খুলেছে গণপরিবহন। মানুষ স্বস্তি প্রকাশ করেছে। ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সব বাসই চলছে। ভাড়া বেশি। যাত্রী কম। মানুষের মধ্যে করোনার আতংক। বাধ্য হয়ে মানুষ চরম ঝুঁকি নিয়ে গণপরিবহনে চড়ে নারায়ণগঞ্জ থেকে বিভিন্ন স্থানে যাতায়াত করছে। বিআরটিসি বাসের ভাড়া বাড়ানো হয়নি। বিআরটিসি’র ভাড়া ৫০ টাকা। অন্যান্য বাসের ভাড়া ৫৮ টাকা। এসি বাস সার্ভিসগুলোর ভাড়া ৮০ থেকে ৯০ টাকা চলছে। বিআরটিসি ব্যতীত সব বাসেরই যাত্রী কম।
উৎসব, বন্ধন, বন্ধু ও বাঁধন এর অধিকাংশ বাস নামমাত্র যাত্রী নিয়ে চলাচল করছে। স্বাস্থ্যবিধি পরিবহন কর্তৃপক্ষ মানলেও যাত্রীরা মানছেনা। গতকাল ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বন্ধন এর ৩০টি বাস, উৎসবের ৩০টি বাস, বিআরটিসি’র ৩০টি বাস চলাচল করেছে বলে জানাগেছে। লঞ্চের অবস্থা শোচনীয়। একেবারেই যাত্রী নেই। প্রতি ট্রিপে ৫/৬ হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে বলে জানালেন মাষ্টার ও সুকানীরা। স্বাস্থ্যবিধি মেনেই যাত্রীরা লঞ্চে উঠছিলেন।
টার্মিনালের প্রবেশ পথেই টিকেট ঘরে বিজ্ঞপ্তি লাগানো আছে ‘কেউ মাস্ক না পরলে তার কাছে টিকিট বিক্রি করা হবেনা। ’ ১০ টাকায় টিকিট কেটে টার্মিনালে ঢুকছে চাঁদপুর ও মুন্সীগঞ্জের যাত্রীরা। লঞ্চ ভাড়া বাড়ানো হয়নি। যাত্রী কম থাকায় মালিকদের লোকসান গুণতে হচ্ছে।
এভাবে চললে দু’ একদিন দেখে লঞ্চ বন্ধ করে দেয়া ছাড়া কোন উপায় থাকবেনা বলে আশংকা প্রকাশ করলেন লঞ্চ মালিক সমিতির নেতৃবৃন্দ। এদিকে, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঢাকা থেকে আন্ত’নগর ট্রেনগুলো চললেও বন্ধ রয়েছে সকল লোকাল ট্রেন।
গতকাল সকালে বাস ও লঞ্চে যাত্রীদের ভিড় লক্ষ্য করা যায়। বাসের চালক, হেলপার ও স্বেচ্ছাসেবকরা যাত্রীদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছিলেন। ঢাকা-নারায়ণগঞ্জ রুটের যাত্রীরা এক সীট ফাঁকা রেখে বসেছেন। সবার মুখেই মাস্ক ছিল। তবে বাসে উঠে অধিকাংশ যাত্রীই মাস্ক খুলে ফেলে। জিজ্ঞেস করলে বলে, ‘পকেটে রাখছি। গরম লাগে। নিঃশ্বাস নিতে কষ্ট হয়।
গাড়ি ছাড়লে মাস্ক পড়মু।’ নারায়ণগঞ্জ বাস টার্মিনালে কয়েকজন পরিবহন নেতা জানান, আমরা সব ধরনের ব্যবস্থা রাখছি। স্বাস্থ্যবিধি মেনে টিকিট কিনতে হবে। যাত্রীরা একটি সিট খালি রেখে বসবেন। বাসে উঠার আগে যাত্রীদের হাতে স্যানিটাইজার স্প্রে করে দেয়া হচ্ছে।
মুখে মাস্ক না থাকলে কারো আমরা টিকিট বিক্রি করবোনা। আপাতত সকলেই মুখে মাস্ক পরছে। তবে গাড়ীতে উঠে অনেকে মাস্ক খুলে ফেলে। তাছাড়া যাত্রীদের গাঁয়ের তাপমাত্রা মাপার যন্ত্রও রাখা হয়েছে। প্রত্যেক যাত্রীর কপালে মেশিন ঠেকিয়ে তাপমাত্রা মাপা হচ্ছে। তাপমাত্রা ১০০ হলে সেই যাত্রীকে বাসে উঠানো হয়না।
বাস টার্মিনালের চেয়ে লঞ্চ টার্মিনালের নিরাপত্তা ব্যবস্থা ছিল ঢিলেঢালা। ১০ টাকা দিয়ে টিকিট কেটে গেট দিয়ে টার্মিনালে ঢুকতে হয়। টিকিট কাউন্টার ও গেইটের সামনে কোন ধরনের স্যানিটাইজার বা হাত ধোয়ার ব্যবস্থা রাখা হয়নি। লোকজন টিকিট কেটে টার্মিনালে ঢুকে পড়ছে। তবে লঞ্চঘাটের পন্টুনে হাত ধোয়ার ব্যবস্থা ছিল। দু’ একজন সচেতন মানুষকে হাত ধৌত করতেও দেখা যায়। অধিকাংশই হুরমুর করে লঞ্চে উঠছিল।
লঞ্চের সামনে দু’ একজন কিশোর বয়সের ছেলে হ্যান্ড স্যানিটাইজার নিয়ে দাঁড়িয়ে ছিল। তবে তারা কোন যাত্রীর হাতেই তা স্প্রে করছিলনা। এ প্রতিবেদকের সাথে কথা হয় চাঁদপুরগামী লঞ্চ ‘এমএল ময়নামতি’ এর মাস্টার আব্দুল মতিনের সাথে। তিনি বলেন, ‘সকালের ট্রিপে লোকসান হয়েছে। তেলের টাকা উঠেনি। যাত্রী কম। আমরা সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা রাখছি। সবাইকে সতর্ক করে দিচ্ছি।
তবে লঞ্চে উঠে যদি কেহ স্বাস্থ্যবিধি না মানে- সেক্ষেত্রে আমরা কি করতে পারি। মুখে মাস্ক পরলে কাউকে লঞ্চে উঠতে দেয়া হয়না।’ এ সময় লঞ্চঘাটে চাঁদপুরগামী এমভি খানজাহান আলী, এমভি শাহানা ছিল যাত্রীর অপেক্ষায়।
লঞ্চ মালিক সমিতি সূত্রে জানাগেছে, রোববার প্রথম দিনে চাঁদপুর, মতলব, মুন্সীগঞ্জ ও সুরেশ্বর রুটে ৩১টি লঞ্চ চলাচল করেছে। গতকাল চলেছে ৪০টি লঞ্চ। যাত্রী সংখ্যা কম। মানুষের মধ্যে করোনা আতংক। তবুও অনেকে স্বাস্থ্যবিধি মানেনা। গাদাগাদি করে বসা লঞ্চযাত্রীদের বহু পূরনো অভ্যাস। ফলে সমস্যা হতে পারে। তবে করোনায় আক্রান্ত হওয়ার ভয়ে যাত্রী কমে থাকতে পারে।
একাধিক সূত্র জানিয়েছে, স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে চলাফেরা করার কথা বলা হলেও কোথাও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। ফেরি, সড়কের যানবাহন সর্বত্রই ঠাসাঠাসি করে চলাফেলার করছে মানুষ। গতকাল নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনালে, মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী, দৌলতদিয়া-পাটুরিয়ায়, মাওয়া-কাঁঠালবাড়ি ঘাটে ফেরি এবং রাজধানী ঢাকার প্রবেশমুখগুলোর মহাসড়কে দেখা যায় মানুষ যেভাবে পারছে ছুঁটছে কর্মস্থল ঢাকা ও নারায়ণগঞ্জসহ আশপাশে।
আইইডিসিআর-এর সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মোসতাক আহমেদ গণমাধ্যমে বলেন, গাদাগাদি করে যানবাহনে মানুষের যাতায়াত করোনা সংক্রমণ আরো বাড়বে। এতে সামাজিক ট্রান্সমিশন ভয়াবহভাবে বেড়ে যাবে। এ মুহূর্তে লকডাউন শিথিল করে সবকিছু খুলে দিয়ে করোনাভাইরাসকে কার্যত আমন্ত্রণ জানানো হচ্ছে।
গতকাল নারায়ণগঞ্জে বাস চলেছে। অফিস খোলায় প্রাইভেটকার, মাইক্রোবাস, অটোরিকশা, মোটরসাইকেল, মিনিট্রাকসহ বিভিন্ন যানবাহনে কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে ঢাকা ও নারায়ণগঞ্জে আসেন মানুষ। ঢাকার প্রবেশ মুখে ছিল প্রচন্ড ভিড়। বিআইডব্লিউটিসি কতৃপক্ষ সুত্র জানায়, শুধু দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ছোটবড় ১৪টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।
মানুষের চাপ বেশি হওয়ায় যাত্রীরা সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি কোনোটাই মানছেন না। যেন কার আগে কে ফেরিতে উঠবে এই প্রতিযোগিতায় ব্যস্ত। বাস্তবতাও হলো বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশের ফেরিতে সামাজিক দূরত্ব রক্ষা করা কঠিন। যানবাহনে গাদাগাদি করে ছাড়াও পায়ে হেটে আসছে মানুষ।
কিছু মানুষের মুখে মাস্ক দেখা গেলেও হাতে গ্লাভস নেই। মানুষকে সামাজিক দূরত্ব রক্ষা করে চলাফেরা করতে বাধ্য করারও কেউ নেই। করোনাভাইরাস নামের মরণঘাতি ব্যাধি যেন বাংলাদেশে আসেনি, এ মানসিকতা নিয়েই চলাফেরা করছেন মানুষ।
এ ব্যাপারে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এ ধরণের চলাফেরা করোনা ঝুঁকি আরো বাড়াবে। সবকিছু খুলে দিয়ে ত্রিমুখী বিপদে ফেলা হচ্ছে দেশকে। স্বাস্থ্যবিধি না মানলে প্রচুর মানুষ অসুস্থ হবে, স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে এবং একই সঙ্গে মৃত্যু ঘটবে।


