চলছে বিরাট ত্রাণ বৈষম্য। অসহায়দের ত্রাণ যাচ্ছে জনপ্রতিনিধিদের নিজস্ব বলয়ের লোকজনদের মধ্যে। নিজস্ব লোকজন যত সহায়-সম্বল থাক না কেনো, তাদের ঘরে একাধিকবার ত্রাণ পৌঁছে যাচ্ছে। আর অসহায় লোকজন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে তা দেখছেন।
আর হাহাকার করছেন। হাহাকার ছাড়া অসহায় মানুষগুলোর আর কিইবা করার আছে ? শহর ও শহরতলীর বিভিন্ন এলাকায় ত্রাণ বন্টনে চলছে চরম অনিয়ম। নেতাদের ভয়ে কেহ মুখ খোলেনা। এমনিতেই বিপদের দিন, তার উপর নেতাদের সাথে বিরোধে জড়ালে কপালে নেমে আসবে দুর্ভোগ। বরং অসহায় মানুষগুলো
তবুও যদি কিছু ত্রাণ পাওয়া যায় সে আশায় সবকিছু মুখ বুঝে সয়ে যাচ্ছে বলে মনে করেন বোদ্ধামহল। তাদের মতে, সরকার পর্যাপ্ত ত্রাণ দিচ্ছে। কয়েক প্রকারের ত্রাণ দিচ্ছে। মানবিক সহায়তা। ওএমএস এর চাল। নগদ সহায়তা।
স্থানীয় জনপ্রতিনিধিরা ত্রাণ বন্টনে যাদের উপর ভরসা করছেন সেই ভরসার পাত্রগুলো নিজেদের ইচ্ছেমত ত্রাণ বিলাচ্ছেন। ত্রাণের জোয়ার বয়ে যায় নেতার আত্মীয়স্বজন ও পছন্দের মানুষের বাসায়। এরপর সেই সকল লোকজন নিজেদের বলয়ের মানুষের ঘরে ত্রাণ পৌঁছে দেন। ত্রাণের মহিমায় কেহ ভেসে যায়। কেহ বুক ভাসায় চোখের জলে।
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে বিপর্যস্ত নারায়ণগঞ্জ। ভাইরাসটির সংক্রমনে আক্রান্ত প্রথম রোগী নারায়ণগঞ্জে সনাক্ত হওয়ার পরে ধীরে ধীরে দেশের অন্যান্য জেলায় ভাইরাসটির লক্ষণ দেখা দেয়। এমন সমীকরণকে সামনে রেখে গত ২৫ মার্চ সরকারের সংশ্লিষ্ট দপ্তরের ঘোষনায় সকল সরকারী- বেসরকারী ব্যবসায় প্রতিষ্ঠান সাময়ীকভাবে বন্ধ ঘোষণা করা হয় নারায়ণগঞ্জ সহ সমগ্র বাংলাদেশে।
২৬ ও ২৭ মার্চ বন্ধ করে দেওয়া সকল নৌ ও রেল যোগাযোগ ব্যবস্থা। গত ৩০ মার্চ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার রসুলবাগ এলাকায় ৪৫ বছর বয়সী নারী ও ৫ এপ্রিল নারায়ণগঞ্জ সদর উপজেলার এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর কুর্মীটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।
দ্রুত ভাইরাসটি সংক্রমণ বেড়ে যাওয়া সহ আরো মৃত্যুর আশংকায় স্থানীয় জনপ্রতিনিধিদের দাবীতে গত ৭ এপ্রিল রাতে সরকারিভাবে নারায়ণগঞ্জকে লকডাউন করার ঘোষণা আসে।
এক পরিসংখ্যানে জানা গেছে, বাংলাদেশের যেসব জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে তা দিয়েছেন সংশ্লিষ্ট জেলা প্রশাসন। শুধু নারায়ণগঞ্জ লকডাউন ঘোষণা করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। কিন্তু ততদিনে করোনা নারায়ণগঞ্জের কমিউনিটি লেভেলে ছড়িয়ে পড়ে।
সরকারীভাবে সমগ্র নারায়ণগঞ্জকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষনা করার পর বিপর্যয় নেমে আসে স্বল্প ও নিম্ন আয়ের মানুষের মধ্যে। লকডাউন অবস্থায় শুরুর কয়েকদিন সমগ্র নারায়ণগঞ্জ স্থবির হয়ে পড়লেও সে অবস্থায় খুব বেশি দির্ঘায়িত হয়নি।
তার কারন হিসেবে অনেকেই মনে করেন আর্থিক দূরঅবস্থা ও প্রয়োজনীয় খাবারের সংকট। অপর দিকে দীর্ঘ লকডাউনে মুখ থুবরে পড়েছে নারায়ণগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানও।
এক পরিসংখ্যানে দেখা গেছে, লকডাউনের কবলে পড়ে প্রায় ৪০০ কোটি টাকা ক্ষতি হয়েছে নারায়ণগঞ্জের ব্যবসা প্রতিষ্ঠানে এমনটাই দাবী নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির সভাপতি মো: শাহজাহান মিয়ার।
এমন প্রেক্ষাপটে বাংলাদেশ সরকারের প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাজার কোটি টাকার প্রনোদনার ঘোষনা করন। সরকারের দাবী এই প্রনোদনার আওতায় দেশের সর্বস্থর মানুষ রয়েছে।
দীর্ঘ সময় কর্মস্থল বন্ধ থাকার ন্যায়ে সমাজের সর্বস্তরে বিরাজ করতে শুরু করে উদ্ভট এক অস্থিরতা। এই অস্থিরতা কাটিয়ে উঠতে দেশের প্রত্যেক নাগরিকের ঘরে ঘরে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার জন্য নিজ দলের নেতাকর্মীদের নির্দেশ প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেই সাথে দুস্থ, অসহায়, দিনমজুর ও মধ্যবিত্ত পরিবারের জন্য পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সহায়তারও ঘোষণা করেন।
শুুরুতে ত্রাণ সহায়তাগুলো সরকারী দলের নেতাকর্মীরা এলাকায় এলাকায় বিতরণ করলেও স্বচ্ছতা এবং ত্রাণ প্রাপ্তির নিশ্চয়তা নিশ্চিত করার জন্য দেশের সকল জনপ্রতিনিধিদের উপর এই গুরুদায়িত্ব অর্পিত করা হয়।
দেশের চলমান ত্রাণ সহায়গুলো মধ্যে অন্যতম ওএমএস কার্ড, চাল, নগদ অর্থ, শিশু খাদ্যসহ মানবিক সহায়তার কার্ড। নারায়ণগঞ্জে ত্রাণ বিতরণের দায়িত্ব পালন করছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সহ উপজেলা ও ইউনিয়ন পরিষদ।
খোঁজ নিয়ে জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সহ ইউনিয়ন পরিষদ এলাকাগুলোতে বিশেষ লোক দিয়ে ত্রাণের তালিকা সহ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করছে স্থানীয় জনপ্রতিনিধিরা।
যখনি সরকারের কোষাগার থেকে ত্রাণ আসছে তখনি সেই সকল বিশেষ লোকদের মাধ্যমে শত শত ত্রাণ এলাগুলোতে পাঠানো হচ্ছে বিতরণের দায়িত্বও তাদের উপর ছেড়ে দেওয়া হয়েছে।
তবে সরকারী সেই ত্রাণ যথাযথ ভাবে বিতরণ করা হচ্ছেকিনা তার সঠিক তদারকী করছেনা সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা। অভিযোগ রয়েছে একটি পরিবার একাধিকাবার ত্রাণ সহায়তা পেলেও অনেক পরিবারই রয়ে যাচ্ছে এই সহায়তার বাহিরে।
নারায়ণগঞ্জের বিশিষ্টজনরা মনে করেন, এই জেলার প্রত্যেক জনপ্রতিনিধিদের কাছে রয়েছে তার নির্বাচনি এলাকার ভোটার তালিকা। জনপ্রতিনিধিরা চাইলে নির্বাচন কমিশনের কাছে আবেদন করে সাধারণ নাগরীকদের জাতীয় পরিচয়পত্রের সম্পূরক তথ্য মোবাইল নাম্বার সংগ্রহ করে প্রত্যেক ঘরে ঘরে সরকরী ত্রাণ সহায়তা পৌছে দিতে।
কিন্তু তারা সেটা না করে ব্যক্তি বিশেষদের মাধ্যমে সরকারী সহায়তা প্রদান করছে। এতে করে জনপ্রতিনিধিদের সেই ব্যক্তি বিশেষের আশির্বাদপুষ্টরাই বার বার ত্রাণ সহায়তা গ্রহন করছে এবং বঞ্চিত হচ্ছে প্রকৃত অসহায় সাধারণ। মানুষ যাদের জন্য সরকার ত্রাণ সহায়তা বিতরণ করছে।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বেশ কয়েকটি ওয়ার্ডের বাসিন্দাদের সাথে কথা বললে তারা জানান, নির্বাচনের সময় যারা কাউন্সিলরদের নির্বাচিত হতে সহায়তা করেছে সেই সকল ব্যক্তিদের কাছে শত শত ত্রাণের প্যকেট হস্তান্তর করছে তারা।
এমন সংকটাপন্ন পরিস্থিতিতে কাউন্সিলরদের নিজস্ব লোকজন ত্রাণগুলো নিজেদের পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীদের মধ্যেই বিতরণ করছে। তারা এলাকার ভোটারদের কাছ থেকে আইডি কার্ড নিচ্ছে কিন্তু ত্রাণ দিচ্ছে নিজেদের পছন্দের ব্যক্তিদের।
স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, নির্বাচনের সময় বাড়ী বাড়ী গিয়ে ভোট চাইতে পারে কিন্তু মানবিক সহায়তাগুলো বাড়ী বাড়ী পৌঁছে দিতে পারেনা জনপ্রতিনিধিরা।


