দেশে প্রতিদিন করোনাভাইরাস সংক্রমনের সংখ্যা বাড়ছে। সামাজিক ট্রান্সমিশন ঠেকাতে চিকিৎসা বিজ্ঞানীরা ‘সামাজিক দূরত্ব’ রক্ষার উপর জোর দিয়েছেন। সরকারি ছুটি, গণপরিবহন বন্ধ এবং লকডাউনের মধ্যে সরকার মানুষকে ‘ঘরে থাকা’র পরামর্শ দিচ্ছেন। কিন্তু প্রতিদিন মার্কেট, রাজপথ থেকে শুরু করে অলিগলিতে বিপুল সংখ্যক মানুষ চোখে পড়ে।
ঝুঁকি নিয়ে চলাফেরা এসব ব্যক্তি সর্বত্রই করোনা ঝুঁকি ছড়াচ্ছেন। কারণে-অকারণে কেউ রাস্তায় নামছেন, কেউ ফুটপাথের চা দোকানে বসে আড্ডা দিচ্ছেন, কেউ অযথাই কেনাকাটার নাম করে রাস্তায় চলাফেরা করছেন, কেউ বা ফাঁকা মহানগর পেয়ে প্রাইভেট কার নিয়ে বেড়িয়ে পড়ছেন।
জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো: জায়েদুল আলম যুগের চিন্তাকে বলেন, আমি আজকে সাইনবোর্ড মোড়, চিটাগাং রোড, আদমজী ইপিজেড, সিদ্ধিরগঞ্জ থানা, ইশা খা রোড, বঙ্গবন্ধু রোডসহ শহরটি নিজে ঘুরে দেখলাম। পরিস্থিতি বলার মত নয়।
আদমজী ইপিজেডে হাজার হাজার শ্রমিক। গাঁ ঠেসাঠেসি করে গার্মেন্টসে ঢুকছে এবং বের হয়ে আসছে। কারো মধ্যে ন্যুনতম সতর্কতা নেই। মানুষ আর মানুষ। সবাই স্বাস্থ্যবিধি জানে। কেহই মানছেনা। সবাই ভাবছে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে। আমরা চেকপোস্ট গুলোতে কড়াকড়ি আরোপ করেছি। জরুরী গাড়ি ছাড়া জেলায় কোন গাড়ি ঢোকা ও বের হওয়া নিষেধ।
শহরের ভেতরে মাইক্রোবাস, প্রাইভেটকার, সিএনজি চলতে পারবে। মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে আমরা বার বার সতর্ক করছি। মানুষ বেপরোয়া। এভাবে চললে পরিস্থিতি খারাপের দিকে যাবে।
আইনশৃংখলা বাহিনীর সদস্যরা মোড়ে মোড়ে যখন মানুষ ও যানবাহন থামিয়ে রাস্তায় নামার কারণ জানতে চাচ্ছেন; তখন বেশির ভাগ মানুষই ঠুনকো হাস্যকর অজুহাত দেখাচ্ছেন। করোনার সংক্রমন নিয়ন্ত্রনে সবাই যখন ঘরে থাকার পরামর্শ দিচ্ছেন। তখন কারণে-অকারণে প্রতিদিন যারা রাস্তায় নামছেন তারা আসলে কারা ?
জানতে চাইলে চিকিৎসকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) একজন কেন্দ্রীয় নেতা বলেন, করোনার সামাজিক ট্রান্সমিশন ঠেকানো সামাজিক দূরত্ব রক্ষা আবশ্যক। দুঃখজনক হলো কিছু মানুষ বিবেকহীনের মতো অহেতুক ঘোরাফেরা করেন। এতে সংক্রমন আরো ছড়িয়ে পড়ছে। জাতির বৃহৎ স্বার্থে সরকারের উচিত লকডাউন কঠোরভাবে কার্যকর করা।
বিএমএ নারায়ণগঞ্জ জেলার সাবেক ডা. মো: শাহনেওয়াজ চৌধুরী বলেন, গার্মেন্টস, মার্কেট ও মসজিদ খুলে দেয়া সরকারের নিজস্ব সিদ্ধান্ত। সরকার সবার আগে স্বাস্থ্যবিধি পালনের কথা বলেছেন। কিন্তু তা মানছেনা। একান্ত প্রয়োজন না হলে যেন কেহ বাইরে না বের হয়। মার্কেটে না আসে। মসজিদে সামাজিক দূরত্ব বজায় না থাকলে ঘরে বসেই নামাজ পড়া যাবে। মার্কেট করাটাও খুব জরুরী নয়।
যেখানে জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা সেখানে মার্কেট যাওয়াটা ঝুঁকিপূর্ণ। আমাদের দেশে মানুষের মধ্যে একটা প্রবণতা আছে। সেটা হল মানুষ সব সময় নিজেদের পছন্দমত সুবিধা ব্যাখ্যা করে। পছন্দের জিনিসটা গ্রহণ করে। পছন্দের বাইরে গেলে তারা গুরুত্বপূর্ণ বিষয়টাকেও গ্রহণ করেনা। যে অবস্থা চলছে এভাবে চলতে থাকলে ঈদের পর রোগী বাড়তে পারে।
একজন সিনিয়র চিকিৎসক বলেন, ব্যক্তি ট্রান্সমিশনটা আগে। ব্যক্তি থেকেই সমাজ। এরপর ঘটে সামাজিক ট্রান্সমিশন। যে ব্যক্তি ঘরে থাকে সেই ব্যক্তিই প্রয়োজনে-অপ্রয়োজনে বাইরে বের হয়। রাস্তাঘাটে-হাটেবাজারে করোনার ছড়াছড়ি। কে কার সাথে করোনা নিয়ে ঘরে ফিরছে কে জানে। আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে লকডাউন সম্ভবনা। তবে সরকার যথেষ্ট আন্তরিক। সবাইকে সতর্ক করা হচ্ছে। এমনকি মোবাইল ফোন কোম্পানীগুলো গ্রাহকদের সতর্ক করে দিচ্ছে।
জানাগেছে, দেশে করোনা সংক্রমনের দুই মাস পূর্ণ হয়েছে গতকাল শুক্রবার। এই দীর্ঘ সময়ে পর্যবেক্ষণ করে এবং খোঁজ-খবর নিয়ে যে চিত্র পাওয়া যায় তাতে দেখা যায়, শহরের বিপুল সংখ্যক তথা দুই তৃতীয়াংশ মানুষ ঘরবন্দি। এদের কেউ কেউ অতি প্রয়োজনে দু’এক ঘণ্টার জন্য বের হলেও নিজেকে নিরাপদ রেখেই চলাফেরা করেন।
আর বেশির ভাগ মানুষ কার্যত বের হন না। ইট-পাথরের শহরে লাখ লাখ মানুষ উচু বিল্ডিংয়ে ফ্ল্যাটে থাকেন। তাদের অধিকাংশই প্রতিদিন আকাশ-বাতাস দেখলেও দুই মাস থেকে মাটি দেখেন না। এমনকি অনেকেই আকাশও দেখতে পান না দুই মাস ধরে।
কর্মজীবনে দুই এবং তিনটি অফিস করতে হয় এবং প্রতিদিন সকাল ৯টায় ঘর থেকে বের হয়ে গভীর রাতে ফিরতে হয় কাজের চাপে। এমন ব্যস্ত মানুষও করোনার কারণে ঘরে বসে কাজকর্ম সারছেন। করোনা সংক্রমন ঠেকাতে সামাজিক দূরত্ব রক্ষায় ঘরে অবস্থান তারা মানিয়ে নিতে বাধ্য হয়েছেন।
প্রতিমাসে দুই তিন বার বিদেশ যেতেন এমন ব্যস্ত ব্যবসায়ী-শিল্পপতিদের বেশির ভাগ মানুষ করোনার কারণে স্বেচ্ছা ঘরবন্দি। বন্ধু-বান্ধব এবং নেতাকর্মী ও সহকর্মীদের ছাড়া যারা সকালের নাস্তা করতেন না; তারাও করোনায় এত ঘরে থেকে সময় কাটান। ফোনে সবার সঙ্গে যোগাযোগ রক্ষা করেন। এই যখন অবস্থা তখন এক শ্রেণির মানুষ করোনার ঝঁকির মধ্যেই প্রতিদিন রাস্তায় নামছেন।
তারপরও পেশাগত কারণে প্রায়ই বাইরে বের হলে দেখা যায় রাস্তায়, কাঁচাবাজার, ত্রাণ বিতরণের লাইনে একই শ্রেণির মানুষ। কাঁচাবাজারে প্রতিদিন কেনাকাটা করছেন, ভিড় করছেন ওই শ্রেণির মানুষ।
তারা ছোট্টখাট পণ্য ক্রয়ের জন্যই দিনে একধিকবার বাজারে যাচ্ছেন লকডাউন ভেঙে। রাস্তায় রিকশায় ঘুরছেন, ভ্যান-অটো-সিএনজিতে এখান-সেখানে যাচ্ছেন ওই একই শ্রেণির মানুষ। একই মানুষ বিভিন্নভাবে রাস্তায় নামছেন, সামাজিক দূরত্ব ভেঙে জাতিকে করোনা ঝুঁকিতে ফেলে দিচ্ছেন।
শহরের বেশ কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানাগেছে, তারা মনে করছেন শপিংমল ও বিপনি বিতান খোলা হলে করোনার সামাজিক ট্রান্সমিশন ব্যপকভাবে বেড়ে যাবে। ক্রেতা-বিক্রেতা সামাজিক দূরত্ব রক্ষা যেমন দূরহ তেমনি একই কাপড় কয়েকজন ক্রেতা উল্টে পাল্টে দেখবেন। তাদের বক্তব্য বেঁচে থাকলে জীবনে অনেক ঈদ আসবে।
জীবনই যদি না থাকে তাহলে টাকা দিয়ে কি হবে। দোকান খুললে কোনোভাবেই ক্রেতাদের নিয়ে সামাজিক দূরত্ব রক্ষা করা সম্ভব হবে না। এতে দোকান মালিক, কর্মচারী, ক্রেতা সকলের মধ্যে সংক্রমন ছড়িয়ে পড়বে।
জেলার করোনা বিষয়ক ফোকাল পারসন ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, গার্মেন্টস শিল্পকে বাঁচাতে সরকার গার্মেন্টস খুলে দিয়েছেন। কিন্তু গার্মেন্টস খোলার আগেই বলে দিয়েছেন স্বাস্থ্যবিধি মানতে হবে। নইলে পরিস্থিতি আশংকাজনক হয়ে উঠবে। সবকিছু খুলে দেয়া হয়েছে এখনই প্রতিটি মানুষকে নিরাপত্তা ব্যবস্থায় জোর দিতে হবে। স্বাস্থ্যবিধি সঠিকভাবে না মানলে গার্মেন্টসে যাওয়া শ্রমিকদের মধ্যে করোনা ছড়াবে।
মার্কেটে দোকানদারদের মধ্যে ছড়াবে। বাজারে ক্রেতাদের মধ্যে ছড়াবে। কাজেই সকলকেই নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে। পরিস্থিতি পর্যবেক্ষন করা হচ্ছে। গার্মেন্টস খুলে দেয়া হয়েছে ২ মে। ২০ দিন পর এর রিফ্লেক্ট বোঝা যাবে। পাশাপাশি মার্কেটের বেলাতেও তাই। ১৪ দিনের মধ্যে এর প্রতিক্রিয়াটা জানাযাবে। ক্রেতারা মার্কেটে আসবে। দোকানদার জামা,কাপড় প্যাকেট খুলে ক্রেতার হাতে দিবেন। ক্রেতা উল্টে-পাল্টে দেখবেন।
পছন্দ না হলে ফেলে চলে যাবেন আরেক দোকানে। দোকানী আবার সে জামা ভাজ করে উঠিয়ে রাখবেন। কে জানে কার সাথে করোনা ভাইরাস আছে। কাজেই এই মূহুর্তে ব্যক্তি নিরাপত্তায় জোর দিতে হবে। মানুষ বাইরে আসতে শুরু করেছে। মার্কেটে আসবে। মসজিদে যাচ্ছে।
লোকজন স্বাস্থ্যবিধি মেনে বাইরে আসছে কিনা তা পর্যবেক্ষণে জোর দিতে হবে। কেননা নারায়ণগঞ্জের করোনা সংক্রমন পরিস্থিতি বাড়তির দিকে। স্বাস্থ্যবিধি পর্যবেক্ষণে জোর না দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।


