‘মা কথাটি ছোট্ট অতি, কিন্তু জানো ভাই ইহার চেয়ে নাম যে মধুর ত্রিভূবনে নাই।’ছোট একটা শব্দ মা। শ্রুতিমধুর এই শব্দ শোনার আকাঙ্কায় প্রতিটি নারী মা হওয়ার স্বপ্ন দেখেন। কোল জুড়ে আসবে ছোট্ট একটি শিশু, সেই আকাঙ্খায় মাসের পর মাস সন্তানকে গর্ভে ধারণ করে একজন মা।
দুচোখে এরূপ স্বপ্নই দেখেছিলেন মাসদাইর এলাকার সাজিয়া বেগম। বিয়ের পর প্রথম মা স্বপ্ন বুনছিলেন ৯ মাস যাবৎ। কিন্তু জীবনে এই পরিক্রমা শেষ হওয়ার পূর্বেই করোনার অভিশাপ কেড়ে নিলো তার স্বপ্ন।
অন্তঃসত্ত্বা সাজিয়া বেগমের এই মে মাসের ১৩ তারিখে ডেলিভারি সময় দেওয়া হয়েছিল কিন্তু গত ২১ এপ্রিল পা পিছলে পড়ে যান তিনি। শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় তার পিতা জলিল আহমেদ ও স্বামী সুমন তাকে নারায়ণগঞ্জের একাধিক হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে গেলেও কোথাও তার চিকিৎসা করা হয়নি।
যার পরিণতি ছিল সাজিয়া বেগম ও তার গর্ভে থাকা শিশুর মৃত্যু। করোনার আতঙ্কে সাজিয়া বেগমের চিকিৎসা করা হয়নি কোন হাসপাতালে।
গর্ভকালীন সময়টা মায়েদের আনন্দ ভুলে করোনার মহামারিতে এরূপ নানা ঘটনায় অন্তঃস্বত্তা নারীদের এই সময়টা কাটছে নানা দূর্ভাবনা ও দুশ্চিন্তায়।
লকডাউনের প্রভাবে একদিকে গনপরিবহণ বন্ধ অন্যদিকে চিকিৎসকরা সীমিত পর্যায়ের। ফলে গর্ভবতী নারীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসকের শরণাপন্ন হতে বিড়ম্বনার সম্মুখীন হতে হচ্ছে।
ফতুল্লার শিবু মার্কেট বাসিন্ধা গর্ভবতী নারী লিপি ইসলাম। তিনি ৯ মাসের অন্তঃস্বত্তা। তিনি প্রতিবেদককে বলেন, ‘শুনছি অনেক হাসপাতালে এখন করোনার ভয়ে রোগীদের (অন্তঃস্বত্তা নারী) চিকিৎসা করাচ্ছে না।
সিজারের আগে করোনার টেস্ট রিপোর্ট দেখতে চায়। এই সময় আমাদের করোনার উপস্বর্গ না থাকলেও করোনার টেস্ট করানো একটা বাড়তি বিপত্তি। ওনি (স্বামী) ভেবেছেন পরে সমস্যা যেন না হয় সেই জন্য আগে থেকে করোনার টেস্ট করিয়ে নিবো।
একইভাবে মানসিকভাবে বিপর্যস্ত ৮ মাসের অন্তঃস্বত্তা রোকসানা আক্তার। কয়েক সপ্তাহবাদেই তার অস্ত্রোপচার হওয়ার কথা। কিন্তু করোনা পরিস্থিতিতে কোন হাসপাতালে ভর্তি হবেন তা নিয়ে বিপাকে পড়েছেন।
তিনি প্রতিবেদককে বলেন, শেষ সময়ে আল্ট্রাসনোগ্রাম করাটা প্রয়োজন তাই করেছি। ডাক্তারের পরামর্শ নিয়েই করেছি। অল্প কিছুদিনের মধ্যেই হাসপাতালে ভর্তি হতে হবে কিন্তু ভয় হয় সব হাসপাতালে সব ধরনের রোগীরা চিকিৎসা নিচ্ছেন। করোনায় সংক্রমণের ভয় লাগে।
বন্দরের সাবদি এলাকার বাসিন্ধা আয়েশা বেগম ৫ মাসের অন্তস্বত্তা। গর্ভাকালীন সময়ের শুরু থেকেই খানপুর ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসা নিলেও হাসপাতালটি করোনা হাসপাতাল রূপান্তরিত হওয়ায় তার ডাক্তার পরিবর্তন করিয়েছেন। নিজের পরীক্ষা-নিরীক্ষা প্রাইভেট ডায়াগনষ্টিক সেন্টার করিয়েছেন।
তিনি বলেন, আমি খানপুর হাসপাতালে শুরু থেকেই চিকিৎসা নিয়েছি। কিন্তু এখন ওই হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা দিচ্ছে। আর সরকারি হাসপাতালের ডাক্তাররা করোনা আক্রান্ত। এজন্য প্রাইভেট ডায়াগনষ্টিক টেস্ট করিয়ে নিয়েছি। কিন্তু আমার এলাকা থেকে হাসপাতালে আসতে অনেক সমস্যা হয়। গণপরিবহনে যাতায়াত করা ঝুঁকিপূর্ণ। কিন্তু আমার পরীক্ষাগুলো জরুরি ছিল তাই ঝুঁকি নিয়েই পরীক্ষা করেছি।
৩০০ শয্যা হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ চিকিৎসক হাফিজা ফারজানা এই বিষয়ে বলেন, করোনাকালীন এই সময়ে প্রথমত মা হতে যারা চেষ্টা করছে তাদেরকে আমরা চিকিৎসা কার্যক্রম আপাতত বন্ধ রাখার নিদের্শনা দিয়েছি। কারণ বর্তমান সময় অন্তস্বত্তা নারী ও তার শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ। আর যারা গর্ভবতী তাদের টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি গর্ভবতী নারীর নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজনীয়তা কথা জানিয়ে বলেন, গর্ভবতী নারীর প্রথম থেকে শেষ পর্যন্ত একটি পরিকল্পিত সেবা দানকে আমরা বলি প্রসূতি মায়ের যত্ন বা এন্টিনেটাল চেকআপ। গর্ভাবস্থায় একজন মা অন্তত ৪ বার চিকিৎসকের কাছে যাবে, এন্টিনেটাল চেকআপ নেবে।
এই চেকআপের মাধ্যমে গর্ভকালীন সময়ে তার কোনো সমস্যা হলে সেগুলো সমাধান করা সম্ভব হয়। গর্ভাবস্তার পঞ্চম মাসে গর্ভস্থ শিশুর বৃদ্ধি এবং গর্ভফুল এর গতিবিধির স্বাভাবিক অবস্থার পর্যবেক্ষণে অ্যানোমালি স্ক্যান করা হয়।
তবে বর্তমান করোনা পরিস্থিতিতে প্রয়োজন না হলে রোগীদের হাসপাতালে আসতে নিষেধ করেছি। তবে জরুরী চেকআপ করার প্রয়োজন হলে তাদেরকে সাবধানে ক্লিনিকে যোগাযোগের পরামর্শ দিয়েছি।
সম্প্রতি নাসিক ৮নং ওয়ার্ডে হাসপাতালে না যাওয়ার ব্যবস্থা করতে না পেরে প্রসব ব্যাথায় কাতর হয়ে একজন প্রসূতি ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর আয়শা আক্তার দীনার সাথে যোগাযোগ করলে তিনি সিদ্ধিরগঞ্জের সুফিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেন।
কাউন্সিলর আয়শা আক্তার দীনা এই বিষয়ে জানান, প্রসূতি ওই নারীর স্বামীর লকডাউনের কারনে আয়-রোজগার নেই। সেই সাথে গনপরিবহনের ব্যবস্থা না থাকায় তিনি কাউন্সিলরকে বিষয়টি অবগত করলে তিনি প্রসূতি নারীকে সিদ্ধিরগঞ্জের সুফিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে তার পুত্রসন্তানের জন্ম হয়। তবে সকলকেই গর্ভবতী নারীদের ক্ষেত্রে আরো সচেতন হতে হবে।
নারায়ণগঞ্জের মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ফাতেমা শিরিন করোনা পরিসিস্থিতে গর্তবতী নারীদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, মা ও শিশু কল্যাণ কেন্দ্রে প্রতিদিনই গর্ভবতী মায়েরা চিকিৎসার জন্য আসছে। কিন্তু এর সংখ্যা এখন কিছুটা কম। গর্ভবতীরা নারীরা ভয়ে অনেকেই আসে না। এছাড়াও অনেকে ডেলিভারি নিয়ে নিজেদের অনেক সংশয় প্রকাশ করেন।
তাদেরকে এখন হোম ডেলিভারি করায় উৎসাহ প্রদান করি। সিজারের চেয়ে হোম ডেলিভারি এখন গর্ভবতী নারীদের জন্য নিরাপদ। গুরতর সমস্যা না হলে হাসপাতালে এসে সরাসরি চিকিৎসা না নিয়ে টেলিমেডিসিন সেবা নেওয়ার বিষয়ে তাদেরকে অবগত করছি। তাদের মনে এখন সাহস দিতে হবে।
নারায়ণগঞ্জ সিভিল সার্জন এ বিষয়ে বলেন, গর্ভবতী মায়েদের জন্য এই সময়টা খুবই ঝুঁিকপূর্ণ। হাসপাতালে নিয়মিত সরাসরি চিকিৎসকের থেকে সেবা দেখা না নেওয়াই উত্তম। প্রয়োজনে টেলিমেডিসিন সেবার মাধ্যমে যেকোন পরামর্শ নেওয়া যেতে পারে।
ফোনে টেলিমেডিসিন সেবাতে দুশ্চিন্তা দূরীকরণে সাহস দিতে হবে। একজন মায়ের মানসিকভাবে সুস্থ থাকা জরুরী। এছাড়া জেনারেল হাসপাতালে যেকোন জরুরী রোগীর চিকিৎসা দেওয়া হবে।


