করোনা জয় করে আক্রান্তদের সেবায় ডা. মিনহাজ
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৯ মে ২০২০, ১০:৫৪ পিএম
নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালের (করোনা হাসপাতাল) মেডিসিন কনসালটেন্ট ডা. মিনহাজ দীর্ঘ ২৬ দিন চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হয়ে তিন দিনের মাথায় কাজে যোগ দিয়েছেন। শনিবার (৯ মে) তিনি হাসপাতালে দায়িত্ব পালন করেছেন এবং করোনা আক্রান্ত রোগীদের সেবা দিয়েছেন।
এর আগে ১০ এপ্রিল তিনি করোনা ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হন। পরে তিনি ৬ এপ্রিল করোনামুক্ত হন। করোনা থেকে মুক্ত হয়ে ৯ এপ্রিল তিনি নিজ কর্মস্থলে যো দেন ডা. মিনহাজ।
এ বিষয়ে ডা. মিনহাজ বলেন, আমি সুস্থ হয়ে আজই কাজে যোগ দিয়েছি। আমাকে এখানে ১০ দিনের দায়িত্ব দেওয়া হয়েছে। তারপর আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিধি অনুযায়ী ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবো। আমি গত ১০ এপ্রিল আক্রান্ত হবার পর বাড়িতেই আমার সিনিয়র ডাক্তারদের তত্ত্বাবধায়নে আইসোলেশনে ছিলাম এবং এখন সুস্থ।
তিনি বলেন, আমার প্রায় সবগুলো উপসর্গই ছিল। আমার মাথাব্যথা, শরীর ব্যথা, কাশি, শ্বাসকষ্ট, কখনো শীত কখনো গরম অনুভূত হওয়া, মৃদু গলাব্যথা ও জ্বর ছিল। আমি হাইড্রোক্সি ক্লোরোকুইনসহ উপসর্গগুলোর জন্য ঔষধ গ্রহণ করেছি। গরম পানির ভাপ নিয়েছি এবং গরম পানি, আদা চা খেয়েছি নিয়মিত। আমি আক্রান্ত হবার পর আমার ১১ বছরের মেয়েও আক্রান্ত হয়ে পড়ে। এখন সেও সুস্থ।
করোনাকে হার মানানো এই চিকিৎসক আরও বলেন, কাজে যোগ দিয়ে প্রথম দিনে রোগীদের দেখলাম। কাদের কী উপসর্গ সে অনুযায়ী সেবা দিলাম। কার কী ওষুধ নতুন প্রয়োজন, কী ওষুধ বাদ যাবে সেটি উপসর্গ দেখে নিশ্চিত করলাম। পজিটিভ রোগীদের ১৪ দিন হবার পর তাদের নতুন করে টেস্টের ব্যবস্থা করলাম। যারা পর পর দুবার নেগেটিভ এসেছে তাদের রিলিজের ব্যবস্থা করলাম। সব রোগীদের সঙ্গে কথা বললাম তাদের আশ্বস্ত করলাম।
করোনাকে ভয় নয়, একটু সচেতনতায় যে কেউ করোনা থেকে সহজেই মুক্তি পেতে পারেন বলেও জানিয়েছেন ডা. মিনহাজ। সকলকে সতর্কতা ও যথাযথ নিয়ম মেনে চিকিৎসা সেবা অব্যাহত রাখারও পরামর্শ দিয়েছেন তিনি।
এদিকে করোনাকে জয় করে করোনা রোগীদের সেবার ডাকে সাড়া দিয়ে কাজে যোগদান করায় তাকে অভিনন্দন জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ, জেলা করোনা প্রতিরোধ কমিটির প্রতিনিধি ডা. জাহিদুল ইসলাম, খানপুর ৩০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গৌতম রায় এবং ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ও আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. শামসুদ্দোহা সরকার সঞ্চয়।


