হাটগুলোতে স্বাস্থ্যবিধির বালাই নেই
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৯ জুলাই ২০২০, ১০:১৭ পিএম
কোরবানী নিয়ে এবার নারায়ণগঞ্জের মানুষ দোলাচলে রয়েছেন। বুদ্ধিজীবীদের কথা শুনে পশু কোরবানী না দিয়ে কি সেই টাকা ভিন্ন ভাবে মানবতার কল্যানে উৎসর্গ করবেন, না ধর্মীয় নেতাদের কথানুযায়ী হাটে গিয়ে গরু বা ভেড়া-ছাগল কিনে তা আল্লাহর নামেই জবাই করবেন।
বুদ্ধিজীবীদের যুক্তি, আল্লাহ মহান। মহান আল্লাহ আত্মত্যাগের নিদর্শন হিসেবেই কোরবানীর নির্দেশ দিয়েছেন। করোনার এ সঙ্কটকালে আর্ত মানবতার স্বার্থে উৎসর্গও কোরবানী। এদিকে, ধর্মীয় নেতাদের ফতোয়া, কোরবানীর কোন বিকল্প হতে পাে না।
ধর্মীয় অনুশাসন (ওয়াজিব) হিসেবে একজন মুসলমানকে কোরবানী দিতেই হবে। ছোট করে কোরবানী দিয়ে বাকী টাকা মানব কল্যানে খরচ করুন, কোন অসুবিধা নেই। কিন্তু কোরবানী না দিয়ে সেই টাকায় কোন দাতব্য করা ইসলাম সমর্থন করে না।
বুদ্ধিজীবীদের কথা শুনলে ঝুঁকি কম, পরিশ্রমও কম। গরুর হাট মাড়াতে হবে না। ফলে, পাবনা, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, চাঁদপুর ও মুন্সীগঞ্জ থেকে হাটে আসা গবাদিপশু বিক্রেতাসহ হাজার হাজার ক্রেতার সংসর্গ এড়ানো সম্ভব হবে। ভীড় করে কোরবানীর মাংস নিতে আসা দরিদ্র মানুষের সমাগমও বন্ধ হবে। এতে কোভিড-১৯ রোগের বিস্তার কমবে।
একই সঙ্গে নিজের ও পরিবারের করোনা ভাইরাস সংক্রমণ শঙ্কাও কমবে। তবে, ধর্মীয় নেতারা করোনা ঝুঁকিকে অগ্রাহ্য করে কঠোর ভাবে ধর্মীয় অনুশাসন মেনে কোরবানী দেয়ার জন্য মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন। তাদের ভাষায়, করোনামুক্তির জন্যই কোরবানী দিতে হবে। কোরবানীই মুসলমানদের ঝুঁকিমুক্ত রাখবে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত বার সিটি কর্পোরেশন এলাকায় মোট ২১টি গবাদি পশুর হাট বসেছিল। এবার হাট বসেছে মাত্র সাতটি। এবার সারা জেলায় গরুর হাট ৬১টি। শহরের হাটগুলো ইতিমধ্যেই গবাদি পশুতে ভরে উঠেছে। তবে, বেচাকেনা এখনো শুরু হয়নি। ঈদের আর মাত্র দুদিন বাকী। এখনো হাটে শুধুই উৎসুক মানুষের ভীড়। সেখানে সামাজিক দুরত্বের কোন বালাই নেই।
অধিকাংশ লোকের মুখেই মাস্ক নেই। হাটে দুষ্ট শিশু কিশোরের দৌরাত্মও চলছে অবাধে। অন্যান্য বছর এ সময়ে মহল্লার ল্যাম্পপোষ্টগুলো কোরবানীর গরুর দখলে চলে গেলেও এবার তা এখনো ফাঁকা। বেপারীদের ধারণা, করোনার কারণেই এবার ক্রেতারা আগেভাগে পশু কিনছেন না। বেশীর ভাগ ক্রেতাই অপেক্ষায় আছেন বৃহস্পতিবার ও শুক্রবার গরু কেনার জন্য।


