না’গঞ্জে আরো ৩৩ জন করোনা আক্রান্ত, ১ জনের মৃত্যু
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৯ মে ২০২০, ০৬:২০ পিএম
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে গত ২৪ ঘন্টায় নতুন আরো ৩৩ জন কোভিড-১৯ এ আক্রান্ত সনাক্ত এবং মৃত্যুর মিছিলে একজন যুক্ত হয়েছেন নারায়ণগঞ্জে। এর আগের দিন আক্রান্ত হয়েছিলেন ৬ জন এবং পূর্ববর্তী ৪৮ ঘন্টায় কোন মৃত্যুর ঘটনা ছিলনা।
নতুন সনাক্ত ৩৩ জনের মধ্যে ১৪ জন সিটি করপোরেশন এলাকার, ১৮ জন নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানা এলঅকার এবং ১ জন রুপগঞ্জ উপজেলা এলাকার বাসিন্দা। গতকাল যিনি মারা গেছেন তিনি ফতুল্লা থানা এলাকার বাসিন্দা। শনিবার সকাল পর্যন্ত নারায়ণগঞ্জ জেলায় কোভিড-১৯-এ আক্রান্ত মানুষের সংখ্যা পৌঁছেছে ১১৯৫ জনে আর মৃতের সংখ্যা ৫৩ জনে।
এদিকে আইইডিসিআর এর সর্বশেষ তথ্য অনুযায়ী জেলায় আক্রান্ত মানুষের সংখ্যা ১১৭৭ জন। তবে আইইডিসিআর মৃত্যুর কোন তথ্য দেয়নি।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ১১৯৫ জন আক্রান্তের মধ্যে ৬৫৭ জন এবং মারা যাওয়াদের মধ্যে ৩৭ জন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানা এলাকায় আক্রান্ত ৪১২ জন। এরমধ্যে মারা গেছেন ১২ জন।
সোনারগাঁ উপজেলায় আক্রান্ত ৪৬ জনের মধ্যে মারাগেছেন ২ জন, আড়াইহাজার উপজেলার আক্রান্ত ৩৩ জনের মধ্যে কেউ মারা যাননি, বন্দর উপজেলায় আক্রান্ত ২৭ জনের মধ্যে মারা গেছেন ১ জন এবং রুপগঞ্জ উপজেলা এলাকায় আক্রান্ত ২০ জনের মধ্যে মারাগেছেন ১ জন। জেলায় আজ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৯৯ জন।
নারায়ণগঞ্জ থেকে এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ৪১২১ জনের। তবে এরমধ্যে কতগুলো নমুনা পরীক্ষা করা হয়েছে তার সঠিক হিসাব পাওয়া যায়নি জেলা স্বাস্থ্য বিভাগের কাছে।
এদিকে গত ২৯ এপ্রিল জেলার রুপগঞ্জে গাজী কোভিড-১৯ পিসিআর ল্যাব উদ্বোধনের পর সেখানে নমুনা সংগ্রহ ও পরীক্ষা শুরু হয়েছে। সেখানে প্রতিদিন ২০০টির বেশী নমুনা পরীক্ষা করা হচ্ছে। পল্লী বিদ্যুৎ এর লোড সেডিং না থাকলে সেখানে আরো বেশী সংখ্যক নমুনা পরীক্ষা সম্ভব বলে ল্যাবটির কর্তৃপক্ষ গতকাল জানিয়েছে।
নারায়ণগঞ্জ তিনশ’ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে নমুনা পরীক্ষায় পিসিআর ল্যাব স্থাপন করা হয়েছে। সেটি গত ৬ মে উদ্বোধন করা হয়েছে। সেখানেও নমুনা সংগ্রহ ও পরীক্ষা শুরু হয়েছে। তবে এখানে নমুনা পরীক্ষার সক্ষমতা অনুযায়ী কম করার অভিযোগ রয়েছে।
প্রতিদিন ল্যাবটিতে ২৭০টি নমুনা পরীক্ষার সক্ষমতা থাকলেও গতকাল পর্যন্ত ৯০টি করে নমুন পরীক্ষা করার তথ্য পাওয়া গেছে। তারা কেন পুরো সক্ষমতা কাজে লাগাচ্ছে না তার কোন জবাব পাওয়া যায়নি। এই সরকারী হাসপাতালটি কোভিড-১৯ রোগিদের চিকিৎসার জন্য আগেই নির্ধারন করা হয়েছে।
এছাড়াও সিদ্ধিরগঞ্জে সাজেদা ফাউন্ডেশন হাসপাতালটিতে কোভিড-১৯ রোগিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। সেখানে ৪ টি আইসিইউ শয্যাসহ ৩০টি শয্যায় চিকিৎসা চলছে। হাসপাতালটি থেকে চিকিৎসা নিয়ে শুক্রবার সকাল পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৭ জন।


