করোনা : নারায়ণগঞ্জে একদিনে সর্বোচ্চ আক্রান্ত ৮৬ জন
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ মে ২০২০, ১১:০৩ পিএম
নারায়ণগঞ্জে আইএসপিআর ঘোষিত লকডাউনের ৩৩ তম দিনে এসে একদিনে সর্বোচ্চ ৮৬ জন আক্রান্ত হলেন। জেলা স্বাস্থ্য বিভাগ থেকে এ তথ্য গেছে। ২৪ ঘন্টায় ৮৬ জন আক্রান্ত যোগ হয়ে করোনায় জেলায় এখন আক্রান্ত মানুষের সংখ্যা এখন ১ হাজার ২৮১ জন। মৃত্যুর কাতারে আরো দুই জন যুক্ত হয়ে সংখ্যাটা পৌঁছে গেছে ৫৫ জনে। এর আগে গত ১৮ এপ্রিল সকাল থেকে ১৯ এপ্রিল সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় আক্রান্তের সর্বোচ্চ সংখ্যা ছিল ৭৭ জন।
গত ২৬ এপ্রিল নারায়ণগঞ্জে পোশাক ও অন্যান্য কারখানা খুলে দেওয়ার পর আজ ১৪ তম দিন চলছে। এরই মধ্যে আক্রান্তের ভয়াবহ উর্ধ্বগতি নারায়ণগঞ্জবাসীকে ভীত-সন্ত্রস্ত করে তুলছে। সামাজিক দূরত্ব বলতেও জেলায় এখন আর কিছু নেই।
নতুন আক্রান্ত হওয়া ৮৬ জনের মধ্যে ৩৯ জন নারায়ণগঞ্জ সদর উপজেলা এলাকার। ওই এলাকায় বিসিক শিল্পনগরীসহ অসংখ্য শিল্প কারখানা অবস্থিত। আর গত ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার ২৫ জন। রূপগঞ্জ উপজেলায় এক দিনে সর্বোচ্চ ১৪ জন আক্রান্ত হয়েছে গতকাল। আগের দিন আক্রান্ত ছিল ওই এলাকায় একজন। এছাড়া ৫ জন সোনারগাঁ, ২ জন বন্দর এবং ১ জন আড়াইহাজারে নতুন করে আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় যে দু’জন মারা গেছেন তাদের এক জন ফতুল্লা থানা এলাকার এবং অপরজন নারায়ণগঞ্জ নগরীরর বাসিন্দা।
এদিকে আইইডিসিআর এর সর্বশেষ তথ্য অনুযায়ী জেলায় আক্রান্ত মানুষের সংখ্যা ১ হাজার ১৯৮ জন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী জেলায় সর্বমোট ১ হাজার ২৮১ জন আক্রান্তের মধ্যে ৬৮২ জন এবং মারা যাওয়া ৫৫ জনের মধ্যে ৩৮ জন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানা এলাকায় আক্রান্ত ৪৫১ জন। এরমধ্যে মারা গেছেন ১৩ জন।
সোনারগাঁ উপজেলায় আক্রান্ত ৫১ জনের মধ্যে মারা গেছেন ২ জন। আড়াইহাজার উপজেলার আক্রান্ত ৩৪ জনের মধ্যে কেউ মারা যাননি। বন্দর উপজেলায় আক্রান্ত ২৯ জনের মধ্যে মারা গেছেন ১ জন এবং রূপগঞ্জ উপজেলা এলাকায় আক্রান্ত ৩৪ জনের মধ্যে মারা গেছেন ১ জন। জেলায় আজ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১১৪ জন।
নারায়ণগঞ্জ থেকে এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৩১৪ জনের। তবে এরমধ্যে কতগুলো নমুনা পরীক্ষা করা হয়েছে তার সঠিক হিসাব পাওয়া যায়নি।
গত ২৯ এপ্রিল জেলার রূপগঞ্জে গাজী কোভিড-১৯ পিসিআর ল্যাব উদ্বোধনের পর সেখানে নমুনা সংগ্রহ ও পরীক্ষা শুরু হয়েছে।
গত ৬ মে থেকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে পিসিআর ল্যাব চালু হয়েছে। সেখানে নমুনা সংগ্রহ ও পরীক্ষা চলছে। তবে এখানে নমুনা পরীক্ষার সক্ষমতা অনুযায়ী কম করার অভিযোগ রয়েছে। এই সরকারি হাসপাতালটি কোভিড-১৯ রোগিদের চিকিৎসার জন্য আগেই নির্ধারণ করা হয়েছে।
এছাড়াও সিদ্ধিরগঞ্জে সাজেদা ফাউন্ডেশন হাসপাতালটিতে কোভিড-১৯ রোগিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। সেখানে ৪ টি আইসিইউ শয্যাসহ ৩০টি শয্যায় চিকিৎসা চলছে। হাসপাতালটি থেকে চিকিৎসা নিয়ে আজ সকাল পর্যন্ত ৫১ জন সুস্থ হয়েছেন বলে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে জানাগেছে।


