পুলিশের মনোবল বাড়াতে রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ থানায় এসপি জায়েদুল
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৯ মে ২০২০, ১০:৪২ পিএম
নারায়ণগঞ্জে দায়িত্ব পালন করতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত অর্ধশতাধিক পুলিশ সদস্য। এমন পরিস্থিতিতে পুলিশ সদস্যদের মনোবল বাড়াতে জন্য জেলার থানাগুলো পরির্দশন করছেন পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম।
শুক্রবার (৮ মে) সকালে রূপগঞ্জ থানা এবং শনিবার (৯ মে) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানা পরিদর্শন করেন তিনি। এই সময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তা ও ফোর্সরা।
এর আগে গত মঙ্গলবার ফতুল্লা থানা পরির্দশন করেন তিনি। পরিদর্শনকালে সামাজিক দূরত্ব বজায় রেখে থানার পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এসপি জায়েদুল আলম।
এ সময় এসপি জায়েদুল আলম সকলের উদ্দেশ্যে বলেন, ‘করোনারকে জয় করতে হলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে হবে। তার জন্য চাই দৃঢ় মনোবল। আমাদের ভেঙ্গে পড়লে চলবে না। ভয়কে জয় করতে হবে।’
সকলকে মনোবল বৃদ্ধি, করোনাকালে করণীয় বিষয়ে এবং আগামী ঈদুল ফিতরের আগে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ থানা পুলিশের নানামুখী কল্যাণ সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন ও বিভিন্ন দিক নির্দেশনা দেন তিনি।


