Logo
Logo
×

বিশেষ সংবাদ

পরিবহন সেক্টর থেকে তোলা

শ্রমিক কল্যাণের চাঁদার টাকা নেই ফান্ডে !

Icon

ফরিদ আহম্মেদ বাধন

প্রকাশ: ১১ মে ২০২০, ০৪:০৬ পিএম

শ্রমিক কল্যাণের চাঁদার টাকা নেই ফান্ডে !
Swapno

পরিবহন শ্রমিক নয়। তবুও তারা নাম সর্বস্ব শ্রমিক সংগঠনের শ্রমিক নেতা। এই সংগঠনের ব্যানারে প্রতিদিন নারায়ণগঞ্জের পরিবহন সেক্টর থেকে বিশাল অংকের চাঁদা শ্রমিক কল্যাণের নামে তোলা হয়।

 

কিন্তু শ্রমিকদের কল্যাণে কখনোই তারা কল্যাণ ফান্ডের টাকা খরচ করেন না বলে অভিযোগ অনেক দিনের। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন(বি-৪৯৪) বর্তমানে অবৈধভাবে নারায়ণগঞ্জে পরিচালিত হয়ে আসছে।

 

কিন্তু তারা তাদের মন মতো শ্রমিক কল্যাণ ফান্ডের টাকা আত্মসাৎ করে যাচ্ছেন বছরের পর বছর ধরে। ২০১২ সাল থেকে ২০২০ অর্থ বছরে পর্যন্ত শ্রমিক সংগঠনের ব্যানারে জিলানী ও জামান গংয়ের কাছে ২ কোটি ৮০ লাখ ৮০ হাজার টাকা জমা রয়েছে। কিন্তু সেই টাকার এখন আর কোন হদিস নেই। 

 

এরপরও তারা শহরে চলাচলকারী বাস সার্ভিস উৎসব, বন্ধন, বন্ধু, আনন্দ, বাধন পরিবহন থেকে শ্রমিক কল্যাণের নামে টাকা হাতিয়ে নিচ্ছে। উল্লেখিত বাস সার্ভিসের শ্রমিকরা করোনা পরিস্থিতিতে না খেয়ে থাকলেও, যারা এতো বছর শ্রমিকের নাম করে চাঁদা হাতিয়ে নিয়েছেন তারা এখন নীরব ভুমিকা পালন করছে।  শ্রমিকের টাকায় তারা নিজেদের পকেট গরম করেছেন।

 

এ নিয়ে শ্রমিকদের মধ্যে চাপা ক্ষোভ রয়েছে। করোনা পরিস্থিতির পর নারায়ণগঞ্জে পরিবহন শ্রমিকদের ক্ষোভের বহিঃ প্রকাশ ঘটবে বলে জানিয়েছেন অনেকে।   


স্বাধীনতা পরবর্তী সময়ে নারায়ণগঞ্জের পরিবহন(বাস) সেক্টরে  একচ্ছত্র আধিপত্য বিস্তার করা শুরু করে জিলানী-জামান গং। দিনের পর দিন তারা এই সেক্টরে আধিপত্য বিস্তারের মাধ্যমে হয়েছেন বিশাল বিত্ত বৈভবের মালিক।

 

পরিবহন মালিকদের অনেকেই সর্বশান্ত হলেও পরিবহণ সেক্টরে তাদের আধিপত্য ছিল বরাবরের মতোই শক্তিশালী। প্রভাবশালী একজন সাংসদের নাম ভাঙ্গিয়ে জিলানী-জামান চক্র বাংলাদেশ সড়ক পরিবহনের শ্রমিক ইউনিয়নে এখনো করে যাচ্ছে রাম রাজত্ব। 


শনিবার নারায়ণগঞ্জে পরিবহণ শ্রমিকদের হাতে খাবার তুলে দিতে গিয়ে সাংসদ সেলিম ওসমান দুঃখ প্রকাশ করেছেন। তিনি তার বক্তব্যে দুঃখ করে বলেছেন,এতো বছর যারা শ্রমিকদের কল্যান ফান্ডের নামে টাকা তুলেছেন তারা কেনো আজকে শ্রমিকদের পাশে দাড়াচ্ছেন না। 


তিনি দুঃখ করে আরো বলেন, যাত্রীরা বাসে উঠার আগেই শ্রমিকদের কল্যাণের জন্য টাকা কেটে নিয়ে যাওয়া হয়। অথচ আজকে করোনায় শ্রমিকদের পাশে তারা নেই! ঈদের আগে যদি শ্রমিকদের সন্তুষ্ট করা না হয় তাহলে দুদকের মাধ্যমে তদন্ত করে  টাকা আত্মসাৎকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 


শ্রমিকরা জানায়, বেশ কয়েক মাস আগে নারায়ণগঞ্জ বাস টার্মিনালের শ্রমিক ফান্ডের হিসেব অনুযায়ী জিলানী ও জামান চক্রের কাছে ২ কোটি ৮০ লাখ ৮০ হাজার টাকা কল্যাণ ফান্ডে জমা রয়েছে। সেই সময় শ্রমিকরা তাদের কল্যাণ ফান্ডের টাকা চাইলে জিলানী-জামানের দূর্গে আঘাত লাগে। 


শ্রমিকদের জন্য মালিক সমিতির কাছ থেকে নেয়া টাকা আর তারা ফেরত দেয়নি শ্রমিকদের। নারায়ণগঞ্জে বন্ধন ৫৪ টি,উৎসব ৫০টি,বন্ধু ৩০টি,আনন্দ ৩০টি এবং বাধন পরিবহনের ৩৫টি বাস রয়েছে। এই বাসগুলোর শ্রমিকদের জন্য ট্রেড ইউনিয়নের নিয়ম অনুযায়ী কল্যাণ ফান্ড রয়েছে। কিন্তু শ্রমিকদের জন্য নেয়া টাকা ফান্ডে নেই।  একেকটি বাস কাউন্টার থেকে মাসে ৪০/৫০ হাজার টাকা আদায় করা হলেও প্রকৃত পক্ষে ফান্ডে টাকা নেই। 


তারা জানায়,বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি: নং- বি ৪৯৪) মূলত একটি ঢাকা জেলা ভিত্তিক সংগঠন। ২০০১ সালের পর এই সংগঠন অবৈধ হলেও নারায়ণগঞ্জে জামান-জিলানী চক্র  চালিয়ে যাচ্ছেন। তাদের সংগঠনে শ্রমিক না থাকলেও করে রেখেছেন কল্যান ফান্ড। এই কল্যাণ ফান্ডে টাকা জমা হলেও তারা শ্রমিকদের কল্যাণে সেই টাকা কাজে লাগান না বলেও অভিযোগ।


শ্রমিকরা আরো জানান, নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে যে কাউন্টার সার্ভিস রয়েছে ৪/৫ টি কাউন্টার সার্ভিসের মালিকদের কাছ থেকে চাঁদা আদায় করে একটি চক্র। শ্রমিক কল্যাণের নামে প্রতিমাসে ৩ লক্ষাধিক টাকা তুলে নিয়ে যায় জিলানী জামান চক্র।  অথচ করোনা পরিস্থিতিতে কোন শ্রমিককে ১ কেজি চালও দেননি তারা। কেন্দ্রীয় বাস টার্মিনালে একটি নাম সর্বস্ব অফিস নিয়ে শ্রমিক নেতা সেজে বসে আছেন তারা। 


এব্যাপারে নারায়ণগঞ্জ জেলা বাস মিনিবাস শ্রমিক কর্মচারী ইউনিয়নের (রেজি নং-৩৮১০) সাধারণ সম্পাদক মোস্তফা হোসেন ভান্ডারী বলেন, নারায়ণগঞ্জে গন পরিবহন বিশেষ করে বাস চালক ও হেলপাড়দের জন্য নাম সর্বস্ব শ্রমিক সংগঠন কিছুই করেনি। করোনা দেখিয়ে দিয়েছে নারায়ণগঞ্জের পরিবহন শ্রমিকরা কতোটা অসহায়।

 

কেন্দ্রীয় বাস টার্মিনালে বসে বসে বছরের পর বছর ধরে,যারা শ্রমিক কল্যাণ ফান্ডের নাম করে চাঁদা হাতিয়ে নিয়েছেন তারা শ্রমিকদের পাশে দাড়ায়নি। প্রকৃত শ্রমিক সংগঠন শ্রমিকদের জন্য সাধ্যমতো ত্রাণ দিয়েছে। 


পরিবহন সেক্টর থেকে যারা শ্রমিকদের নাম করে টাকা নিলেন তারা শ্রমিকদের পাশে দাঁড়ালেন না। এই হলো নারাযনগঞ্জের বাস মিনিবাস শ্রমিকদের কষ্টের চিত্র। নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ আলহাজ্ব সেলিম ওসমান গত শনিবার বিকেলে বাস ও মিনিবাস শ্রমিকদের মধ্যে ১ হাজার ৩’শ শ্রমিকদের হাতে খাবার তুলে দিয়েছেন।  


এ বিষয়ে জানতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি জিলানীর মোবাইলে  একাধিকবার ফোন করা হলে তাঁর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন