Logo
Logo
×

বিশেষ সংবাদ

আরও একটি সাত খুনের আশঙ্কা!

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৬ আগস্ট ২০২০, ০৫:৫২ পিএম

আরও একটি সাত খুনের আশঙ্কা!
Swapno

দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব ছিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম এবং ৪ নং ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেনের মধ্যে। যার শেষ হয়েছিল সাত খুনের মত ঘটনায়। বর্তমানে আবারও তেমন নৃশংস ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করছেন সিদ্ধিরগঞ্জের অনেকেই। 

তারা বলছেন, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি ও একই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডলের মধ্যে বহুদিন ধরেই দ্বন্দ্ব, সংঘাত চলে আসছে। এসব দ্বন্দ্বের কারণে দুই গ্রুপের মধ্যে প্রায়সময় ঘটে সংঘর্ষের ঘটনা। দুই গ্রুপের মধ্যে রক্তপাতের ঘটনাও কম হয়নি। তাদের এ দ্বন্দ্বের নেপথ্যে রয়েছে আধিপত্য বিস্তার।

সূত্র জানায়, সর্বশেষ ২ আগস্ট রাত ১০ টার দিকে মতি ও সিরাজ মন্ডল গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। ৬ নম্বর ওয়ার্ডের সুমিলপাড়া এলাকায় ওই সংঘর্ষের ঘটনায় উভয় গ্রুপেরই প্রায় অর্ধ শতাধিক আহত হয়েছিল। 

এছাড়া ওই সংঘর্ষের ঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের হয়েছে। যার একটির বাদী পুলিশ অপর দুটি মামলা হয়েছে ৫ আগস্ট। 

যার একটি কাউন্সিলর মতিউর রহমান মতিকে প্রধান আসামী করে আশরাফ উদ্দিন, নাজির, পানি আক্তার, মানিক, হান্নান, জোবায়ের আলম হিরা, সোবাহান, সুমন, সোহাগসহ ২৩ জন আসামী করে মামলা করেন সিরাজ মণ্ডল গ্রুপের ইয়াসমিন। 

অপর মামলায় সিরাজুল ইসলাম মণ্ডলকে প্রধান আসামী করে ৫৬ জনের নাম উল্লেখ ও আরও ২০-২৫ জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেন কাউন্সিলর মতির সমর্থক লিটন। এ মামলার অন্যান্য আসামীরা হল, মজিবুর রহমান মন্ডল, কাজী আতাউর, স্বপন মণ্ডল, শাকিল, কসাই বাবু, মোফাজ্জল হোসেন মুন্সী, আরশাদ গাজি, আয়নুল হক, ফারুক হোসেন বাক্কু প্রমূখ।

এদিকে পুলিশ জানিয়েছে ইতোমধ্যে উভয় গ্রুপের ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে, তারা হলেন, মজিবুর রহমান মন্ডল, আলমগীর হোসেন, মাঈনুদ্দিন, খোকন, শাহ আলম শুভ, রুবেল, মাজেদা, আল-আমিন, জনি, আল-আমিন (২), মোসাদ্দেক, মাসুদ রানা, রায়হান, ইমন, পাবেল, আবুল হোসেন ও অজ্ঞাত আরেকজন। প্রথম ৯ জনকে ঘটনার দিন রাতেই আটক করা হয়েছিল। মামলা দায়ের করার পর ৪ আগস্ট দুপুরে এলাকায় অভিযান চালিয়ে আরো ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সূত্র জানায়, দীর্ঘ কয়েক বছর ধরেই মতি ও সিরাজ মণ্ডলের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছে। এই দুই গ্রুপ প্রায় সময়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। গত ১০ বছর ধরে তাদের এই দ্বন্দ্ব। 

সাংসদ শামীম ওসমান অনুসারি হিসেবে এই দুজন পরিচিত হলেও আধিপত্য বিস্তারে তারা কেউ কাউকে ছাড় দিতে রাজি নন। যার কারণে গত ১০ বছরে এই দুই গ্রুপের মধ্যে অন্তত অর্ধশত বার রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

স্থানীয় এলাকাবাসী জানায়, কদিন পরপরই এই দুই গ্রুপের মধ্যে নানা অজুহাতে সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনায় পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভীত সন্তস্ত্র হয়ে পড়ে মানুষজন। এক পক্ষ অপর পক্ষের বাড়ি ঘরসহ ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগের মত ঘটনাও ঘটিয়েছে এ পর্যন্ত। 

সূত্র বলছে, ২০১১ সাল থেকে ২০১৬ পর্যন্ত ৬ নং ওয়ার্ডেরে কাউন্সিলর ছিলেন সিরাজুল ইসলাম মণ্ডল। সেসময় মতি গ্রুপের লোকজন তার প্রভাবে বেকায়দায় ছিলেন। বলা চলে এই গ্রুপের লোকজন প্রায় সবাই ছিলেন কোণঠাসা। পরবর্তীতে পাশার দান উল্টে যায়। কাউন্সিলর হন মতি। তিনি বর্তমানে সিটি করপোরেশনের প্যানেল মেয়র-২। 

ফলশ্রুতিতে তার লোকজন পূর্বের থেকে আরও বেশি বেপরোয়া হয়ে উঠে। আধিপত্য বিস্তারে মরিয়া হয়ে উঠে তারা। এই আধিপত্য বিস্তারের লক্ষ্যে তারা কেউ কাউকে এক চুলও ছাড় দিতে রাজি নয়।

ফলশ্রুতিতে তাদের দ্বন্দ্ব সংঘাত লাঘবের পরিবর্তে দিন দিন তা আরও ভয়াবহ রূপ ধারণ করছে। ফলে আগামীতে এই দুই গ্রুপের সংঘর্ষের শেষ পরিণতি হত্যাকাণ্ডের মধ্য দিয়েই সমাপ্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

সূত্র আরও জানায়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জ অংশের ২ নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম এবং চার নং ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেনের মধ্যকার একই রকম দ্বন্দ্ব ছিল। তারা দুজনও ছিলেন শামীম ওসমান অনুসারি। 

আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব ছিল দুই গ্রুপে। এক গ্রুপর অপর গ্রুপকে কোণঠাসা করার লক্ষ্যে নানা ধরণের কূটকৌশলেরও আশ্রয় নিত। শেষ পর্যায়ে এসে দুই গ্রুপই ধ্বংস হয়েছে। এরমধ্যে কাউন্সিলর নজরুল ইসলামসহ ৭ জনকে দিতে হয়েছিল প্রাণ আর এই সাত খুনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী হয়ে কনডেম সেলে মৃত্যুর প্রহর গুণছেন নূর হোসেন। 

তাই অনেকের ধারণা মতি ও সিরাজ মণ্ডলের এই সংঘর্ষের শেষ পরিণতি তেমন কোনো নৃশংস হত্যাকাণ্ডের মধ্য দিয়েই সমাপ্ত হতে পারে। 

সচেতন মহল বলছে, মতি ও সিরাজ মণ্ডল গ্রুপের এই দ্বন্দ্বে আগামীতে ভয়াবহ রূপ নিবে। যেমন নিয়েছিল নজরুল ও নূর হোসেনের ব্যাপারে। তাই তেমন কিছু ঘটার পূর্বেই তাদের দুজনের লাগাম টেনে ধরা অত্যন্ত জরুরী। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন