Logo
Logo
×

বিশেষ সংবাদ

জমেনি হাট, লোকসানের শঙ্কা

Icon

প্রকাশ: ৩০ জুলাই ২০২০, ০৪:০২ পিএম

জমেনি হাট, লোকসানের শঙ্কা
Swapno

করোনা পরিস্থিতির মধ্যেও নারায়ণগঞ্জের কোরবানির পশুর হাট গুলোতে প্রচুর গরু উঠেছে। ছোট থেকে মাঝারি ও বড় গরুতে হাটগুলো পরিপূর্ন। তবে, হাটে ক্রেতা খুঁজে পাওয়া মুশকিল।

বুধবার (২৯ জুলাই) দুপুরে সরেজমিনে এমন দৃশ্য দেখা যায়। এদিকে হাটে ক্রেতা না থাকায় চিন্তার ভাজ পড়েছে বেপারীদের কপালে। হতাশায় ভূগছেন হাট ইজারাদাররাও। 

ঈদের হাটে গরু বিক্রির আশায় বসে থাকা খামারি ও গরু ব্যবসায়ীদের দুশ্চিন্তার শেষ নেই। ভালো দাম পাওয়ার আশায় খামারিরা গরু-ছাগল পরিচর্যা করেন। ক্রেতা কম থাকায় ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন তারা।

কম দামে গরু বিক্রি করলে আসল পুঁজিও উঠবে না খামারিদের। একই সাথে গরু বিক্রি কম হলে হাসিল আদায়ও কম হবে ইজারাদারদের।

সরেজমিনে দেখা যায়, ফতুল্লার ডিআইটি মাঠ, আলীগঞ্জ, পাগলা, গোগনগর, জালকুড়ি, শান্তিধারা ও আশপাশের হাট গুলোতে চোখে পড়ার মত গরু উঠেছে। কিন্তু গত মঙ্গলবার ও বুধবারের বৃষ্টিতে হাট গুলো কাদা-পানিতে পরিনত হয়েছে। হাটে চলাচলে ঝুঁকি বেড়েছে।

হাটে এমনিতেই ক্রেতা নেই, স্বল্প সংখ্যক ক্রেতা যারা গরু কিনতে এসেছেন, তারা ঘুরেফিরে পছন্দসই গরু খুঁজতে পারছেন না। জুতা পায়ে হাটতে গিয়ে কাদায় আটকে যেতে হচ্ছে।

নিরুপায় হয়ে অনেকেই জুতা হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। অধিকাংশ গরুর গায়ে কাদা। বেপারিদের অনেকেই খোঁয়াড়ের সামনে বালি ফেলে ক্রেতাদের শুকনো জায়গায় দাঁড়ানোর ব্যবস্থা করতে ব্যস্ত।

ফতুল্লার সাইনবোর্ড শান্তিধারা হাটে আসা ফরিদপুরের ভাঙ্গার গরু বেপারি তোফাজ্জল হোসেন বলেন, “করোনার মধ্যেও অনেক আশা কইরা হাটে গরু নিয়া আইছি। কিন্তু গতবারের মত এতো বেশি মানুষজন নাই। এখনও একটাও বেঁচতে পারি নাই। হাতে মাত্র দুইদিন সময় আছে। বৃষ্টির কারণে বেচাকেনার সর্বনাশ হয়ে গেছে। আগামী দুই দিন কি হয় আল্লাহই ভালো জানেন।” 

ফতুল্লা হাটে আসা ইসমাইল বেপারী বলেন- “২৬ জন মিলে ৩১টি গরু নিয়ে এসেছি। লাল রংয়ের বড় আকৃতির একটি গরুটির দাম ১ লাখ ৬০ হাজার টাকা চেয়েছিলাম। গতকাল এক ক্রেতা ১ লাখ ৩০ হাজার টাকা পর্যন্ত দাম করেছিল।

আর কিছু বাড়ালে তিনি গরুটি ছেড়ে দিতেন। এমন সময় বৃষ্টি নামার কারণে ক্রেতা আর আসেননি। আজ একজন ক্রেতা আরও ১০ হাজার টাকা কম ১ লাখ ২০ হাজার টাকা দাম বলেছেন।”

ফতুল্লা ডিআইটি মাঠের হাট ইজারাদারদের পক্ষ থেকে একজন বলেন- “বৃষ্টির কারণে যেখানে পানি জমেছে, আমরা সেখানে বালু দিয়ে ভরাট করেছি। এই হাটে পানি-কাদার কোন সমস্যা নেই। হাট ভর্তি গরু।

তবে, ক্রেতা তুলনামূলক কম। আর মাত্র দু’দিন আছে। এই দু’দিনে বেচা বিক্রি কেমন হয় তা বলা যাচ্ছে না। তবে, পরিস্থিতি দেখে ভালো মনে হচ্ছে না। দেখি আগামী দু’দিনে কি হয়!”

আলীগঞ্জ হাটেও প্রায় একই অবস্থার কথা জানালেন হাট কর্তৃপক্ষ। হাটে প্রচুর গরু উঠলেও বেচা-বিক্রি নেই। এই দু’দিনে কি হয় তা বলা যাচ্ছে না। তবে, শুক্রবার বেচা বিক্রি ভালো হওয়ার সম্ভাবনা দেখছেন তারা। 

শান্তিধারা হাটে গিয়ে দেখা যায়, গরুর আমদানির তুলনায় ক্রেতা কম। গতবছর যে গরুর দাম ৭০-৭৫ হাজার টাকায় বিক্রি হয়েছিল এবার সেরকম গরুর দাম ৫০-৬০ হাজার টাকা বলছেন ক্রেতারা। আর ১ লাখ টাকায় বিক্রি হওয়া গরুর দাম সর্বোচ্চ ৮০ হাজার টাকা বলছেন ক্রেতারা।
 
হাটে গরু কিনতে আসা খতিবুর রহমান বলেন, ‘করোনার কারণে গরুর বাজার জমে উঠেনি। হাটে গরু দেখতে পাচ্ছি তবে ক্রেতাদের সমাগম কম। ঈদ ঘনিয়ে আসলে বাজার জমে উঠতে পারে।’ 

সূত্র বলছে, আসন্ন কোরবানির জন্য জেলায় ১ লাখ পশুর চাহিদা রয়েছে। এখানে চাহিদার কোনো ঘাটতি হবে না। করোনার কারণে এবার কোরবানির পশু বিক্রির বিষয়টি মানুষের ক্রয় ক্ষমতার ওপরও অনেকাংশে নির্ভর করবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন