Logo
Logo
×

বিশেষ সংবাদ

মহামারিতেও খুনোখুনি

Icon

বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২০, ০৪:৪৪ পিএম

মহামারিতেও খুনোখুনি
Swapno

নারায়ণগঞ্জ জেলায় মহামারিতেও থেমে নেই খুনোখুনি। অস্ত্রধারী সন্ত্রাসীদের দাপট। ঈদের আগের রাতেও লাশ পড়েছে। ঈদের ছুটিতে ৮ দিনে খুন হয়েছে ৬ জন। তুচ্ছ ঘটনা, পারিবারিক, রাজনৈতিক ও সামাজিক বিরোধে খুনখারাবি লেগেই আছে। চলছে অস্ত্রধারী, মাদক কারবারিদের দাপট। চুরি, ছিনতাই, ডাকাতি, দস্যুতা, ধর্ষণ, গণধর্ষণের ঘটনাও ঘটছে। অব্যাহত অপরাধের বিস্তারে উদ্বিগ্ন পুলিশের কর্মকর্তারাও। 

 

নারায়ণগঞ্জে ঈদের গত ৮ দিনে ৬ জন খুনসহ বিভিন্ন ঘটনায় মোট ২৪ জনের মৃত্যু হয়েছে। এদের একজন গুলিবিদ্ধ হয়ে, একজনকে কুপিয়ে, এক জনকে পিটিয়ে, একজনকে শ্বাসরোধ, একজনকে গলাকেটে হত্যা করা হয়েছে এবং এক তরুণীকে হত্যা করে লাশ ফেলে গেছে বলে পুলিশের ধারনা। অন্যগুলির মধ্যে সড়ক দুর্ঘটনায় আট জন, তিন জন বিদ্যুৎ স্পর্শে, চার জন সেপটিক ট্যাংকি বিস্ফোরণে দগ্ধ হয়ে, জীবনে প্রথমবার মদপান করতে গিয়ে মারা গেছে একজন, একজন রহস্যজনকভাবে মারা গেছেন এবং এক জনের লাশ শীতলক্ষ্যায় পাওয়া গেছে। ২৩ থেকে ৩১ মে পর্যন্ত ৮ দিনে এ মৃত্যুর ঘটনা ঘটে। 

 

২৬ মে বিকেলে সিদ্ধিরগঞ্জের শিমরাইল তাজ জুট মিল সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে দুই ট্রলারের আরোহিদের মধ্যে সংঘর্ষে  শাহাদাত হোসেন (৩৫) একজন খুন হয়। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সে রূপগঞ্জের টাটকি এলাকার তোফাজ্জল হোসেনর ছেলে। এ ঘটনায় আরো কয়েক জন আহত হয়েছে। ঈদের আগের মধ্যরাতে (২৫ মে) ফতুল্লায় ফেরদৌস (৩০) নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করেছে তারই ঘনিষ্ট বন্ধু রাকিব। হত্যাকান্ডের পর রাতেই অভিযুক্ত রাকিবকে গ্রেফতার করেছে পুলিশ। 

 

২৭ মে, বুধবার সকালে আড়াইহাজারে সাতগ্রাম ইউনিয়ন এলাকা থেকে অজ্ঞাত এক যুবতীর লাশ উদ্ধার করে পুলিশ। ঢাকা-সিলেট মহাসড়কের শিমুলতলী যাত্রী ছাউনির পাশ থেকে ওই লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, ভোরে এলাকার লোকজন এক যুবতীর লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। ঘটনাস্থলে যাওয়া এসআই রোকনুজ্জামান জানিয়েছিল, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে কি না তা ময়নাতদন্তের পর বলা যাবে। আড়াইহাজার থানার ওসি মো. নজরুল ইসলাম জানিয়েছেন, লাশের কোন পরিচয় জানা যায়নি। তবে ধারণাা করা হচ্ছে হত্যাকারীরা তাকে অন্য কোথাও হত্যা করে লাশ এখানে ফেলে গেছে। 

 

২৭ মে বিকেলে আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া এলাকায় জুয়া খেলায় বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আইয়ুব আলী (১৪) নামে এক স্কুল ছাত্র খুন হয়। সে স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং ওই এলাকার জালালউদ্দিনের ছেলে।

 

সিদ্ধিরগঞ্জে আমিনুল ইসলাম (৩৬) নামে এক যুবককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মিজমিজি পশ্চিমপাড়া মাদ্রাসা রোড এলাকার নিহতের নিজ ঘর থেকে ২৩ মে সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। আমিনুলের পিতার নাম গনি মিয়া। ঘটনার দিন সিদ্ধিরগঞ্জ থানার ওসি (তদন্ত) আজিজুল হক বলেছেন, নিহত আমিনুলকে গত রাতের কোন এক সময় শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। লাশের গালে আঁচড়ের দাগ এবং গলায় কালচে দাগ দেখা  গেছে। বিছানার উপর লাশ পড়েছিল। 

 

রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় অতিরিক্ত মদ্যপানে শাওন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তার সাথে মদ পান করে অসুস্থ হয়েছে তার আরো দুইজন ঘনিষ্ঠ বন্ধু। সোনারগাঁয়ের মোগরাপাড়া এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় ইসলামী ব্যাংক কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৩১ মে, রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরখাম হোসাইন (৩২) ইসলামী ব্যাংক মতিঝিল শাখার ফরেন একচেঞ্জ সেকশনের কর্মকর্তা ছিলেন। তিনি লক্ষীপুর সদর উপজেলার হামছাদি এলাকার আবু সাইদের ছেলে।

 

 কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন জানান, সকাল সাড়ে ৯টার দিকে মোগরাপাড়া এলাকায় দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন। তিনি জানান, ধারণা করা হচ্ছে কোনো যানবাহানের আঘাতে কিংবা রাস্তার ডিভাইডারের সাথে আঘাত পেয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। পরে খোঁজ নিয়ে জানা গেছে তিনি ইসলামী ব্যাংকের কর্মকর্তা। নিহতের স্বজনরা লাশ নিয়ে গেছেন। ফরখামের মৃত্যুর বিষযটি নিশ্চিত করে ইসলামী ব্যাংক মতিঝিল শাখার এভিপি মাহবুবুল আলম জানান, নিহত ফরখাম হোসাইন ফরেন একচেঞ্জ সেকশনের কর্মকর্তার ছিলেন। ব্যাংকের বিধি মোতাবেক তার দাফন কাফনের ব্যবস্থাসহ আর্থিক বিষয়াদি প্রদান করা হবে। নিহত ফরখামের পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি এক সন্তানের জনক ছিলেন। আব্দুল্লাহ ওমায়ের নামে তার সাড়ে ৪ বছরের এক পুত্র সন্তান রয়েছে। সন্ধ্যায় সাড়ে ৭টায় লক্ষ্মীপুরের হামছাদি ফকিরসাহেব হুজুর বাড়িতে তার জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। 

 

২৮ মে (বৃহস্পতিবার) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাওনের মৃত্যু হয়। অতিরিক্ত মদ্যপানে মৃত্যু হওয়া যুবক শাওন রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল বাগমোচা এলাকার জেদ্দাল মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করে ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক আমিনুল ইসলাম জানান, গত মঙ্গলবার (২৬ মে) রাতে গোলাকান্দাইল এলাকার মৃত শফিউল্লাহ দেওয়ানের ছেলে শাহিনের ঘরে বসে শাওন এবং তার দুই বন্ধু একই এলাকার ইসমাইলের ছেলে ইমরান (২২) ও মৃত আশরাকূরের ছেলে এমরান মিয়া (২১) মিলে বিদেশি ব্র্যান্ডের পুরো এক বোতল মদ পান করে। জীবনে প্রথমবারের মতো একসাথে মাত্রাতিরিক্ত পরিমানে মদ পান করায় তিনজনই গুরুতর অসুস্থ্য হয়। এ অবস্থায় পরিবারের লোকজন তাদেরকে রাজধানী ঢাকার একটি হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করে। বৃহস্পতিবার রাতে (২৮ মে) শাওন মারা যায়। তার অপর দুই বন্ধু বর্তমানে সুস্থ রয়েছে।

 

৩০ মে, শনিবার রাতে জেলার সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়। আহত হয়েছেন আরো দুই জন। নিহতের নাম নুরুন্নবী বাবু (২৫)। তার পিতার নাম আতিকুল্লাহ। রাজধানীর ডেমরা থানার কোনাপাড়ার ধার্মিকপাড়া এলাকায় তার বাড়ি। আহত দু’জন হলেন নিহত বাবুর ভগ্নিপতি কামরুজ্জামান (৪৪) ও ভাগিনা জয় (৭)। তারাও ওই বাইকের আরোহী ছিলেন। রাত ৮টার কিছু আগে মহাসড়কের শিমরাইল এলাকায় সড়ক ও জনপথ অফিসের সামনে মহাসড়কের ঢাকামুখী লেনে অজ্ঞাত একটি যানবাহন বাইকটিকে ধাক্কা দেয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

 

২৫ মে (ঈদের দিন) রাত ১০টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি করইতলা এলাকায় মটর সাইকেলের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। নিহতের নাম মমতাজ বেগম। ৪৫  বছর বয়সী ওই নারী ফতুল্লা থানার জালকুড়ি পশ্চিম পাড়া এলাকার শাজাহান মিয়ার স্ত্রী। এ দুর্ঘটনায় মোটরসাইকেলের দু’জন আরোহীও গুরুতর আহত হয়েছেন। তাদেরকে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

 

২৬ মে বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের কাঁচপুরে নারায়ণগঞ্জে সিটি করপোরেশনের নগর মাতৃসদন হাসপাতালের এ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই রিক্সা চালক নিহত হয়। নিহতরা হলেন- কিশোরগঞ্জ জেলার চারাইল থানার বরহা গ্রামের আহাদ মিয়া (৩৫) এবং নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার দর্জিপাড়া গ্রামের আবুল কাফি (৫০)। তারা কাঁচপুর ও মদনপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন। এসময় রিক্সার একজন যাত্রী আহত হয়েছেন। 

 

২৫ মে, সোমবার বিকেলে আড়াইহাজার উপজেলার বালিয়াপাড়া কদমদীতে অবস্থিত মাজারের পাশের একটি টিনের ঘরের সাথে ঝুলন্ত অবস্থায় খাদেম মোহতাসিম মতি (৪৫) নামে একজনের লাশ উদ্ধার করে পুলিশ। সে উপজেলার লস্করদী গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। খাদেমের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তার মৃত্যু রহস্যজনক এবং ময়নাতদন্তের রিপোর্ট আসলে এটি হত্যা না আত্মহত্যা তা জানা যাবে বলে পুলিশ জানিয়েছে। 

 

২৪ মে বেলা সাড়ে ১১টার দিকে আড়াইহাজার সদরে শাহজালাল মার্কেটে সেপটিক ট্যাংকি বিস্ফোরণের ঘটনায় ৪ জন দগ্ধ হয়। এদের মধ্যে হরমুজ আলী নামে একজন চা দোকানি ২৫ মে বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি উপজেলার মনপুরা এলাকার আব্দুস সাত্তারের ছেলে। ওই ঘটনায় আহত মনসুর নামে অপর একজন ২৭ মে, বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। সে উপজেলার শিবপুর গ্রামের জয়নব আলীর ছেলে। বিস্ফোরণের ঘটনায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপাতালে এখনো আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন উপজেলার কান্দাপাড়া এলাকার রমিজউদ্দিনের ছেলে আলম (৫২) এবং রমজানের ছেলে ইব্রাহীম (২৬)। ৩০ মে মারা গেছে দগ্ধ আলম (৫০)। তিনি ফতেপুর ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার রমিজ উদ্দিনের ছেলে। শনিবার রাত সাড়ে ৮টায় মৃতের মামাতো ভাই আড়াইহাজার পৌরসভা বাজারের মুদি ব্যবসায়ী শহিদুল ইসলাম মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেছেন। তার দোকানেই তিনি চাকরি করতেন। তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকার শেখ হাসিনা বার্ন ও প্লাসস্টিক সাজারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত ব্যক্তি তিন সন্তানের জনক ছিলেন। 

 

গত ২৯ মে বন্দরে গ্যাসের চুলায় রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় সুলতানা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ঢামেক হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। এর আগে গত ২৮ মে রাতে বন্দরের রামনগর এলাকায় এ অগ্নিদগ্ধের ঘটনা ঘটে। সুলতানা বেগম ওই এলাকার আফজাল মিয়ার স্ত্রী এবং দুই সন্তানের জননী। এলাকাবাসী জানায়, রান্নাঘরের চুলার গ্যাসের লিকেজ থেকে গ্যাস নির্গত হয়ে জমা হয় । ওই সময় গৃহবধূ গ্যাসের চুলা জ্বালাতে গেলে হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পরলে গৃহবধূ সুলতানা বেগম অগ্নিদগ্ধ হয়। এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে এসে মুর্মূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে প্রেরণ করে। পরে ২ দিন মৃত্যুর সাথে পাঞ্জালড়ে গত ২৯ মে (শুক্রবার) সকালে সে মৃত্যু বরণ করে। 

 

২৭ মে সকালে সিদ্ধিরগঞ্জের উত্তর রসুলবাগ এলাকায় বিদ্যুৎ স্পর্শে এক শিশুসহ তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে আরো ৫ জন হাসপাতালে ভর্তি আছে। ঝড়ে বিদ্যুতের সঞ্চালন লাইন ছিড়ে ওই এলাকার শাহিন ও রুবেলের টিনসেড বাড়িতে বিদ্যুতায়িত হয়ে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন হাসান (৩) রুবিনা (২৫) এবং সুমাইয়া (১৩)। নিহত হাসানের বাবার নাম রবিউল, রুবিনার স্বামীর নাম আলমগীর এবং সুমাইয়ার বাবার নাম মান্নান মোল্লা। আহতরা হলেন, নিহত হাসানের বাবা রবিউল ও মা সাবানা আক্তার, মনোয়ারা, জান্নাত এবং রিয়াদ।

 

২৭ মে ভোরে রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় পিকআপ পানিতে পড়ে দুই ভাই নিহত হয়েছেন। নিহত দুই ভাই হলেন সুজন মিয়া (২৬) ও রাব্বি মিয়া (১১)। তাদের পিতার নাম ইউসুফ চৌধূরী। রাজধানীর যাত্রাবাড়ী থানার উত্তর কাজলা এলাকার বাসিন্দা। নিহত দুই ভাই পিকআপের চালক ও  হেলপার হিসেবে কাজ করতো। বুধবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এলাকায় এই ঘটনা ঘটে।

 

ঈদের পরদিন (২৬ মে) বিকেলে সোনারগাঁয়ে মেঘনা পাওয়ার প্লান্টে ঘুরতে এসে প্লান্টের ড্রেনে পড়ে নিখোঁজ হয় রিগান (২৪) নামে শ্রমিক। ২৭ মে সন্ধ্যায় শীতলক্ষ্যা নদী থেকে নিখোঁজ রিগানের লাশ উদ্ধার করে পুলিশ। সে লালমনিরহাট জেলার আদিতমারী থানার দুর্গাপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে নিহত রিগান। 

 

সিদ্ধিরগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় আহত হয়ে মনির হোসেন নামে এক ব্যাক্তি শুক্রবার (২৯ মে) দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত মনির হোসেন নারায়ণগঞ্জ শহরের ১নং বাবুরাইল এলাকার তারা মিয়ার ছেলে।

 

রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে রাজন নামের এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে দাবি করছে নিহত যুবকের পরিবার। গত ১৩ মে মাদককারবারীরা রাজন খানকে সোনারগাঁ থেকে মোবাইল ফোনে রূপগঞ্জে ডেকে এনে গলাকেটে ও কুপিয়ে হত্যার চেষ্টা করে। তার আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে হাসপাতালে ভর্তি করে। টানা ১৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ২৯ মে রাতে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাজন খান মারা যায়। নিহত রাজন সোনারগাঁ উপজেলার আমগাও এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে। বর্তমানে তারাবো পৌরসভার রূপসী কাজী পাড়া মামার বাড়িতে বসবাস করত। 

 

একাধিক সূত্রমতে, ঈদ এলেই লাশ বাড়ে, এমন একটা সহজ সমীকরণ এসব মৃত্যু থেকে টেনে ফেলা যায়। ঈদের সময় সবচেয়ে বেশি আসে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার খবর। বেপরোয়া চালক নিজের গাড়ি উল্টে দেয়, নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়, রাস্তার পাশের গাছের কিংবা ব্রিজের সঙ্গে আঘাত হানে, ঘটায় উল্টো দিক থেকে আসা অন্য কোনো গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ। ঈদের সময় খুন, অপহরণ, ধর্ষণ, আত্মহত্যাও বেড়ে যায়। তা লক্ষ্য করা গেছে এবারের ঈদে। রাজনৈতিক প্রতিহিংসা ছাড়াও, ব্যক্তিগত শত্রুতা, সংঘর্ষ, সংঘাত, ছিনতাই, ডাকাতি এসব ঘটনায় ডজন ডজন লাশ পড়ে যায় ঈদ আনন্দের দিনগুলোতে। ঈদে ঘরমুখো মানুষ যখন আপনজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে যায় তখন পরিবারে আনন্দের পরিবর্তে অমানিষা নামিয়ে আনে এসব মৃত্যু।

 

সার্বিক পরিস্তিতিতে বোদ্ধামহলের প্রশ্ন কি হচ্ছে আমাদের সমাজে ? দেশে এমন অবস্থা কেন? প্রতিদিন এত লাশ কেন? এত হাহাকার কেন? ঘরে ঘরে এত আহাজারি কেন? জনে জনে এত উৎকণ্ঠা কেন? চারদিকে সুস্থ জীবন ছন্দ কি কোথাও আছে? আমাদের জীবন ব্যবস্থা, শিক্ষাদীক্ষা, সংস্কৃতির চেহারায় কি সুস্বাস্থ্যের ছিটেফোঁটা লক্ষণও দেখা যাচ্ছে? আমাদের অর্থনীতি, আইন-শৃঙ্খলাসহ গোটা ভবিষ্যৎটা কি আশাব্যঞ্জক? সমগ্র জাতির চেহারায় এমন দিশেহারা ভাব কেন ? এমন হতাশার কালো মেঘ কেন ? 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন