কমছে করোনা সংক্রমন, স্বস্তিতেও আছে শঙ্কা
নুসরাত জাহান সুপ্তি
প্রকাশ: ৩০ জুলাই ২০২০, ০৪:৩৮ পিএম
করোনার হটস্পট হিসেবে চিহ্নিত নারায়ণগঞ্জের দৃশ্যে এখন ব্যাপক পরিবর্তন। দেশে করোনায় প্রথম আক্রান্ত তিনজনের দুজনই ছিল নারায়ণগঞ্জবাসী। এরপর দেখতে দেখতে মাসখানেক সময়ের মধ্যে আশঙ্কাজনক হারে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পায়।
তবে বিগত কয়েক সপ্তাহে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা কমে যাওয়ায় সাধারন মানুষের মাঝে ফিরেছে স্বস্তি। তবে জেলাজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যায় হঠাৎ উল্লম্ফন হওয়ার শঙ্কা করছে জেলা স্বাস্থ্য বিভাগ।
জেলা স্বাস্থ্য বিভাগের সূত্রমতে, নারায়ণগঞ্জে করোনা আক্রান্তের হার অনুযায়ী এপ্রিল মাসে ২৯.৩২ শতাংশ, মে মাসে ২০.০৮ শতাংশ, জুন মাসে ১৮.৩৬ শতাংশ, সবশেষ জুলাই মাসে ১৩.১৮ শতাংশ তালিকা প্রস্তুত করা হয়।
তবে সবশেষ গত সপ্তাহে করোনায় আক্রান্ত হয়েছে ৫.৪৪ শতাংশ। এ সময়ে জেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১ হাজার ২৪৯ জন। এদের মধ্যে আক্রান্ত হয়েছেন ৬৮ জন। মারা গেছে ১ জন। ৯৮ শতাংশ সুস্থ হয়েছেন।
করোনার সংক্রামণ কমে যাওয়ায় মানুষের মাঝে ফিরেছে স্বস্তি। তবে এই অবস্থায় মানুষ ভুলেছে স্বাস্থ্যবিধি। স্বাস্থ্যবিধি না মেনে উদাসীন ঘুরোঘুরি করছে মানুষ। বিধায় বর্তমান পরিস্থিতিতে করোনা ভাইরাসে সংক্রামণের সংখ্যা অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
সরজমিনে ঘুরে দেখা যায়, জেলার শহরে মানুষ মাস্ক ও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি না মেনেই চলাচল করছে। মার্কেট ও ফুটপাতে মানুষের মাঝে সামাজিক দুরুত্ব নেই । স্বাস্থ্যবিধির বালাই নেই। ঠেসাঠেসি করে কেনাকাটা করছে মানুষ ।
স্বাস্থ্যসুরক্ষা না মেনেই যাতায়াত করছে। একই অবস্থা সিটি করপোরেশন ও সদরউপজেলা এলাকার পশুর হাটে। হাটে ঘুরে স্বাস্থ্যবিধি মানার কোন দৃশ্য চোখে পড়ে না। জেলায় স্বাস্থ্যবিধির ব্যবস্থা না করেই অধিকাংশ পশুর হাট বসেছে। এদিকে হাটে করোনা সংক্রমণ রোধে প্রশাসন থেকেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়নি।
জেলা সির্ভিল সার্জন ডা.মোহাম্মদ ইমতিয়াজ করোনার বর্তমান পরিস্থিতি নিয়ে স্বস্তি ও ভবিষ্যত নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেন, করোনায় পূর্বে প্রায় ১০০ জন পরীক্ষা করলে ৩০ জন আক্রান্ত হয়েছে। কিন্তু সেখানে এখন এক সপ্তাহে ১ হাজার ২৪৯ নমুনার মধ্যে আক্রান্ত হয়েছে ৬৮জন।
পূর্বের তুলনায় সেটা অনেক কম। পূর্বের মতো সংক্রামণ হলে এই নমুনায় কমপক্ষে ৫০০ জন আক্রান্ত হতো। আমাদেরকে করোনার পরিস্থিতি এই অবস্থা থেকে আরো ভালো করতে হবে।
করোনার পরীক্ষার সংখ্যা হ্রাস পাওয়ার ক্ষেত্রে তিনি বলেন, করোনা পরীক্ষার ক্ষেত্রে অর্থ অবশ্যই একটা গুরুত্বপূর্ন বিষয়। আগে মানুষ অযথাও করোনা পরীক্ষা করত। কিন্তু এখন সেটা কমেছে। তবে পরীক্ষা কম হওয়ার পিছনে আরো কিছু কারণ রয়েছে। অনেকে অর্থের কারণে করে না আবার মানুষের মাঝে উদাসীনতা রয়েছে।
পরীক্ষায় পজেটিভ আসলে সামাজিক আচরণের ভয়ও মানুষের মাঝে বিদ্যমান। তবুও যাদের মাঝে সংশয় রয়েছে তারা পরীক্ষা করাচ্ছে। করোনার হার দেখে বলা যায় আক্রান্তের সংখ্যা কমছে।
পশুর হাটে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়ে ডা. মোহাম্মদ ইমতিয়াজ বলেন, প্রশাসন থেকে হাটের ইজারারাদারদের যেসব নির্দেশনা দিয়েছে সেসব মেনে চলতে হবে। হাটে নিরাপদ দুরত্ব রাখার জন্য মাইকিং করতে হবে।
গরুর বর্জ্য দ্রুত পরিষ্কার করে জীবানুনাশক ছিটিয়ে দিতে হবে। হাটে ভ্রাম্যমান মেডিকেল টিমের ব্যবস্থা রাখতে হবে। এবং এসকল বিষয় হাটে মানা হচ্ছে কিনা সেই বিষয়ে প্রশাসনকে তদারকি করতে হবে।
স্বাস্থ্যবিধি না মানায় পরিস্থিতি পূর্বের ন্যায় হতে পারে বলে সংশয় প্রকাশ করে সিভিল সার্জন বলেন, জেলাবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। নয়তো আবারো আক্রান্তের সংখ্যা বাড়বে।
ঈদের পরে করোনার হার দেখেই এই অবস্থার পরিণতি বোঝা যাবে। করোনার পরিস্থিতি ভালো করতে হলে প্রশাসনকে সহয়তা করে মানুষকে সচেতনভাবে চলতে হবে।
নিরাপদ দুরুত্ব রেখে ঈদের জামাতে নামাজ আদায় করতে হবে। তবে কেউ অসুস্থ ও বয়স্ক হলে বাসায় ঈদের জামাত আদায় করা উচিত। স্বাস্থ্যবিধি মেনে চললেই করোনা যুদ্ধে জয়ী করা সম্ভব।


