ডিএনডিবাসীকে জলাবদ্ধতা থেকে রক্ষা করতে জরুরী ভিত্তিতে শিমরাইল চালু করা হয়েছে দুটি পানি নিষ্কাশন পাম্প।
সারাদেশের বন্যা পরিস্থিতি দেখে যখন মানসিক চাপে ভুগছিলেন তখনই নারায়ণগঞ্জের ডিএনডিবাসীকে অভয়বানী শোনালেন জেলা ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা শেখ সিরাজুল ইসলাম ও ডিএনডি প্রকল্পের ১৯ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়নের মেজর সৈয়দ মোস্তাকীন হায়দার।
শেখ সিরাজুল ইসলাম জানান, গত মঙ্গলবার থেকে আরও কমেছে নারায়ণগঞ্জের নদ-নদীর পানি। শীতলক্ষ্যা নদীর পানি গতকাল প্রবাহিত হয়েছে বিপদসীমার ২ সে:মি: উপর দিয়ে। মেঘনা নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার ১২ সে:মি: নীচ দিয়ে। ফলে বন্যার আশংকা কমে গেছে।
অপরদিক ডিএনডি প্রকল্পের ১৯ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়নের মেজর সৈয়দ মোস্তাকীন হায়দার জানান, জলাবদ্ধতা থেকে ডিএনডিবাসীকে রক্ষা করতে দিনরাত কাজ চলছে। শিমরাইল চালু করা হয়েছে দুটি পানি নিষ্কাশন পাম্প। আরো দুটি পাম্প রয়েছে প্রস্তত।
ওই পাম্প দুটি থেকে প্রতি সেকেন্ডে ১১ হাজার লিটার পানি শীতলক্ষ্যায় পতিত হচ্ছে। এতে ডিএনডি এলাকাতেও জলাবদ্ধতা ধীরে ধীরে কমতে শুরু করেছে। জরুরী প্রয়োজনে চালু করা হবে প্রস্তত রাখা দুটি পাম্পও। এতে ডিএনডি এলাকার জলাবদ্ধতা স্থায়ী হবার কোনো আশংকা নেই।
ডিএনডি প্রকল্পের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে মেজর সৈয়দ মোস্তাকীন হায়দার আরও বলেন, ডিএনডির মধ্যে পানি উন্নয়ন বোর্ড, নারায়ণগঞ্জ সিটি করপেরেশন এবং সেনাবাহিনীর কাজ আলাদা আলাদা। ২০১৭ সালের ৫ ডিসেম্বর ডিএনডির কাজ শুরু করে সেনাবাহিনী। ৫৫৮ কোটি টাকার এ কাজ বাড়ানো হয়েছে তাদের পেশকৃত বাজেট বরাদ্দ দিলে ২০২২ সালের জুন-জুলাই মাসে ডিএনডি প্রকল্পের কাজ শেষ হবে।
তিনি বলেন, দীর্ঘদিন থেকে সেনাবাহিনীর সদস্যরা ডিএনডি প্রকল্প নিয়ে এ এলাকায় কাজ করছেন। মানুষ পানি বন্দি হয়ে থাকবেন এরকম প্রত্যাশা করা যায়না। ডিএনডির চলমান প্রকল্পের সময় নদীর পানি বৃদ্ধি পাওয়ায় এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
চলমার দুটি পাম্প ছাড়াও এর মোকাবেলায় বিভিন্ন জায়গায় ছোট ছোট পাম্প বসিয়ে পানি নিষ্কাশন করা হচ্ছে। তিনি আশাবাদ ব্যাক্ত করে বলেন, নদীর পানি স্বাভাবিক অবস্থায় থাকলে জলাবদ্ধতা সৃষ্টি হবেনা।
এদিকে সরেজমিনে দেখা যায়, সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা এলাকায় নিচু এলাকাগুলির পানি কমতে শুরু করেছে। ফতুল্লার বিভিন্ন এলাকার লোকজন জানায়, বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীর পানি ফুলে ফেপে উঠায় নিচু জমিগুলো তলিয়ে গেছে।
ফতুল্লার কবির হোসেন জানান, তিনি নদী তীরবর্তী জমিতে ধইঞ্চা বাইন দিয়েছিলেন। টানা বৃষ্টিতে বুড়িগঙ্গা ও ধরেশ্বরী নদীর পানি বৃদ্ধির ফলে সে জমি গেছে তলিয়ে।
শহরতলীর বাড়িঘরের আশপাশে পানি উঠাতে ময়লার স্তুপ বাড়িঘরের কাছাকাছি চলে আসছে। খালে এখন ময়লার স্তুপ ও আবর্জনার জঞ্জাল। মহল্লার ভেতরকার খালগুলো যে যার জায়গা বরাবর ভরে দখল করে নিয়েছে। খালের অস্তিত্ব পূরনো লোক ছাড়া কেউ বলতেও পারেনা, কোথায় খাল ছিল।
এ বিষয়ে মেজর সৈয়দ মোস্তাকীন হায়দার জানান, ভুমি অধিগ্রহনের জটিলাতায় বিশেষ বিশেষ জায়গায় পানি নিষ্কাশনের কাজে ব্যাঘাত ঘটাছে। এতে পানি সাময়িক আটকে থাকলেও বিকল্পভাবে এটি নিষ্কাশন করা হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড, জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস সূত্রে জানাগেছে, শীতলক্ষ্যা নদীর পানি বিপদ সীমার সামান্য উপরে থাকলেও সমস্যা নেই। নারায়ণগঞ্জ জেলায় শীতলক্ষ্যার পানি কমছে, বন্যার কোন আশঙ্কা নেই। জেলা কৃষি বিভাগের মতে এ যাবত নারায়ণগঞ্জে ১৮৬ হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ভয় পাওয়ার কারণ নেই। নদ-নদীর পানি আরো কমতে পারে।
উল্লেখ্য, ১৯৬৭ সালে ৮ হাজার ৩৪০ হেক্টর জমি নিয়ে কৃষি কাজের জন্য গড়ে তোলা হয় ঢাকা-নারায়নগঞ্জ-ডেমরা ডিএনডি বাঁধ। কিন্তু এর ভেতরে অপরিকল্পিতভাবে গড়ে উঠে হাজারো বাড়ি ঘর ও শিল্পপ্রতিষ্ঠান।
দখল হয়ে যায় পানি নিস্কাশনের বেশির ভাগ খাল। অনেক জায়গায় পলিথিনসহ বিভিন্ন ময়লা আর্বজনা জমে পানির প্রবাহ বন্ধ হয়ে যায়। এতে বাধের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
দীর্ঘদিনের এই জলাবদ্ধতার দূর্ভোগ দূর করতে ২০১৮ সালে সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রায় সাড়ে পাঁচশ’ কোটি টাকা ব্যয়ে উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়। ইতিমধ্যে প্রকল্পের সার্বিক অগ্রগতি ৭৫ শতাংশ হয়েছে।


