বর্ধিত বাসভাড়া প্রত্যাহারের দাবি যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ০১ জুন ২০২০, ১০:০২ পিএম
বর্ধিত বাসভাড়া প্রত্যাহার করে নতুন প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছে নারায়ণগঞ্জের যাত্রী অধিকার সংরক্ষণ ফোরম। সোমবার (১ জুন) বিকেলে সংগঠনের আহ্বায়ক রফিউর রাব্বি কর্তৃক গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা দুর্যোগের কারণে কর্মহীন সাধারণ মানুষ যখন জীবন ও জীবিকা নির্বাহে আতঙ্কগ্রস্থ, ভীত ও বিপর্যন্ত; তখন বাসভাড়া ৬০ ভাগ বৃদ্ধি করা অত্যন্ত অন্যায় ও অযৌক্তিক একটি সিদ্ধান্ত। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এইটি পরিবহন মালিকদের একতরফা সুবিধা দেয়ার জন্য সরকারের গণবিরোধী নীতির প্রতিফলন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ৫০ ভাগ আসন খালি রেখে পরিবহন চালানোর যে সিদ্ধন্ত সরকার ঘোষণা করেছে, তা কখনোই বাস্তবায়ন করা সম্ভব হবে না বলে আমরা মনে করি। এসব তদারকি করার সক্ষমতা সরকারের আছে বলে আমরা মনে করিনা। মেয়াদোত্তির্ণ, ফিটনেসবিহীন-গাড়ি চলাচল বা লাইসেন্সবিহীন চালক নিয়ন্ত্রণ করা যেখানে সরকারের পক্ষে সম্ভব হয় না সেখানে এ তদারকি অসম্ভব। আমরা লক্ষ্য করেছি সরকারি প্রতিষ্ঠান বিআরটিএ সবসময়ই জনগণের স্বার্থ উপেক্ষা করে পরিবহন মালিক-সিন্ডিকেটদের স্বার্থ সংরক্ষণে সচেষ্ট থেকেছে, এ খেত্রেও তার ব্যতিক্রম হয় নি।
বিজ্ঞপ্তিতে আরও জানানে হয়, আমরা দেখেছি এই করোনা দুর্যোগে সরকার বিভিন্ন ব্যাবসায়ী প্রতিষ্ঠান, সংগঠন ও ব্যক্তিদেরকে প্রণোদনা দিয়েছে এবং দিচ্ছে; সে ক্ষেত্রে পরিবহন মালিকদের যদি প্রণোদনা দিতে হয় তা সরকারকেই বহন করতে হবে। সরকারকে এ ক্ষেত্রে ভর্তুকি দিতে হবে। বর্তমানে প্রায় সব দেশেই তা করা হচ্ছে। কিন্তু এ প্রণোদনার ভার গরীব জনগণের উপর চাপিয়ে দেয়া সম্পূর্ণ অন্যায়।
দেশে বিমান ও রেলের ক্ষেত্রেও অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের নির্দেশনা দিয়েছে সরকার, অথচ এ সবের ভাড়া বারেনি। ধনীদের ক্ষেত্রে সরকার ভর্তুকী দেবে আর গরিব নিম্নবিত্তদের ঘারে তার বোঝা চাপবে তা অন্যায়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। অবিলম্বে বর্ধিত বাসভাড়া প্রত্যাহার করে নতুন প্রজ্ঞাপন জারির দাবি জানাচ্ছি।


