নারায়ণগঞ্জে সিএনজি অটোরিকশা চালকদের স্বেচ্ছাচারিতা থামছে না। বাধ্যতা মূলক হলেও সিএনজিতে মিটার নেই। ফলে নিয়মবহির্ভূত ভাবে অতিরিক্ত ভাড়া দাবি এবং তা আদায়ও করছেন সিএনজি (থ্রি-হুইলার) চালকরা। একই সাথে যাত্রীর ইচ্ছানুযায়ী নির্দিষ্ট স্থানে যেতে না চাওয়ার অভিযোগও রয়েছে বেশ।
সূত্র বলছে, গত ২০১৫ সালের ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ সড়ক পরিবহন কর্র্তৃপক্ষ একটি প্রজ্ঞাপন জারি করে। এতে ৬০০ টাকার দৈনিক জমা বাড়িয়ে ৯০০ টাকা করা হয়। একই সাথে যাত্রী ভাড়াও বৃদ্ধি করে কর্তৃপক্ষ। প্রথম দুই কিলোমিটারের ভাড়া ২৫ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করা হয়।
পরবর্তী প্রতি কিলোমিটারের ভাড়া ৭.৬৪ টাকা থেকে বাড়িয়ে ১২ টাকা করা হয়। আর বিরতিকালের জন্য ভাড়ার হার প্রতিমিনিটে ৬০ পয়সা করে বাড়িয়ে ২ টাকা করা হয়। একই সাথে অল্প দুরত্বের ভাড়া ২৫ টাকা থেকে বাড়িয়ে ৪০টাকা করা হয়। কিন্তু কার্যত এর ছিটে ফোটাও মানছে না চালকরা।
মঙ্গলবার বিকেলে আদনান নামে এক ভুক্তভুগি দৈনিক যুগের চিন্তাকে জানান, “চাষাঢ়ার মোড় থেকে ঢাকার মগ বাজার এলাকায় যাওয়ার জন্য সিএনজি ভাড়া করছিলাম। সিএনজি চালক আমার কাছে ১ হাজার টাকা চেয়ে বসলেন! মিটারে যাওয়ার জন্য বলা মাত্রই উনি ক্ষেপে উঠেছেন। এই নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে সিএনজি চালক বললেন মিটার দিয়ে এখন সিএনজি চলে না! চুক্তিতে গেলে যাবেন, না গেলে নাই।”
যাত্রী আদনান আরো জানান, “মিটার অনুযায়ী চাষাড়া থেকে মগ বাজারে গেলে সর্বোচ্চ ২৫০ টাকা ভাড়া হতে পারে। কিন্তু সিএনজি চালক ১ হাজার টাকা চেয়ে বসলেন। মিটার ছাড়া গেলে তারা এমন ভাবেই বেশি ভাড়া চায়। মিটার ছাড়া ৪০০ টাকা ভাড়া চাইলেও একটা কথা ছিলো। এখানে কোন সিএনজিই মিটার অনুযায়ী চলছে না। এদিকটায় প্রশাসনের নজর দেয়া উচিৎ।”
মঙ্গলবার বিকেলে দেখা যায়, “চাষাড়ার মোড়ে সমবায় মার্কেটের সামনে রাস্তার পাশে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছে ৭টি সিএনজি। এসময় নাহিদা নামে এক যাত্রী চাষাঢ়া মোড় থেকে সাইন বোর্ড যেতে চাইলেন। কিন্তু সিএনজি চালক তার কাছে ২৫০ টাকা ভাড়া চেয়েছেন।
মিটার অনুযায়ী যেতে বললে সিএনজি চালক এতে রাজী হননি। এমন ঘটনা বহু দিনের। কিন্তু এতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি না থাকায় দিনে দিনে তা ভয়াবহ রূপ নিচ্ছে। সিএনজি’যে মিটারে চলে তা অনেকেই হয়তো ভুলতে বসেছেন।”
তবে, মিটারে যেতে আপত্তি কোথায়? তা জানতে কথা হয় আব্দুল সাত্তার নামে এক সিএনজি চালকের সাথে। যুগের চিন্তাকে তিনি বলেন- “গ্যাসের মূল্য বৃদ্ধি পেয়েছে। সরকার সিএনজি মালিকদের জন্য দৈনিক জমা ৯০০ টাকা নির্ধারণ করলেও মালিকরা এই মূলে ভাড়া দিচ্ছে না।
ঢাকার প্লেট থাকলে কেউ কেউ ১২শ থেকে ১৬শ টাকাও নিয়ে থাকে। খরচ বেশি। মিটারে চললে এই খরচ পোষানো যাবে না। সিএনজির দৈনিক জমা প্রদান করতেই কষ্ট হয়ে যাবে। তাই মিটারে চলা যাচ্ছে না। তবে মালিক যদি দৈনিক জমা কমিয়ে নেয়, তাহলে মিটারে চলাচল করা যেতে পারে।’
এদিকে মিটার ছাড়া সিএনজি চলাচলের বিরুদ্ধে অভিযানও চলতে দেখা যায় না নারায়ণগঞ্জে। এই বিষয়ে সংশ্লিষ্ট সকলেই অজ্ঞাত কারণে উদাসীন।
জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা পুলিশের ট্রাফিক বিভাগের সিনিয়র সহকারী পুলিশ সুপার সালেহ উদ্দিন আহমেদ দৈনিক যুগের চিন্তাকে বলেন- “আমি নারায়ণগঞ্জে দায়িত্ব পালনকালে এখনো পর্যন্ত এই বিষয়ে কেউ আমার কাছে কোনো ধরনের অভিযোগ করেনি।
বিষয়টি আমি একেবারেই অবগত নই। তবে, এখন যেহেতু জানতে পেরেছি, সেহেতু এই বিষয়ে বিআরটিএ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ব্যবস্থা নেব।”
এই বিষয়ে জানতে বিআরটিএ নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক সৈয়দ আইনুল হুদা চৌধুরীর মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেনি। তাই তার পক্ষ থেকে কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।


