Logo
Logo
×

বিশেষ সংবাদ

গাদাগাদি করে মার্কেটে ঢুকছেন ক্রেতা 

Icon

বিশেষ প্রতিনিধি 

প্রকাশ: ১২ মে ২০২০, ০৪:৫০ পিএম

গাদাগাদি করে মার্কেটে ঢুকছেন ক্রেতা 
Swapno

দেড় মাস বন্ধ থাকার পর করোনাভাইরাসে সর্বোচ্চ ১৩২৮ জন সংক্রমণের দিন নিয়ম নীতির তোয়াক্কা না করেই খোলা হয়েছে নগরীসহ নারায়ণগঞ্জ জেলার অধিকাংশ শপিংমল, মার্কেট ও বিপণিবিতান।

 

বেশিরভাগ ক্ষেত্রেই সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানা হয়নি। শহরের গ্রীণসুপার মার্কেটের সামনে দেখা যায় মার্কেটে দিয়ে প্রবেশ পথে ব্লিচিং পাউডার মিশ্রিত চটের বস্তা ভিজিয়ে রাখা হয়েছে। গাদাগাদি করে মার্কেটে ঢুকছেন ক্রেতারা।

 

মার্কেটের বাইরে নিরাপত্তা প্রহরীরা সামাজিক দূরত্ব বজায় রেখে মার্কেটে প্রবেশের আহ্বান জানালেও সামাজিক দূরত্ব রক্ষায় ব্যর্থ হচ্ছে পুলিশ। ঈদের কেনাকাটার জন্য মার্কেট খোলার প্রথম ও দ্বিতীয় দিনেই লন্ডভন্ড হয়ে গেছে সামাজিক দূরত্ব।

 

অবশ্য কিছু কিছু মার্কেটে জীবাণুনাশক স্প্রে করিয়ে তবেই মার্কেটে প্রবেশ করতে দেয়া হয়। কিছু মার্কেটে ক্রেতার ভিড় থাকলেও রাজধানীর অধিকাংশ মার্কেটে ক্রেতার সংখ্যা খুবই কম দেখা গেছে।


প্রথম দিন কিছু বাকি থাকলেও গতকাল অধিকাংশ মার্কেট খোলা হয়। ঈদ উপলক্ষে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে, স্যানিটাইজেশন ব্যবস্থা রেখে মার্কেট খোলা রাখার নির্দেশনা দেয়া হয়। কিন্তু অধিকাংশ মার্কেটে ক্রেতা-বিক্রেতার সামাজিক দূরত্ব রক্ষা দূরের কথা গাদাগাদি, ঠেলাঠেলি করে ক্রেতাদের মার্কেটে প্রবেশ করতে দেখা যায়।

 

গেইটে হাত ধোয়ার ব্যবস্থা করা হলেও ক্রেতাদের মধ্যে সামাজিক দূরত্ব মানার প্রবণতা দেখা যায়নি। কয়েকটি মার্কেটে ক্রেতার সংখ্যা কম হলেও  ডিআইটি মার্কেটে দেখা গেল ক্রেতাদের প্রচুর ভিড়। ক্রেতারা হুড়োহুড়ি করে কাপড় পছন্দ করছেন। একই কাপড় একজন দেখে অন্যজনকে দিচ্ছেন। মহিলারা একজনই ৮ থেকে ১০টি করে কাপড় নেড়েচেড়ে দেখে পছন্দের শাড়ি কিনছেন।


ঈদ সামনে রেখে করোনাভাইরাসের সংক্রমণের মধ্যেই সরকার ব্যবসায়ীদের কিছু শর্ত দিয়ে দোকান ও শপিংমল খোলার অনুমতি দিয়ে ৪ মে প্রজ্ঞাপন জারি করে। কিন্তু করোনা সংক্রমণের ভয়েই দেশের ৯০ থেকে ৯৫ ভাগ শপিংমল ও মার্কেটের ব্যবসায়ীরা নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান-মার্কেট- দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

 

তবে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ কয়েকটি জেলায় গতকাল খোলা হয়েছে বেশ কিছু মার্কেট। মার্কেট খেলার পর সকালে ক্রেতা না থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ক্রেতাদের ভিড়। অধিকাংশ ক্রেতাই মানছেন না সামাজিক দূরত্ব। সামাজিক দূরত্ব না মানায় গতকালই কালীরবাজারে ফ্রেন্ডস মার্কেট বন্ধ করে দেয়া হয়েছিল।


শপিংমল খুলে দেয়ার সরকারি সিদ্ধান্ত ঘোষণার পর ব্যবসায়ী নেতারা আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, শপিংমল ও মার্কেট খুলে দেয়া হলে বিক্রেতা ও ক্রেতার মধ্যে সামাজিক দূরত্ব রক্ষা করা সম্ভব হবে না। ক্রেতারা কয়েকটি করে কাপড় দেখে একটি কাপড় কেনেন। এতে করোনাভাইরাসের সংক্রমণ আরো ছড়িয়ে পড়বে। সে জন্যই বেশির ভাগ ব্যবসায়ী মার্কেট ও দোকান আর্থিক ক্ষতি মেনে নিয়েই বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।


শহরের গ্রীণসুপার মার্কেট, বর্ষণ সুপার মার্কেট,  সোনারবাংলা মার্কেট, গুলসান মার্কেট, গুলসান সিনেমা বিল্ডিং মার্কেট, এফ রহমান সুপার  মার্কেট,  দেলওয়ার হোসাইন সুপার মার্কেট, ডাঃ মাহাবুব সুপার মার্কেট, আজহার সুপার মার্কেট, ওয়ালী সুপার মার্কেট, জলিল সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট,  টোকিও প্লাজা-১, ডিআইটি ইলেক্ট্রনিক্স মার্কেট, জামির মার্কেট, দেওভোগ কাটা কাপড় মার্কেট, উকিলপাড়া, নয়ামাটি, রয়েল প্লাজাসহ সকল মার্কেটেই মানুষের উপচে পড়া ভিড়। 


এ সকল মার্কেট ঘুরে দেখা গেছে, কোনো মার্কেটে ক্রেতার সংখ্যা গতকাল ছিল মোটামুটি, আবার কিছু মার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড়। প্রায় সবার মুখে মাস্ক দেখা গেলেও ক্রেতাদের বেশির ভাগই সামাজিক দূরত্ব রক্ষার ধার ধারেননি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন