৬৫১৫ টি, ষাড়/বলদ ৭১২৪ টি, মহিষ ১৫ টি, ছাগল ২৫১৫ টি ও ভেড়া ১০৯ টি। সোনারগাঁও উপজেলায় জবাই হয়েছে গাভী/বকনা ১০৭০ টি, ষাড়/বলদ ৭৯৮০ টি, মহিষ ৯৫ টি, ছাগল ১০৪৪৫ টি ও ভেড়া ১৩২২ টি। রূপগঞ্জ উপজেলায় জবাই হয়েছে গাভী/বকনা ১১২০ টি, ষাড়/বলদ ৭৪১০ টি, মহিষ ৫০ টি, ছাগল ৯৮৯০ টি ও ভেড়া ২০৫৯ টি। আড়াইহাজার উপজেলায় জবাই হয়েছে গাভী/বকনা ২০৫৫ টি, ষাড়/বলদ ৮০৬০ টি, মহিষ ১৩২ টি, ছাগল ৮০৯০ টি ও ভেড়া ১৬৮০ টি।
গতকাল বিকেলে দ্বিগুবাবুরবাজারে মাংসপট্টিতে এ ব্যাপারে নারায়ণগঞ্জের চামড়া ব্যবসায়ীদের সাথে আলাপকালে তারা যুগের চিন্তাকে বলেন, এবার জেলায় এক লাখ দশ হাজার পিস পশুর চামড়া সংগৃহীত হয়েছে। লোকসানের কোনো আশঙ্কা নাই। এবার চামড়ার উঠেছে সর্বোচ্চ ৫০০ টাকা। এখন চামড়া মজুদ করেছি। এক সপ্তাহ পর চামড়া বিক্রি করা হবে।
৫০০ টাকার চামড়া সংরক্ষণ করতে ১০০ টাকার লবণ লাগে। মোটামুটি ৮০০ টাকা দরে চামড়া বিক্রি করতে পারলে লাভ হবে। মৌসুমী ব্যবসায়ীদের কারনে গতবার লোকসান গুণতে হয়েছিল। এবার মৌসুমী ব্যবসায়ীরা মাঠে নামেনি। জেলায় প্রকৃত চামড়া ব্যবসায়ীর সংখ্যা ২০০ জন। এবার প্রকৃত ব্যবসায়ীরাই মাঠে ছিলেন। মৌসুমী ব্যবসায়ীরা ঠিকমত চামড়া কিনতে পারেনা বিধায় লোকসান খেতে হয়। যা এবার হয়নি।
জানা গেছে, নারায়ণগঞ্জ জেলায় গতবছর মার খেয়েছিল চামড়া ব্যবসায়ীরা। তবে এ বছরও তা হয়নি। এ বছর কোরবানির পশু বিক্রির টার্গেট ১লাখ। এবার টার্গেট ছাড়িয়ে গেছে। চামড়ার দাম ছিল স্থিতিশীল। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বাসনা আখতার বলেছেন, গতবছরের কারণ গুলি চিহ্নিত করে আমরা এ বছর প্রতিটি উপজেলায় চামড়া সংগ্রহকারী কসাই ও তাদের সহযোগীদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলাম। যাতে সঠিক পদ্ধতীতে চামড়া সংগ্রহ করা হয়।
সংগ্রহ করার সময়ে নষ্ট করে ফেললে চামড়ার দাম পাওয়া যায়না। তাই এবার আমরা আগে থেকেই উদ্যোগ নিয়েছিলাম। এ নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে সভা হয়েছে। সেখান থেকেও এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। গতবছর জেলায় ৬৬টি হাট বসেছিল। এবার হাটের সংখ্যা ছিল ৬১ টি। প্রশিক্ষণ পেয়ে চামড়া সঠিকভাবে সংগ্রহ করা হয়েছে।
একাধিক সূত্র জানিয়েছে, গত ২২ জুন সোমবার চামড়া শিল্প উন্নয়নের লক্ষ্যে গঠিত টাস্কফোর্সের দ্বিতীয় সভায় সভাপতিত্বকালে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছিলেন, আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে জেলা ও উপজেলা প্রশাসন সহায়তায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং ইসলামিক ফাউন্ডেশন উদ্যোগে মসজিদের ইমাম, মৌসুমী চামড়া ব্যবসায়ী, চামড়া ছড়ানোর সাথে জড়িতদের চামড়া ছড়ানো ও সংরক্ষণের বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
এ সময় তথ্য মন্ত্রণালয় ও লেদার বিজনেস প্রমোশন কাউন্সিলের মাধ্যমে ঈদের কয়েকদিন পূর্ব হতে টেলিভিশনে জনসচেতনতামূলক বিজ্ঞাপন প্রচারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা কার্যক্রম চালানোর সিদ্ধান্ত হয়েছিল। চামড়া ব্যবস্থাপনার সাথে জড়িত ব্যবসায়ীদের জন্য প্রয়োজনীয় আর্থিক সুবিধা নিশ্চিত করা হবে।
করোনা পরিস্থিতিতে চামড়া শিল্পের ব্যবসায়ীদের লাভের কথা বিবেচনা করে কাঁচা চামড়া ও লবণযুক্ত চামড়ার মূল্য নির্ধারণ করা হয়। এতে ব্যবসায়ীরা পর্যাপ্ত পরিমাণে চামড়া ক্রয় ও সংরক্ষণ করার সক্ষমতা অর্জন করবেন বলে ভার্চুয়ালি অনুষ্ঠিত এ সভায় আশা প্রকাশ করা হয়েছিল। শেষ পর্যন্ত সভার উদ্দেশ্য সফল হয়েছে। মোটামুটি ভাল ভাবেই চামড়া সংগ্রহ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র মতে, নামমাত্র মূল্যে কোরবানির পশুর চামড়া ক্রয়-বিক্রয়ে বাংলাদেশে ইতিহাস সৃষ্টি হয়েছিল গতবছর। এবারো ২০০ থেকে সর্বোচ্চ ৬০০ টাকায় গরুর চামড়ার দরে হতবাক হয়েছে পশু কোরবানিদাতা ও দেশের সাধারণ মানুষ। আর প্রকৃতমূল্য না পাওয়ায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের এতিম, দুস্থ মানুষ ও লাখ লাখ দরিদ্র শিক্ষার্থী।
সরকার নির্ধারিত মূল্যকে তোয়াক্কা না করে মওসুমি ব্যবসায়ীরা নামমাত্র দামে পশু কোরবানিকারীদের কাছ থেকে কাঁচা চামড়া কিনেছে। এ দিকে চামড়ার দাম কমে যাওয়ার পেছনে ব্যবসায়ীদের কারসাজি ছিল বলে মন্তব্য করেছিলেন বাণিজ্যমন্ত্রী। আর বিভিন্ন এতিমখানা ও মাদরাসার সংশ্লিষ্টরা বলছেন, একটি ব্যবসায়ী সিন্ডিকেট বিভিন্ন খাতের মতো এখানেও লুটপাট করে খাওয়ার জন্যই কাঁচা চামড়ার মূল্য নিয়ে খেলছে।
গতবছর কমদামে বিক্রি না করে কোরবানির পশুর কয়েক হাজার চামড়া সড়কে ফেলে দিয়েছে নারায়ণগঞ্জের মৌসুমী ব্যবসায়ীরা। এবার সেই চিত্র দেখা যায়নি। তবে চামড়ার দাম করোনার কারনে পড়ে গিয়েছে।


