মাস্ক ছাড়াই অবাধে চলাফেরা, বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০১ জুন ২০২০, ০৫:৪৫ পিএম
‘মাস্ক কিনছিলাম কিন্তু ঈদের দিন ঘুরতে বের হইয়া হারায় ফেলছি। একটা কিনতে হবে।’ হাস্যকর ভঙ্গিতেই কথাগুলো বলছিলেন তোলারাম কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী অরুপ দত্ত। একই অবস্থা চাষাঢ়া বালুর মাঠ এলাকায় তার সাথে আড্ডারত অবস্থায় থাকা অন্য যুবকরাও। এদিকে সংবাদকর্মীর পরিচয় পাওয়ার সাথে সাথে কয়েকজন মুখে মাস্ক গুজলেও বাকিরা নানা বাহানায় মাস্ক পড়ার বিষয়টি এড়িয়ে গেছেন।
তাদের ভাষ্যমতে, করোনায় তার বয়সী আক্রান্তদের তুলনামূলকভাবে কম। ফলে তার আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকলেও মৃত্যুর কোনো ঝুঁকি নেই। একটু সামনে এগোতেই বালুর মাঠের মডার্ন ডায়গনস্টিক সেন্টারের বিপরীত পাশে খাবারে হোটেল নিয়ে বসতে দেখা যায়। কোনো প্রকার পরিচ্ছন্নতা ছাড়াই সড়কের পাশে চেয়ার সাজিয়ে বসে খোলা হাতেই অবলীলায় খাবার পরিবেশন করে চলেছেন। করোনাকালীন সময়ে তাদের এ ধরনের কার্যক্রম কতটুকু নিরাপদ এ বিষয়ে হোটেলে কর্মরতদের সাথে কথা বলতে গেলে তারা এ বিষয়ে কথা বলতে অনীহা প্রকাশ করেন।
এদিকে, চাষাঢ়া ভাষা সৈনিক সড়ক, সান্ত¦না মার্কেট, কলেজ রোড, খাজা সুপার মার্কেট, মার্ক টাওয়ার, হক প্লাজা, সমবায় মার্কেট, পানোরোমা প্লাজা, সায়াম প্লাজাসহ চাষাঢ়া বিভিন্ন মার্কেট ও অলিগলি ঘুরে দেখা যায় ঈদের ছুটি শেষে খুলতে শুরু করেছে দোকানপাট। বসতে শুরু করেছে ফুটপাতে দোকানও। মার্কেটগুলোতে জীবাণুনাশক ট্যানেলের ব্যবস্থা থাকলেও ফুটপাতগুলোতে কোনো সুরক্ষা ছাড়াই চলছে দোকানপাট। সাধারণ মানুষও মাস্ক বা কোনো নিরাপত্তা ছাড়াই অবাধে চলাচল করছেন।
কালীবাজার ও দ্বিগুবাবু বাজারে গিয়ে দেখা যায় আরো ভয়াবহ অবস্থা। কোনো প্রকার সুরক্ষাসামগ্রী ছাড়াই বেড়িয়ে পড়েছেন মানুষ। শায়েস্তা খান সড়কে নিরাপদ দূরত্ব ছাড়াই দোকানপাট বসেছে। দ্বিগুবাবু বাজারেও একই অবস্থা। শত শত লোকের সমাগম। মার্কেটের ভেতরগুলোতে মাস্কের কিছুটা ব্যবস্থা থাকলেও দ্বিগুবাবু বাজারে হাতেগোনা কয়েকজন ছাড়া করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে তেমন কোনো সরক্ষা গ্রহণ করতেই দেখা যায় নি।
কথা হয় চল্লিশোর্ধ্ব সরকারি কর্মকর্তা মকবুল হোসেনের সাথে। কোনো প্রকার সুরক্ষা ছাড়াই দোকানে হেঁটে হেঁটে দরকষাকষি চালিয়ে যাচ্ছেন। মাস্ক কোথায় জানতে চাইলে তিনি জানান, আসলে তাড়াহুড়োয় ভুলে মাস্ক বাসায় ফেলে আসি। রিকশায় ওঠার সময় দেখি মাস্ক নিয়ে আসেনি। যেহেতু বাসায় দুইটা আছে তাই আর কিনলাম না।
একই অবস্থা শহরে ২নং রেলগেট ফলপট্টি, ডিআইটি, নিতাইগঞ্জ এলাকাগুলোতেও। নানা অযুহাতে সচেতনতা বার্তা, কঠোর নজরদারি কোনো কিছুর তোয়াক্কা না করে কোনো প্রকার নিরাপত্তা ছাড়াই সড়কে অবাধে চলাচল করছে। অনেকেই মাস্ক মুখে না দিয়ে, নিরাপদ দূরত্ব না মেনেই দৈনন্দিন কাজকর্ম করে যাচ্ছেন। মাঝে মাঝে পুলিশের উপস্থিতি দেখলেই তড়িঘড়ি করে মাস্ক পড়তে দেখা যায়।


